Movie Time With Yami – 39

1245139452_1366x768_cute-pom-poko-wallpaper-for-computer

Name: Pom Poko / Heisei Tanuki Gassen Ponpoko
Duration: 1 hr. 51 min.
MAL Score: 7.45
Ranked: 1705
Genre: Kids

 

নাট্যকার মুনীর চৌধুরী তার রক্তাক্ত প্রান্তর নাটকে একটা কথা বলেছিলেন, “মানুষ মরে গেলে পঁচে যায়, বেঁচে থাকলে বদলায়।” কিন্তু এই বদলের প্রভাবে আমাদের আশেপাশের পরিবেশের কি অবস্থা হয়, তা কি আমরা কখনো ভেবে দেখি??

বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে মানব সমাজ সব সময়ই নিজেদের ও আশেপাশের পরিবেশকে পরিবর্তন করেছে। জাপান এর টোকিও শহরও এর ব্যাতিক্রম নয়। নগরায়ন প্রকল্পের অংশ হিসেবে পাহাড় কেটে রাস্তা বানানো হচ্ছে,,বনভূমি কেটে তৈরি হচ্ছে আবাদি জমি।

কিন্তু এতে অসুবিধায় পড়ছে বনে বসবাসরত জন্তু জানোয়ার। তাদের বাসস্থল ধ্বংস হচ্ছে, তাদের খাবার কমে যাচ্ছে। এরকম সংকটময় অবস্থা দেখে বনের একদল তানুকি ঠিক করল, তারা এই নগরায়ন প্রকল্প যে করেই হোক, বাধাগ্রস্ত করবে। তানুকিদের কাছে আছে এক বিশেষ ক্ষমতা, তারা নিজেদের শরীরকে যেকোন কিছুতে পরিণত করতে পারে। তারা এই ক্ষমতা ব্যাবহার করে শুরু করল মানুষের কাজে বাধা সৃষ্টি করা।

মুভিটিতে পরিবেশের ক্ষতি করার কুফল সম্পর্কিত একটি পরিস্কার বার্তা রয়েছে, তবে আমার মনে হয়েছে, আরেকটি খুব জরুরী বার্তা মুভিটিতে দেয়া হয়েছ, তা হল পৃথিবীতে কালের বিবর্তন এর সাথে পরিবর্তন আসবেই। সেই পরিবর্তনের সাথে যে যত তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নিতে পারবে, ততই তার মঙ্গল হবে। বৃদ্ধ তানুকিরা এখানে বৃদ্ধ মানুষদের একটি রূপ, যারা পুরনো সংস্কৃতিকে আকড়ে ধরে রাখতে চায়, কিন্তু কালের কবলে তারাও একসময় পরিবর্তন মেনে নিতে বাধ্য হয়।

ডিরেক্টর হিসেবে তাকাহাতা ইসাও এর নাম সকল মুভিপ্রেমীদের কাছে অত্যন্ত সুপরিচিত, তার চমৎকার পরিচালনায় মুভিটি হয়ে উঠেছে অসাধারণ। তানুকিদের হাসিখুশি দুস্টুমি, নাচগানের মধ্য দিয়ে উপভোগ্যভাবে একটি খুব গভীর বার্তা প্রকাশ করা হয়েছে, যা মুভি শেষে সকলকেই ভাবিয়ে তুলবে। মুভিটির নামের সাথে কিয়োটো অ্যানিমেশন এবং স্টুডিও জিবলীর মত ভারী দুটি নাম রয়েছে, কাজেই আর্ট এবং গ্রাফিক্স বা সাউন্ডট্রাক নিয়ে সন্দেহ থাকার কোন অবকাশ নেই।

তাই হাতে তেমন কোন কাজ না থাকলে দেখে ফেলতে পারেন এই চমৎকার মুভিটি।

Movie Download Link-

http://kissanime.com/Anime/Pom-Poko

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 38

 

1506506_10203247773253266_4613564189862961983_n

Name: Night of Taneyamagahara / Taneyamagahara no Yoru
Duration: 27 minutes
MAl Score: 5.93
Ranked: 6769
Genres: Psychological

স্টুডিও জিবলীর যেকোন মুভি দেখতে গেলে সাধারণত অন্য মুভিগুলোর সাথে কিছুটা মিল খুঁজে পাওয়া যায়, বোধহয় একমাত্র ব্যতিক্রম ছোট্ট এই মুভিটি। এবং শুধু স্টুডিও জিবলীই নয়, অন্য যেকোন অ্যানিমে মুভির চেয়ে এটি একেবারেই আলাদা।

মুভিটিতে কাহিনী বর্ণনা করা হয়েছে স্থির চিত্রের মাধ্যমে। একটি ফসলী জমির পাশে রাতের বেলা গাছের নিচে সারাদিনের পরিশ্রম শেষে বিশ্রাম নিচ্ছে চারজন কৃষক। আকাশে তারা ঝকমক করছে, এর মাঝে আগুন পোহাতে পোহাতে তাদের মাঝে কথোপকথন চলছে বিভিন্ন বিষয়ে। কখনো ঝড়ের আগমনের শঙ্কা, তো কখনো ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা। এভাবে আলোচনা চলতে থাকে কৃষকদের মাঝে। একজন হয়ত ঘুমিয়ে পড়ে। আলোচনা বাস্তবতা থেকে চলে যায় কল্পনার জগতে।

মুভিটির স্বকীয়তা হল, পরপর অনেকগুলো স্থিরচিত্রের মাধ্যমে দৃশ্যটিকে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যে কাহিনীর মাঝে দর্শককে কখন যে টেনে নিয়ে যায়, টেরই পাওয়া যায়না। মাত্র একজন ভয়েস অ্যাক্টর পুরো মুভিতে কথোপকথন এবং বর্ণনার কাজটা নিখুঁতভাবে সম্পন্ন করেছেন। চিত্রগুলো খুবই সুন্দর, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। সেইসাথে চমৎকার ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ গাঢ় একটা আবহ তৈরি করে।

মুভিটি মিয়াজাওয়া কেনজির গল্প অবলম্বনে তৈরি, রেটিং বেশ নিচের দিকে হলেও আমি বলব, অল্প সময়ের এ মুভিটি সকলেরই দেখা উচিৎ; বিশেষ করে মুভি শেষে যে গানটি প্লে হয়, এককথায় অসাধারন!!

তাই, যদি সময় থাকে তো এখনি দেখে ফেলুন ভিন্নধর্মী এই মুভিটি, আর জীবন সম্পর্কে নতুন করে আরেকবার ভাবুন!

Movie Download Link-

http://kissanime.com/Anime/Night-of-Taneyamagahara

 

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

 

 

Movie Time With Yami – 37

tAG_25187

Name: Neko no Ongaeshi / The Cat Returns
Duration: 1 hr. 15 min.
MAL Score: 8.01
Ranked: 507
Genres: Adventure, Fantasy, Drama
 
গতকাল মাই অ্যানিমে লিষ্ট হঠাৎ করে মাই কিটি লিষ্ট হয়ে যাওয়ার পর মনে পড়ল, বিড়ালপ্রেমীদের জন্যও ষ্টুডিও জিবলী একটা চমৎকার মুভি বানিয়েছে। আজ বলছি সেই মুভিটির কথা।
 
হারু একজন হাইস্কুল পড়ুয়া কিশোরী। আর দশটা সাধারণ মেয়ের মতই তার জীবন। ভবিষ্যত বা জীবনের লক্ষ্যের মত জটিল বিষয় নিয়ে হারু মোটেই বিচলিত নয়। প্রতিটি দিন সাধারণভাবেই পার করে সে।
 
একদিন সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় হারু হঠাৎ দেখতে পায়, একটি অদ্ভুত বিড়াল রাস্তা পার হচ্ছে। একটি অবশ্যম্ভাবী দুর্ঘটনার সম্ভাবনা আঁচ করতে পেরে হারু দৌড়ে গিয়ে বিড়ালটিকে বাঁচায়। কিন্তু এরপর? এরপর ঘটে এক আজব ঘটনা। হারু নিজেকে আবিষ্কার করে বিড়াল সাম্রাজ্যে বন্দী হিসেবে! কিভাবে পৌছল সে এই বিড়াল সাম্রাজ্যে? আর কিভাবেই বা সে এখান থেকে উদ্ধার পেয়ে বাড়িতে ফিরবে?!
 
এ মুভিটিকে বলা যেতে পারে ষ্টুডিও জিবলীর আরেকটি বিখ্যাত মুভি “হুইসপার অফ দ্য হার্ট” এর একটি লুজ স্পিনঅফ, কারণ এতে উল্লেখিত মুভিটির দুটি চরিত্র উপস্থিত রয়েছে (দুটিই বিড়াল চরিত্র)। এছাড়া এদের মাঝে আর কোন সম্পর্ক নেই। এই মুভিটি লেখক হিরাগি আওই এর লেখা “দ্য ক্যাট ব্যারন” গল্পটি অবলম্বনে তৈরি।
 
মুভিটির গল্পটি বেশ মজার, এর অন্যতম বৈশিষ্ট্য হল এতে হারু বাদে বাকি সব চরিত্রই বিড়াল! মুভিটিকে বলা যেতে পারে বিড়ালপ্রেমীদের স্বর্গ! বিভিন্ন ধরণের বিড়াল দেখে হাসি আসতে বাধ্য! কিন্তু মুভিটির গল্প বেশ গোছানো, ধারাবাহিক গতিতে এগিয়ে যায় এবং এন্ডিংটাও চমৎকার!
 
তাই হাতে তেমন কোন কাজ না থাকলে দেখে ফেলতে পারেন এই চমৎকার মুভিটি।
 
Movie Download Link-
 
 
Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

তামাকোর মোচিসমৃদ্ধ পৃথিবী; তামাকো মার্কেট রিভিউ – লিখেছেন ইশমাম আনিকা

Tamako_Market

“কি করব, যখন হঠাৎ করে মনে হচ্ছে, আনিমু দেখে আরাম পাইতেসি না, ধাড়ুম ধুড়ুমের ঠেলায় মাথা ধরে গেল?”

দ্য আন্সার ইজ কিওঅ্যানি!!

দেখে ফেললাম কিয়োটো অ্যানিমেশনের আরেকটি চমৎকার কাজ “তামাকো মার্কেট”। মোচি প্রস্তুতকারী পরিবারের মেয়ে তামাকো। তার বাড়ি বানি মাউন্টেন শপিং ডিস্ট্রিক্ট এ, তাদের পারিবারিক মোচিশপের পেছনে। তামাকো ভালবাসে তার পরিবারকে, তাদের দোকানকে, তাদের এই শপিং ডিস্ট্রিক্টকে; আর সবচেয়ে বেশি ভালবাসে মোচি তৈরি করতে।

১২ পর্বের এ সিরিজটিতে পুরোটা সময়ই তামাকো এবং তার আশেপাশের মানুষদের প্রাণবন্ত দৈনন্দিন জীবনের উজ্জ্বল চিত্র তুলে ধরা হয়। হঠাৎ একদিন হাজির হওয়া রাজকীয় মোরগসদৃশ কথাবলা পাখি দেরা, দেরার হাস্যকর কাজকর্ম, তামাকোর বিভিন্ন উৎসব উপলক্ষে নতুন ধরণের মোচি তৈরির আইডিয়া, প্রতিবেশী বাল্যবন্ধু মোচিজৌর সাথে প্রতি রাতে কাগজের কাপ ফোনে কথা বলা, সেইসাথে তার বন্ধু এবং পরিবারের সাথে যে সুন্দর সম্পর্ক; সবমিলিয়ে যে কাউকে ভাবতে বাধ্য করবে, আমার জীবনটাও যদি তামাকোর মত হত!

অ্যানিমেটিতে বেশ কিছু মনকে ছুঁয়ে যাওয়া মূহুর্ত আছে, আবার মুড হালকা করে দেয়ার অনেক এলিমেন্ট আছে! কিওঅ্যানির আর্ট নিয়ে নতুন কিছু বলার নেই, প্রতিটা চরিত্রই পছন্দ করার মত। ওএসটি খুব চমৎকার, ওপেনিং এবং এন্ডিং সং- দুটোই মনে ছাপ ফেলে দেয়ার মত; আমার বেশি পছন্দ এন্ডিং সংটা।

সবমিলিয়ে বেশ রিফ্রেশিং একটা অ্যানিমে ছিল তামাকো মার্কেট, হালকা কোন অ্যানিমে দেখতে চাইলে তামাকোর সাথে ঘুরে আসতে পারেন বানি মাউন্টেন শপিং ডিস্ট্রিক্ট এ।

sam_1494scaled

 

Movie Time With Yami – 36

226651

Name: K-On! Movie
Duration: 1 hr. 50 min.
MAL Score: 8.39
Ranked: 161
Genres: Comedy, Music, Slice of Life

সাকুরাগাওকা হাইস্কুলে তৃতীয় বর্ষে পড়ুয়া চার বান্ধবী ইউয়ি, রিতসু, মুগি এবং মিও। তারা একই মিউজিক ক্লাবের সদস্য, তাদের সাথে এই ক্লাবে পাঁচ নম্বর একজন সদস্য আছে, যার নাম আজুসা। আজুসা দ্বিতীয় বর্ষের ছাত্রী।

ক্লাবের তৃতীয় বর্ষের সদস্যদের গ্রাজুয়েশন ডে ঘনিয়ে আসছে। তাই তারা সবাই মিলে ঠিক করে যে তারা একটি সুন্দর স্মৃতি তৈরি করার জন্যে গ্রাজুয়েশন ট্রিপ এ যাবে। বিভিন্ন মজার মজার পদ্ধতি অবলম্বনের পর তারা ঠিক করে, এ ট্রিপটির জন্য তারা লন্ডনে যাবে। লাইট মিউজিক ক্লাবের সদস্যদের লন্ডন ভ্রমণের আগে পরের বিভিন্ন মজার ঘটনা নিয়ে কাহিনী এগিয়ে যেতে থাকে।

কখনো কোন অ্যানিমে দেখে নষ্টালজিয়াতে ভুগেছেন? বা কোন অ্যানিমে দেখে মনে হয়েছে, এই অ্যানিমেটাতে আসলে আছেটা কি, ভাল লাগছে আসলে কেন? কেঅন ঠিক সেরকম একটা অ্যানিমে। পাঁচজন হাইস্কুল পড়ুয়া মেয়ের বন্ধুত্ব, তাদের দৈনন্দিন জীবন এবং মজার মজার কাজকর্ম যে কারও মনকে ভাল করে দিতে পারে। কিয়োটো অ্যানিমেশনের আর্ট আমার খুব বেশি পছন্দ, কাজেই কেঅনের আর্টওয়ার্ক আমার কাছে অতিরিক্ত ভাল লেগেছে। যেহেতু জনরাতে মিউজিক ট্যাগটা আছে, কাজেই এতে বেশ কিছু গান অবশ্যই থাকবে, সবকয়টা গানই চমৎকার, এর মাঝে “টেনশি নি ফুয়েতে ও” গানটি আমার অসম্ভব সুন্দর লেগেছে। কাহিনীর গতি কিছুটা ধীর, তবে তা বরং উপভোগের ক্ষেত্রে সহায়ক।

এ মুভিটি যদিও কেঅন নামের অ্যানিমেটির সিক্যুয়াল, কেউ যদি মুভিটি আগে দেখতে চান, তার কোনই অসুবিধা হবে না।

তাই, হাতে তেমন কোন কাজ না থাকলে দেখে ফেলতে পারেন আমার অত্যন্ত পছন্দের এ চমৎকার মুভিটি।

Movie Download Link-
http://kissanime.com/Anime/K-On-Movie

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 35

millennium

Name: Millennium Actress / Sennen Joyuu Chiyoko
Duration: 1 hr. 27 min.
MAL Score: 8.35
Ranked: 187
Genres: Action, Adventure, Drama, Fantasy, Historical, Romance

সাতোশি কন সম্পর্কে যারা জানেন, তারা কন এর কোন মুভি দেখার সময় জানেন কি ধরণের প্লট আশা করতে হয়। এই মুভিটিও তার ব্যতিক্রম নয়। ঘোর লাগানো কল্পনা এবং বাস্তবতার মিশেলে একজন অভিনেত্রীর সফলতার গল্প, ভালবাসার গল্প খুব চমৎকারভাবে তারই অভিনীত বিভিন্ন মুভির দৃশ্যায়নের চিত্রের মাঝ দিয়ে অত্যন্ত দক্ষতার সাথে ফুটিয়ে তোলা হয়েছে।

গল্পটি শুরু হয় একজন ফিল্মমেকারের তার ক্যামেরাম্যানকে নিয়ে একজন জনপ্রিয় প্রাক্তন অভিনেত্রীর বাড়িতে তার ইন্টারভিউ নিতে যাওয়ার মাধ্যমে। তারা যে স্টুডিওতে কাজ করে, এই অভিনেত্রী সেই স্টুডিওতে অনেক বছর যাবৎ সেরা অভিনেত্রী হিসেবে কাজ করেছেন। বৃদ্ধা, কিন্তু এখনও লাবণ্য ধরে রাখা অভিনেত্রী চিয়োকো বলতে থাকেন তার অভিনেত্রী হয়ে ওঠার গল্প। কাহিনী চলতে থাকে চিয়োকোর স্মৃতিচারণের গল্পের সাথে সাথে।

এই গল্পটির বর্ণনাশৈলী একেবারেই অন্যরকম, সচরাচর এ ধরণের বর্ণনাশৈলী পাওয়াই যায়না। গল্পটির প্রায় পুরোটাই চলে ফ্লাশব্যাকে, এবং তা দেখানো হয় চিয়োকোর বিভিন্ন বিখ্যাত মুভির শুটিং এর দৃশ্য দেখানোর মাধ্যমে। গল্পটি আমাদের কখনো নিয়ে যায় ফিউডাল জাপানে, কখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তো কখনো কল্পনার ভবিষ্যতে, যেখানে স্পেসশিপে করে মানুষ পাড়ি জমাচ্ছে মহাকাশে। ফিল্মমেকার এবং ক্যামেরাম্যান যে কখন এই ফ্ল্যাশব্যাকের অংশ হয়ে যান, টেরও পাওয়া যায়না। কোনটা মুভির অংশ এবং কোনটা বাস্তবতা, তা নিজের অজান্তেই অদৃশ্য হয়ে যায় একসময়।

মুভিটির আর্টওয়ার্ক পুরোনো, কিন্তু চমৎকার। একেকটি দৃশ্য একেকভাবে তৈরি করা হয়েছে, যা কাহিনীর সাথে একেবারে একাত্ম হয়ে মিশে যায়। ব্যাকগ্রাউন্ড মিউজিকের মানানসই ব্যবহার একে দিয়েছে অনন্যতা। আর সেইসাথে বর্ণনাশৈলী একে পরিণত করেছে মাস্টারপিসে।

তাই, হাতে তেমন কোন কাজ না থাকলে এই উইকএন্ডেই দেখে নিতে পারেন চমৎকার এই মুভিটি।

Movie Download Link-
http://kissanime.com/Anime/Millennium-Actress

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 34

FlandersNoInu

Name: Flanders no Inu / The Dog of Flanders
Duration: 1 hr. 42 min.
MAL Score: 8.17
Ranked: 330
Genres: Adventure, Drama

প্রাচীন জাপানের একটি চার্চের একজন সিষ্টার চার্চের কয়েকটা বাচ্চাকে একটি জাদুঘর দেখাতে নিয়ে আসেন। সেখানে রয়েছে বিখ্যাত চিত্রশিল্পী রুবেনের আঁকা একটি অত্যন্ত চমৎকার পোর্ট্রেট। বাচ্চারা পোর্ট্রেটটি দেখে সিষ্টারের সাথে শিল্পী রুবেনের ব্যাপারে কথা বলে। তখন তার মনে পড়ে যায় এক শিল্পীর কথা, রুবেনের চিত্রকর্ম দেখে যে অনুপ্রেরণা পেত, স্বপ্ন দেখত ঠিক রুবেনের মত একজন শিল্পী হওয়ার। খুব গরিব এবং অভাবী অবস্থায় থাকার পরেও যে ছবি আঁকা চালিয়ে যেত। মুভিটির গল্প চলতে থাকে সিস্টারের কল্পনা অনুসরণ করে।

মুভিটি বেশ পুরোনো, এটি একই নামের একটি গল্পের বইয়ের কাহিনী অনুসরণ করে তৈরি। এবং মুভিটি তৈরি হওয়ার আগে ঐ একই বই অবলম্বনে যথাক্রমে ৫২ এবং ২৬ পর্বের দুটো অ্যানিমে সিরিজও তৈরি হয়েছিল। তারপরেও পৌনে দুই ঘন্টার এ মুভিটি আমার দেখা অন্যতম সেরা মুভিগুলোর মাঝে একটি। কাহিনীটা সম্পূর্ণ বাস্তবধর্মী, একটুও অবাস্তবতার ছাপ নেই, রূঢ় বাস্তবতাকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এককথায় অসাধারণ, প্রতিটি চরিত্রের সাথে দর্শক খুব সহজেই একাত্ম হয়ে যেতে পারেন। আর্ট স্টাইলটা কাহিনীর সাথে মানানসই, ওএসটি অসাধারণ বললেও কম বলা হবে, প্রতিটা দৃশ্যের আবেগকে খুব সুন্দরভাবে বের করে এনেছে। আর এর এন্ডিং আমার দেখা অন্যতম সেরা এন্ডিংগুলোর মাঝে একটি, মুভি শেষ করার পরেও অনেকক্ষণ বিশ্বাস করতে পারিনি।

তাই, আমার মতে, এই অসাধারণ বাস্তবধর্মী এবং হৃদয়স্পর্শী মুভিটি সবারই দেখা উচিৎ, তাহলে একবারের জন্যে হলেও অন্তত মনে পড়বে আমরা কতটা ভাল অবস্থানে আছি।

Movie Download Link-
http://kissanime.com/Anime/Flanders-no-Inu-Movie-Sub

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 33

tokyo-godfathers

Name: Tokyo Godfathers
Duration: 1 hr. 32 min.
MAL Score: 8.33
Ranked: 199
Genres: Comedy, Drama

আচ্ছা, “গডফাদার” শব্দটা শুনলে চোখের সামনে ঠিক কোন ছবিটা ভেসে ওঠে? মনে হয়না, যে নিশ্চয়ই কোন মাফিয়া বা আন্ডারওয়ার্ল্ড এর গ্যাং লিডার টাইপের কেউ হবে!! মুভিটার নাম দেখে আমিও তাই মনে করেছিলাম। কিন্তু গডফাদারের তো আরেকটা খুব সুন্দর অর্থ আছে! আর এই মুভিটি সেই অর্থটিই অনুসরণ করে।

ক্রিসমাস ইভে টোকিও শহরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে তিন ভবঘুরে। তাদের একজন গৃহহারা, একজন ক্রস ড্রেসার এবং আরেকজন ঘর পালানো বালিকা। এভাবে ঘুরতে ঘুরতে এবং আবর্জনার মাঝে ব্যবহারযোগ্য জিনিসের খোঁজ করতে করতে তারা হঠাৎ করে একটি ছোট্ট নবজাত শিশু খুঁজে পায়।

শিশুটিকে পেয়ে তিনজনই সংশয়ে পড়ে যায়। তারা নিজেরাই বাস্তুহারা, থাকার জায়গার কোন ঠিক নেই, সেখানে শিশুটিকে নিয়ে কি করবে তারা? একজন চাইল তাকে পুলিশের কাছে দিয়ে দিতে। কিন্তু আরেকজন পুলিশের নাম শুনলেই রেগেমেগে ওঠে। উপায়ন্তর না দেখে সিদ্ধান্তে পৌছানোর আগে তারা শিশুটিকে নিজেদের কাছে রেখে দেয়। শুরু হয় শিশুটিকে নিয়ে এই তিন ভবঘুরের দুর্দান্ত অভিযান।

মুভিটির পরিচালক সাতোশি কন, যিনি সাধারণ একটি প্লটকেও অসাধারণ করে তোলার ক্ষমতা রাখেন। টোকিও গডফাদারও তার ব্যতিক্রম নয়। পুরনো ধাঁচের আর্টওয়ার্কের এই মুভিটির কাহিনী বেশ দ্রুতগতিতে এগিয়ে যায়, প্রতিটি দৃশ্যই দর্শকের জন্য কোন না কোন চমক তৈরি করে রেখেছে। একই সাথে মজাও লাগে, আবার কষ্টের অনুভূতিও হয় মুভিটা দেখার সময়। আর মানানসই ব্যাকগ্রাউন্ড মিউজিক কাহিনীটাকে আরও উপভোগ্য করে তোলে।

তাই, সময় করে এখনই দেখে ফেলুন না এই চমৎকার মুভিটি!

Movie Download Link-
http://kissanime.com/Anime/Tokyo-Godfathers

 

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 32

The-Secret-World-of-Arrietty-image-6-e1337491809962

Name: The Secret World of Arrietty / Karigurashi no Arrietty
Duration: 1 hr. 34 min.
MAL Score: 8.16
Ranked: 337
Genre: Fantasy

আমাদের পরিচিত পৃথিবীটাকে অনেক সময়ই হয়ত আমাদের কাছে একঘেয়ে লাগে। কিন্তু যদি এই পৃথিবীটাকেই একটু অন্যভাবে দেখা যায়; ধরুন, আকৃতিতে খুব ছোট্ট কোন মানুষের চোখে, তাহলে কেমন হয়? তখন নিশ্চয়ই অনেক সুক্ষ্ম ব্যাপার চোখে পড়বে, যা সবসময় আমাদের চোখ এড়িয়ে যায়। অভিজ্ঞতাটা মন্দ হবে না, তাইনা!

দুরারোগ্য হৃদরোগে আক্রান্ত “শো”কে ডাক্তার পরামর্শ দিয়েছেন সম্পূর্ণ বিশ্রাম করতে, সামান্যতম ক্লান্তি আসে এমন কোন কাজই তার করা চলবে না। শো র ব্যস্ত শহুরে পরিবার তাই তার উপযুক্ত বিশ্রামের ব্যবস্থা করতে তাকে পাঠিয়ে দেয় শহরের বাইরে নিরিবিলিতে অবস্থিত তার দাদীর বাড়িতে।

শো র দাদীর বাড়িটা বাগান দিয়ে ঘেরা, ছিমছাম, সুন্দর। একপাশে একটি সরু নালাও বয়ে যাচ্ছে। প্রথম দর্শনেই শো টের পায় বাড়িটিতে অচেনা কিছুর উপস্থিতি। বাগানের ছোট ছোট গাছগুলোর আড়ালে আকৃতিতে ছোট্ট একটি মেয়ের ছায়া চোখে পড়ে তার। কৌতুহলী হয়ে সে খোঁজ শুরু করে এ ব্যাপারে। এবং আবিষ্কার করে এক চমকপ্রদ ঘটনা।

মুভিটির কাহিনী আবর্তিত হয় প্রধাণত ছোট্ট আকৃতির মানুষের চোখে দেখা পৃথিবীকে ঘিরে, তাই অ্যানিমেশনে ছোট ছোট ডিটেইলের দিকে অনেক নজর দেয়া হয়েছে, চমৎকার গ্রাফিক্স এবং প্রতিটি দৃশ্যের মেকিং এ যত্নের ছাপ মুভিটিকে জিবলীর অন্যান্য মুভি থেকে আলাদা করেছে। কাহিনীটি গতানুগতিক যেকোন মুভির থেকে একেবারেই অন্যরকম, ধীরস্থির কিন্তু ধারাবাহিক, কোথাও ছন্দপতন নেই, দর্শককে সহজেই ভেতরে টেনে নিয়ে যায়। আর ওএসটি খুবই চমৎকার, এন্ডিং ট্র্যাকটা মনে রাখার মত।

তাই, খুব ব্যস্ততা না থাকলে দেড়ঘন্টা সময় বের করে এখনই দেখে ফেলুন এই মুভিটি, আর ঘুরে আসুন আরিয়েটির লুকোনো পৃথিবীতে!

Movie Download Link-
http://kissanime.com/Anime/The-Secret-World-of-Arrietty

Ending Song Link-
http://youtu.be/scUyXaWMyAk

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 31

okami-kodomo-no-ame-to-yuki_2012-3-3150x1772

Name- Ookami Kodomo no Ame to Yuki / Wolf Children Ame and Yuki
Duration- 1 hour 57 min.
MAL Score- 8.90
Ranked- 13
Genres- Fantasy, Slice of Life

আজ বলে বিশ্ব ভালবাসা দিবস! তাই, এই দিবস উপলক্ষে আজ সাজেস্ট করছি একটি ভালবাসায় পরিপূর্ণ হৃদয়স্পর্শী মুভি!

মানুষের জীবন বিভিন্ন স্তরে বিভক্ত। জন্ম, বাবা মায়ের সাহায্য নিয়ে বেড়ে ওঠা, তারুণ্য, নিজের পায়ে দাড়ানোর উপযোগী হয়ে ওঠা, বিয়ে, নিজের একটি নতুন পরিবার তৈরি করা, সেই পরিবারকে সামলানো, বেড়ে উঠতে সাহায্য- এবং এই চক্র চলতে থাকে। বলা হয়ে থাকে, পৃথিবীতে আনন্দ নিয়ে, পরিপূর্ণভাবে বেঁচে থাকার জন্য এসবই অত্যাবশ্যকীয়। কিন্তু সত্যিকারের আনন্দ আসলে কোথায় লুকিয়ে থাকে?

১৯ বছর বয়সী হানাও চেয়েছিল এরকম সুখী একটি জীবন। কলেজপড়ুয়া হানার সাথে পরিচয় হয় ওকামির, এরপর তাদের সম্পর্ক আরও গাঢ় হয়। তারা বিয়ে করে, তাদের দুটি ফুটফুটে সন্তানও হয়। সবই ঠিক ছিল, সমস্যা একটাই। ওকামি যে আসলে একজন নেকড়েমানব! এবং সে কারণে তাদের সন্তানরাও বাবার মত নেকড়ে এবং মানুষের সংমিশ্রণ।

একদিন এক আকস্মিক দুর্ঘটনায় হঠাৎ প্রাণ হারায় ওকামি। এবং হানার সুখের সংসারে নেমে আসে অনিশ্চয়তার ছায়া। কিভাবে এই অর্ধ-নেকড়ে বাচ্চাদুটোকে নিয়ে এই মানুষের পৃথিবীতে থাকবে হানা? তাদের ঠিকভাবে বড় করে তুলবেই বা কিভাবে?

আমি একটা কথা সবসময় বলি, ভালবাসার অনেক রকম রূপ আছে। কিন্তু তার মাঝে সবচেয়ে সুন্দর রূপটি হল মা এবং সন্তানের সম্পর্ক। নিঃস্বার্থভাবে নিজের কথা সামান্যতম চিন্তা না করে একজন মা তার সন্তানকে ভালবেসে যান। কিন্তু আমরা কি সবসময় মায়ের কষ্টটাকে উপলব্ধি করতে পারি? মাকে তার প্রাপ্য ভালবাসা, সম্মানটুকু দিতে পারি? এই মুভিটি দেখে অল্প সময়ের জন্য হলেও আশা করি দর্শকদের সবারই নিজের মায়ের কষ্টের কথা মনে পড়বে, আর সেইসাথে অন্যরকম সুন্দর একটি ভালবাসার উদাহরণ চোখে পড়বে।

মুভিটির আর্টওয়ার্ক চমৎকার, গল্পের ধারাবাহিকতা অল্প সময়ের মাঝেই দর্শককে ভেতরে টেনে নিয়ে যেতে বাধ্য। প্রতিটি চরিত্রকে যত্ন নিয়ে তৈরি করা হয়েছে, তাদের কথাবার্তা, ছোটখাট কাজকর্মই কখনো হাসায়, কখনো কাঁদায়। সেইসাথে আছে মানানসই ওএসটি, আবহ তৈরি করে দেয় খুব সহজেই।

তাই, বসে বসে হা হুতাশ না করে দুইঘন্টা সময় নিয়ে এখনই দেখে ফেলুন এই মুভিটি, আর যারা দেখেছেন, তারা আরেকবার রিওয়াচ দিন!

Movie Download Link-
http://kissanime.com/Anime/Ookami-Kodomo-no-Ame-to-Yuki

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!