Movie Time With Yami – 50

[আজকের সাজেশনটিকে বলা যায় বাঁশের চেয়ে কঞ্চি বড় সাজেশন, তিনটি খুবই ছোট্ট ওএনএ সাজেশন থাকছে। আর এটা এই সেগমেন্টের ৫০ তম পর্ব, এতদিন ধরে আমার সাথে থেকে আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ!]

raintown1

Name: Rain Town
Duration: 10 minutes
Genre: Drama

বৃষ্টির শহর। এ এক এমন শহরের গল্প, যেটি সারাটা বেলা বৃষ্টি দিয়ে ঘেরা থাকে। বৃষ্টির এই প্রকোপের কারণে শহরের বেশিরভাগ বাসিন্দা একে ছেড়ে চলে গিয়েছে। পরিত্যক্ত এই শহরের বৃষ্টিভেজা পরিবেশের মাঝেই সুন্দরভাবে চিত্রায়িত হয় এক ছোট্ট বালিকা ও এক রোবটের বন্ধুত্বের গল্প। তারা এই মুভির দশ মিনিটের ব্যাপ্তির মাঝে দর্শককে উপহার দেয় তাদের সুন্দর সম্পর্কের একটি কোমল চিত্র, যেখানে ভালবাসা আছে, বৈষম্যও আছে, স্মৃতিকাতরতা আছে, আবার অতীতকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার নিষ্ঠুরতাও আছে। এই অসম বন্ধুত্বের গল্প যেন আমাদের নিজেদেরই জীবনের একটি অংশ। ওএনএ টির শেষটি যে কারও মন খারাপ করিয়ে দিতে পারে।

মাত্র ১০ মিনিটের একটি ওএনএ এটি, কিন্তু এর অ্যানিমেশন অত্যন্ত চমৎকার ও উজ্জ্বল; দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। পুরোটা সময় বৃষ্টি পড়তে থাকে এতে, এবং বৃষ্টির অ্যানিমেশন খুবই বাস্তবধর্মী ও সুক্ষ্ম। এই বৃষ্টির মাঝেই এতগুলো অনুভূতি দক্ষতার সাথে ফুটিয়ে তোলা হয়েছে; অনেক বড় বড় অ্যানিমেও যেটা মাঝেমধ্যে পাওয়া যায়না। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকে পিয়ানোর শব্দটিও বেশ ভাল লাগে শুনতে; বৃষ্টি পড়ার শব্দের সাথে মিশে অন্যরকম এক আবহ তৈরি করে এটি।

Link- https://youtu.be/RLAfM1RXwRs

out-of-sight-4900-1

Name: Out of Sight
Duration: 6 minutes
Genre: Drama

এক সুন্দর সকালে নিজের পোষা কুকুর কোকোকে নিয়ে শহরে হাটতে বের হয় এক ছোট্ট মেয়ে। হঠাৎ এক ছিনতাইকারী মেয়েটির কাঁধের ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়! কোকো সাথে সাথে তাড়া করে লোকটিকে। এবং এরপরেই শুরু হয়, মেয়েটির পৃথিবীটাকে নতুন করে চিনতে শেখার পালা!

এই ওএনএটির ব্যাপারে সর্বপ্রথম যে কথাটি বলব, আপনারা অবশ্যই এটিকে কমপক্ষে দুইবার দেখবেন। এই ওএনএটি এত বেশি সুন্দর, কমপক্ষে দুইবার না দেখলে এটা থেকে পরিপূর্ণ অনুভূতি পাওয়া সম্ভব নয়। অ্যানিমেশন অতিরিক্ত বেশি সুন্দর, নিমেষেই মন ভাল করে দেবে। এবং ওএনএর শেষে রয়েছে একটি সারপ্রাইজ, যা দর্শককে কিছুক্ষণের জন্য হলেও বাকরূদ্ধ করে দেবে।

Link- https://youtu.be/4qCbiCxBd2M

New Bitmap Image

Name: My Life
Duration: 4 minutes
Genre: Drama, Slice of Life

এটি একটি মেয়ের জীবনের গল্প, তার কৈশোরের আনন্দের দিনগুলোর গল্প, তারুণ্যের রঙিন দিনগুলোর গল্প, তার ভাললাগা-ভালবাসার গল্প, সাফল্য-ব্যর্থতার গল্প। চার মিনিটের এই অল্প সময়ের ফ্রেমে তার পুরো জীবনটি চিত্রায়িত হয়। ওএনএ টির আর্ট খুব সুন্দর, ব্যাকগ্রাউন্ড মিউজিকও মানানসই। জীবনের পথে একজন মানুষের পরিণত হয়ে ওঠা থেকে শুরু করে ছোট ছোট আনন্দ-বেদনার গল্প, পুরোটাই খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এতে। দেখতে দেখতে নিজের জীবনের সাথে কিছুটা সাদৃশ্য খুঁজে পাওয়াও অসম্ভব কিছু নয়।

Link- https://youtu.be/M88E8o8Q_UQ

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!