২০১৪ তে হয়ে যাওয়া সবগুলো পোলের মধ্যে এনিমখোরের সবার মাঝে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে সম্ভবত এই পোলটি। শিগাতসু ওয়া কিমি নো উসোর মিয়াযোনো কাওরি নাকি গেক্কান শৌজো নোযাকি কুনের সাকুরা চিয়ো, এই নিয়ে বিপুল উত্তেজনা, ব্যাপক প্রচারণা আর প্রচুর ভোটের ছড়াছড়ি এর আগে আর কোন পোলে দেখা যায়নি। এ থেকেই বোঝা যায় এই দু’ জনের মাঝে অবশ্যই এমন কিছু আছে যা দর্শকদের মন জয় করেছে ব্যাপকভাবে।
মিয়াযোনো কাওরির মিষ্টি হাসি, স্বাধীনচেতা মনোভাব, সুরের প্রতি ভালবাসা আর জীবনদর্শন মন ছুঁয়ে যাবে যে কারোরই। কঠিন বাস্তবতার মাঝেও হাসতে ভুলে না যাওয়া এই কিশোরী তার অদম্য মানসের কারণেই এনিমখোরের সবার মনে বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছে বোঝাই যায়।
প্রথম স্থান একটুর জন্য হাতছাড়া হয়ে গেলেও কাওরির থেকে মোটেও পিছিয়ে নেই চিয়ো। নোযাকি কুনের প্রতি শর্তহীন ও অপরিসীম ভালবাসা থেকে বার বার নানা রকম হাস্যরসাত্মক ঘটনার শিকার হওয়া চিয়োর প্রতি এক মায়া জন্মাতে বাধ্য হয়েছে অনেকেরই। তাই, শুধু এ বছরের জন্যই নয়, অনেকের ক্ষেত্রে হয়ত সব সময়ের জন্যের পছন্দের চরিত্রের তালিকাতেও এদের নাম ঢুকে গিয়েছে।












