The Wind Rises রিভিউ — Rafiul Alam

“The wind is rising! . . . We must try to live!”
– Paul Valéry’s poem, “Le Cimetière marin”

আমি জিব্লির হাতে গোনা কয়েকটা মুভি দেখেছি। কালকে যখন এই মুভিটা শেষ করলাম, মনে হল, আরো আগে দেখা উচিত ছিল। হায়াও মিয়াজাকি সাহেব পরিচালিত সর্বশেষ সিনেমা এটি। যা মুলত অ্যারোনটিক্যাল ডিজাইনার জিরো হিরোকশির জীবন কাহিনী। যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় জাপানের জন্য যুদ্ধবিমান নকশা করেন। পর্দায় তুলে ধরা দৃষ্টিভঙ্গী, আর বাস্তবতার সাথে সাংঘর্ষিক বিষয়ের কারণে সিনেমাটি সমালোচিত, আমি সেই বিষয়ে তেমন কিছুই জানি না, তাই সেব্যাপারে কোন মন্তব্য করব না।

Synopsis : জাপানী বালক জিরো বিমান ভালবাসে। সে বিদেশী বিমানের ম্যাগাজিন ঘেটে বেড়ায় অসীম কৌতূহলে। ইতালিয়ান ইঞ্জিনিয়ার জিওভান্নি কাপ্রনি তার আদর্শ। অ্যারোনটিকাল ডিজাইনার হওয়ার স্বপ্ন এভাবেই সে তাড়া করতে থাকে।
বছর খানেক পরের দৃশ্য, বালক এখন যুবক। ভিড়ে ঠাসা ট্রেনের কামরা থেকে বেরিয়ে আসে জিরো। সবকিছু যখন স্থির ও শান্ত, তখনই ভুমিকম্প আঘাত হানে। ট্রেন দ্রুত থামানো হলে যাত্রীদের হুরোহুরি শুরু হয়ে যায়। এমন সময় এক মহিলার পা ভেঙে যায়। তাকে সাহায্য করতে গিয়ে জিরোর পরিচয় হয় নাওকো সাতমি নামের এক মেয়ের সাথে। সেবার নিজের নাম না বলেই বিদায় নেয় জিরো।
ধীরে ধীরে ভূমিকম্পের ক্ষতির রেশ কেটে যায়।শহর আবারো গড়তে শুরু হয়। বিমান ডিজাইনে মহা ব্যাস্ত হয়ে পড়ে জিরো, নিজের বোনের সাথেও দেখা করতে ভুলে যায় । কাজের প্রতি অত্যাধিক ভালবাসার কারণে জার্মানির সাথে সেই সময়ের জাপানের প্রযুক্তিগত পার্থক্য বুঝতে শুরু করে সে। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তার লক্ষ্য হয় নানান সীমাবদ্ধতার মাঝে দ্রুতগামী ধাতব বিমান নকশা করা।সিনেমার পরবর্তীতে জিরোর কাজ আর ব্যক্তিগত জীবনের সুন্দর সংমিশ্রণ তুলে ধরা হয়েছে। যদিও সমাপ্তি ঠিক যুতসই ছিল না।

Theme setup, Animation and Music : সিনেমার ঘটনায় ১৯২৩ এর কান্তো ভুমিকম্প থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপান স্থান পেয়েছে। তেমনিভাবে ৩০-৪০ দশকের জাপানী জীবনধারা ও সেই সময়ের সীমাবদ্ধতার বাস্তবিক চিত্রায়ন করা হয়েছে। প্রাকৃতিক দৃশ্যগুলোও চোখের আরাম ছিল। এক্ষেত্রে জিব্লির স্কিল সম্পর্কে ধারণা পাওয়া যায়। প্রতিটি দৃশ্য ডিটেইলড। দিগন্ত বিস্তৃত মাঠ, একটি চারাগাছের উপর বৃষ্টির দৃশ্য, রেললাইনের উপর একটি পাথর অথবা পাখির চোখে টোকিও শহর, এসব কিছুর পেছনেই এক ধরনের শৈল্পিকতা প্রকাশ পেয়েছে। আনিমেশন বরাবরের মতই রঙিন আর ফ্লুইড। টুডি, তবে জীবন্ত, জিব্লির প্রিয় একটি বৈশিষ্ট্য।মন ঠান্ডা করা ব্যাকগ্রাউন্ড মিউজিকও পারফেক্ট মনে হয়েছে। সর্বোপরি, মিয়াজাকি তার নামের প্রমাণ দিতে পেরেছেন।

Characters Setup : জিরো কাজের প্রতি একনিষ্ঠ, বিনয়ী। সবচেয়ে ভাল লেগেছে যখন সে তার ভালোবাসার কথা অকপটে স্বীকার করে নেয়। জিরোর প্রতি নাওকোর কমিটমেন্ট সিনেমার একটা সুন্দর দিক ছিল, শক্ত চরিত্রের প্রকাশ। জিরোর অভিমানী বোনের হঠাৎ হঠাৎ স্ক্রিনে আগমন জিরোর পরিবারের দিকে নজর না দেয়ার বিষয়টি তুলে ধরে। সাইড ক্যারেকটার গুলোর মাঝে সাপোর্টিভ হোঞ্জো এবং রাগী কিন্তু নরম মনের গুরুজন, কুরাকাওয়া উল্লেখ্য।

পরিশেষে কিছু ব্যক্তিগত মতামত দেই, আমি বাচ্চাকাল থেকে এভিয়েশনের প্রতি আগ্রহী। তাই সিনেমার সামগ্রিক গল্প খুব একটা বক্তব্যধর্মী না হলেও আমার কাছে বেশ ইন্সপায়ারিং লেগেছে। সেই সময়ের কাঠ আর ত্রিপলের তৈরি বিমান যুদ্ধ করার জন্য মোটেও উপযোগী ছিল না। জিরোর প্রাথমিক লক্ষ্য ছিল প্রায় ২৭০মাইল/ঘন্টা বেগে উড়তে পারে এমন যুদ্ধবিমান তৈরি করা। কিন্তু এত বেশি বেগে যে ড্র‍্যগ তৈরী হবে,তা নেয়ার সামর্থ তৎকালীন কাঠের এয়ারফ্রেমের ছিল না। তাই তাকে স্টিলের বডি বানাতে হবে। কিন্তু এক্ষেত্রে সমস্যা হল ওজন, তৎকালিন র‍্যডিকাল ইঞ্জিনের পক্ষে তখন পর্যাপ্ত থ্রাস্ট দিয়ে স্টিলের বডিকে ২৭০ মাইল/ঘন্টা স্পিডে নেয়া সম্ভব না। পরবর্তীতে সে অ্যালুমিনিয়াম এলয় ব্যাবহার করে সহনীয় উইং লোডিংয়ের বিমান বানাতে সক্ষম হয়। A6M ZERO বিমানটি লক্ষ্য করলে দেখতে পারবেন যে সেটি কনভেনশনাল এয়ারফ্রেমের বিমান, ঠিক প্রয়োজনীয় পরিমাণের ডাইহিড্রাল। কিন্তু ভাল করে তাকালে বুঝবেন যে এলোরনে পুশরড নেই। যার ফলে প্লেনের ড্র‍্যাগ অনেক কমাতে সক্ষম হয়েছেন জিরো। কয়েক বছরের সাধনার ফলস্বরূপ তার A6M5 ৩৪৫ মাইল /ঘন্টা রিচ করে। সর্বোপরি, জিরো হাল্কা ওজনের, ম্যানুভারেবল কিন্তু দ্রুতগতির বিমান বানাতে সীমিত সুবিধার মাঝেও কারিগরিকভাবে মহাসফল।যদিও অ্যালাইড ফোর্সের ইঞ্জিনিয়াররা যুদ্ধ শেষ হওয়ার আগেই তাকে টেক্কা দিতে সক্ষম হয়। কিন্তু জিরো হিরোকশির অর্জনকে খাটো করে দেখার কোন সুযোগ নেই। জানামতে মুভিটি “The wind has risen” উপন্যাসের অ্যাডাপ্টেশন। উপন্যাসটি পড়িনি, তাই মুভির সাথে বৈসাদৃশ্য নিয়ে আমার কোন ধারনা নেই। তবে শুনামতে, নাওকো চরিত্রটি উপন্যাসে অন্যভাবে ছিল। যাই হোক…..সকল বিতর্ককে একপাশে রেখে দিয়ে সিনেমাটি দেখতে বসে যান, আশা করি ২ ঘন্টার অপচয় হবে না।

Overall Rating :
MAL Rating : 8.3
IMDb Rating : 7.8
My Rating : 8.0

The Wind Rises

এনিমে সায়েন্স ২ – স্পাইস এন্ড উলফ ট্রেনি কাহিনী ২

গত পর্বে আমরা অর্থের অর্থ, অর্থ হিসেবে কি এবং কেন ব্যাবহার করি, কিভাবে এর মূল্য নির্ধারণ এবং কেনইবা করি এসম্পর্কে জানতে পেরেছিলাম। এছাড়াও জানতে পেরেছিলাম যে কেন এই সেগমেন্টের উৎপত্তি হয়েছে এবং এর নাম কেন এনিমে সায়েন্স রাখা হয়েছে।

as2

আর যা আমরা জানতে পারিনি অর্থাৎ যেখানে এসে বিনা মেঘে বজ্রপাতের মত হুট করে সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছিল তা হল,

এই গুজব ছড়িয়ে লাভটা কি?

এর উত্তরে আপনাদেরকে একদিনে বেশি ডোজ না নিয়ে যা পেয়েছেন তাই নিয়ে সন্তুষ্টচিত্তে জীবনধারণ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছিল।

কিন্তু অবশেষে অপেক্ষার পালা শেষ হয়েছে!

সময় হয়েছে আরও একটি নতুন ডোজ নেওয়ার!!

নতুন করে ডোজ দেওয়ার উদ্দেশ্যেই আমি পাভেল আহমেদ সকল সম্মানিত এনিমখোরের সামনে পুনরায় হাজির হয়েছি সেগমেন্টের ২য় পর্ব নিয়ে।

তাহলে শুরু করছি গত পর্বের সেই রহস্যঘেরা প্রশ্নটি দিয়ে যার উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি (অন্তত এই সেগমেন্টে!)।

তবে তার আগে

যারা যারা স্পাইস এন্ড উলফ এখনও দেখেনি তাদের জন্য স্পয়লারএলারট >>>>>

.

.

.

.

.

এখন প্রশ্ন হল যে ট্রেনি সিলভার কয়েনের পিউরিটি বৃদ্ধি পাচ্ছে এই গুজব ছড়িয়ে তাদের লাভটা কি?

যখন মানুষ জানতে পারবে যে ট্রেনি সিলভার কয়েন নতুন করে ছাড়া হচ্ছে সিলভারের পরিমান বৃদ্ধি করে তখন তারা বুঝতে পারবে যে তাদের কাছে থাকা ট্রেনি সিলভার কয়েনের মূল্য খুব শীঘ্রই নিচে নেমে যাবে। এ অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য তারা চেষ্টা করবে যত দ্রুত সম্ভব তাদের কাছে থাকা ট্রেনি কয়েন বিক্রি করে দেওয়ার যাতে করে তারা আসন্ন ক্ষতির হাত থেকে রক্ষা পেয়ে যায়। এমনকি ক্ষতি যাতে তুলনামূলক কম হয় সেজন্য তারা বর্তমান বাজারদর থেকে সামান্য কমেও বিক্রি করতে রাজি হতে পারে।

ওভারঅল প্ল্যানটা হল এরকম যে, মেডিও কোম্পানি যতরকমভাবে সম্ভব ট্রেনি কয়েনের পিউরিটি বৃদ্ধির গুজব বিভিন্ন ব্যাবসায়িদের মধ্যে ছড়িয়ে দিতে চাইছিলো। ব্যাবসায়িরা একারনে পুরানো ট্রেনি কয়েন জমানো শুরু করে দিবে। কিন্তু যখন তারা টের পাবে যে কয়েনের পিউরিটি বরং কমিয়ে দেওয়া হচ্ছে তখন তারা ওই কয়েন বিক্রির জন্য তোড়জোড় শুরু করে দিবে। এবস্থায় মেডিও কোম্পানি এক ধাক্কায় সব কয়েন কিনে নিবে। ধরা খাওয়া ব্যাবসায়িরাও কখনই তাদের এই ধরা খাওয়ার কথাটা কারও সামনে উচ্চারন করবে না তাদের প্রেস্টিজ পাংচার হওয়ার ভয়ে। এরপরে মেডিও কোম্পানি একটি বিশেষ মেথডে এই কয়েন থেকে প্রফিট করবে যে সম্পর্কে পরে আলোচনা করা হবে।

কয়েনের গুজব ছড়ানোর পিছনে খুব সম্ভব মেডিও কোম্পানির আরও একটি উদ্দেশ্য জড়িত ছিল। আর সেটি হল, রাজ্যের অভ্যন্তরে কয়েনের দাম উপর্যুপরি কমিয়ে নিয়ে আসা। যখন কোন বস্তুর সাপ্লাই অতিরিক্ত পরিমানে হয় তখন সেই বস্তুর দাম অনেক কমে যায়। কয়েনের ক্ষেত্রেও ব্যাপারটি কিছুটা সেভাবেই হয়। সাধারণত যখন একটি দেশের সম্পদের তুলনায় টাকা বা অর্থ বেশি বেড়ে যায় তখন সেই অর্থের মূল্য নিচে নেমে যায়। অর্থের মূল্য কমে যাওয়ার এই ব্যাপারটিকে মুদ্রাস্ফীতি বলে। তবে অর্থ বা মুদ্রার আধিক্যই কিন্তু মুদ্রাস্ফীতির একমাত্র কারন নয়। তবে আমরা এখানে আমরা মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলছি না। এখানে আমরা বলছি সাপ্লাই এর সাথে ডিমান্ডের সম্পর্ক নিয়ে। যখন সাপ্লাই বৃদ্ধি পায় তখন ডিমান্ড আস্তে আস্তে কমে যেতে থাকে। আর ডিমান্ড কমে যেতে থাকলে আস্তে আস্তে সাপ্লাই করা বস্তুর মূল্যও কমে যেতে থাকে। কারন মানুষের চাহিদার তুলায় দ্রব্য বেশি হয়ে গিয়েছে। ঠিক এই ট্রিকটিই ক্রাফট লরেনস ২য় সিজনের শুরুর দিকে খাটিয়েছিল। সে প্ল্যান করেছিল যে মার্কেটে পাথরের সাপ্লাইয়ের ওভার ফ্লো দিয়ে পাথরের মার্কেটকে ধসিয়ে দিবে যাতে ওই পুচকা মাছ ব্যাবসায়ি ধরা খায়! সাথে অবশ্য আরও একটি ট্রিকও ছিল!!

বিঃদ্রঃ একই টেকনিক ব্যাবহার করে সেয়ার বাজারেও ধ্বস ঘটানো সম্ভব তবে পকেটে বেশ ভালো পরিমানে পাত্তি থাকতে হবে!

যাই হোক, মেডিও কোম্পানির গুজবের কারনে অনেকেরই ট্রেনি সিলভার কয়েন বিক্রি করে দেওয়ার কথা। কয়েনের প্রতি ব্যাবসায়িদের হারানো ট্রাস্ট ইস্যু এবং অধিক পরিমানে সাপ্লাই এই দুইয়ের কারনে কয়েনের প্রাইজ নতুন কয়েন সার্কুলেশন আসার আগেই নিচের দিকে নেমে যাওয়ার কথা (অন্তুত যারা যারা এসম্পর্কে যানে তাদের কাছে)। সেক্ষেত্রে বুঝতে হবে যে মেডিও কোম্পানি আরও বড় একটা দাঁও মারার চিন্তাভাবনা করছিল। কারন মানুষ যদি বর্তমান বাজারদরের থেকেও কমে তাদের কাছে কয়েন বিক্রি করে তাহলে কোম্পানির প্রফিটের পরিমান আরও বেশি থাকবে। অবশ্য এই ব্যাপারটি হয়তো নাও হতে পারে। এটি হয়তো শুধু একটি স্পেকুলেসনমাত্র।

আরেকটি প্রশ্ন এখন আমাদের সামনে এসে পড়েছে।
আর সেটি হল, কেন ট্রেনি সিলভার কয়েনের পিউরিটি কমিয়ে দেওয়া হচ্ছে?

এর কারন হিসেবে স্পাইস এন্ড উলফ এ বলা হয়েছে যে রাজ পরিবার অর্থ সংকটে ভুগছে। তাই তারা কয়েন প্রস্তুত করার প্রোডাকশন কস্ট কমানোর জন্য কয়েনে সিলভার ব্যাবহারের হার কমিয়ে দেয়। উদাহরণঃ আগে নির্দিষ্ট পরিমান সিলভার দিয়ে যদি ১০টি কয়েন তৈরি করা সম্ভব হয় পিউরিটি কমানোর পরে তাহলে সেখানে ১০ এর অধিক কয়েন প্রস্তুত করা সম্ভব হবে। ১০ টি কয়েনের সিলভার দিয়ে যদি ১৩টি কয়েন তৈরি করা হয় তাহলে অতিরিক্ত তিনটি কয়েন পাওয়া যাচ্ছে একই পরিমান সিলভার দিয়ে।

আচ্ছা এখন কয়েন প্রোডাকশন কস্ট নাহয় কমিয়ে দিলাম কিন্তু মোট কয়েনের পরিমান বাড়লেও মোট সিলভারের পরিমান তো আর বৃদ্ধি পায়নি।

তাহলে লাভটা কি হল?

এখানে আমি পুনরায় কয়েনের ফেস বা ব্র্যান্ড ভ্যালুর কথাটি নিয়ে আসতে চাই। মানুষ ট্রেনি সিলভার কয়েনকে নির্দিষ্ট একটি মূল্যের সমপরিমান হিসেবে ট্রাস্ট করে। বাজারে যদি কম পিউর কয়েনও ছাড়া হয় মানুষের কিন্তু বোঝার উপায় নেই যে এটি কম পিউর। তারা যখন কয়েনে ট্রেনি কিংডমের রাজার মুখের ছাপ মারা দেখবে তখনই আনন্দে বিগলিত হয়ে সেটাকে নির্দিষ্ট মূল্যের জন্য ব্যাবহার শুরু করবে। এভাবেই ট্রেনি রাজ্যের ইমিডিয়েট ক্যাপিটাল বা সম্পদের পরিমান বহুলগ্নে বৃদ্ধি পাবে। কিন্তু লং টার্মের জন্য এই কাজ মোটেও ভালো হবে না। কারন আন্তর্জাতিক মার্কেটে একসময় না একসময় ধরা পড়বেই যে এই কয়েনের পিউরিটি কম। যেহেতু মানুষজন আসলে বেকুব না এবং কয়েনের পিউরিটি মাপার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম তাদের কাছে আছে সেহেতু ব্যাপারটি ধরা পড়তে বাধ্য এবং সেটা খুব দ্রুতই।

আন্তর্জাতিক মার্কেটে এই ব্যাপারটি ধরা পড়ার সাথে সাথে মার্কেটে বেশি পিউর, কম পিউর নির্বিশেষে সকল ট্রেনি কয়েনের মূল্য নিচের দিকে নেমে যাবে। মানুষ তখন আর মেপে দেখতে যাবে না যে কোন ট্রেনি কয়েনে সিলভার বেশি আর কোন কয়েনে কম। ট্রেনি রাজার খোমার ছাপ্পাটা কয়েনে দেখা মাত্রই তারা বুঝে নিবে যা বোঝার। নির্বিচারে সকল ট্রেনি কয়েনকে তারা নিচু জাত হিসেবে বিবেচনা করবে। পাতিলের একটা ভাত টিপলেই বাকিগুলোর অবস্থা টের পাওয়া যায় এই নীতিতে তাদেরকে কঠোরভাবে অবস্থান করতে দেখা যাবে! অর্থাৎ এখানে কয়েনের কোয়ালিটি মেইনটেইন করতে না পারার কারনে ট্রেনি কয়েনের ব্র্যান্ড জনগনের সেই আস্থাটা আর পাবে না। একবার এভাবে ব্র্যান্ড থেকে মানুষের আস্থা উঠে যাওয়া শুরু করলে সেই আস্থা ফিরিয়ে আনা কঠিন। তার মানে ভবিষ্যতে যদি ট্রেনি কয়েনের পিউরিটি বৃদ্ধিও করা হয় তাহলেও মানুষকে এসসম্পর্কে কনভিনস করানোটা অত্যন্ত কঠিন এবং সময়সাপেক্ষ একটি ব্যাপার হবে। এভাবেই ট্রেনি রাজ্যের জন্য এই সিদ্ধান্ত লং টার্মে অনেক ক্ষতিকর হয়ে দেখা দিবে। তবে এত কিছু বিবেচনা করেও যেহেতু তারা এই সিদ্ধান্ত নিয়েছে তার মানে তাদের আসলে  অবস্থা কেরোসিন।

একারনেই বলা হয় ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না!
আবার এটাও বলা হয় যে অর্থই অনর্থের মূল!!
এদিকে আবার এটাও বলা হয় যে অর্থই সকল সুখের মূল!!!
অর্থ নিয়ে এতসব কথার অর্থটা কি কে যানে?

এবার তাহলে অর্থ নিয়ে এতসব অনর্থ করার পিছনে মেডিও কোম্পানির অনৈতিক অর্থনৈতিক কাজগুলোর মূল অর্থটা এক্সপ্লেইন করি।

ট্রেনির রাজা আসলে আদেশ দিয়েছিল যে পুরানো সকল ট্রেনি কয়েনকে গলিয়ে নতুন করে কম পিউর কয়েন তৈরি করতে। কিন্তু সেজন্য প্রচুর পরিমানে পুরানো ট্রেনি কয়েন তাদের প্রয়োজন। যে বা যারা রাজাকে বিশাল পরিমানে কয়েন সাপ্লাই দিতে পারবে সে বা তারা ওই কয়েনের বিনিময়ে রাজার সাথে নেগোসিয়েসন বা দরাদরি করে বিভিন্ন ধরনের স্পেশাল রাইট বা অধিকার আদায় করতে পারবে যেগুলো একটি কোম্পানির জন্য অত্যন্ত পরিমানে লাভজনক হয়ে দেখা দিবে। এদিকে আবার পুরানো কয়েনের সাথে তারা নতুন কয়েন এক্সচেঞ্জ করে আরও বেশি সংখ্যায় কয়েন পাবে। এদিক থেকেও তারা লাভবান। কারন পুরানো ১০টি কয়েনের পরিবর্তে তারা যদি ১৩টি কয়েন পায় তাহলে তৎক্ষণাৎ মার্কেটে ব্যাবহার করলে পুরানো ১৩টি কয়েনের সমানই মূল্য পাবে।

এই পর্যন্ত বিশ্লেষণ দিয়ে লেখাটি এখানেই শেষ করছি।

আশা করা যায় যে আর কোন সমস্যা থাকবে না।

তবে!
কেউ যদি আর কোন প্রশ্নের উত্তর চান মশলা এবং নেকড়ে সম্পর্কিত তাহলে কমেন্টে প্রশ্ন করে রাখতে পারেন। যথাসাধ্য যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো। কমেন্টে উত্তর দেওয়া সম্ভব না হলে ঠিক এরকমই আরেকটি সেগমেন্ট আপনাকে Dead E Cat করে লেখা হবে!

তাহলে আজকের মত এখানেই B দায় জানাচ্ছি।

ভালো থাকুন

সুস্থ থাকুন

সুখে থাকুন

শান্তিতে থাকুন এবং …..

এনিম দেখুন!

তথ্যসূত্র জানতে হলে যেতে পারেন –

এখানেঃ
http://spiceandwolf.wikia.com/wiki/Currency

ওখানেঃ
https://bignanime.wordpress.com/2008/02/09/wolf-spice-and-currency-the-economics-of-wolf-and-spice/

এবং

সেখানেঃ
https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AB%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF

THE END (আপাতত)

অনন্য মাঙ্গা আসর – ১ (Major)

এনিমে বের হয়েছে,নিউ সিজন,এই এনিমের গ্রাফিক্সের কাজ,কোনটা ভাল কোনটা মন্দ তা নিয়ে মাতামাতি,আলোচনার অন্ত নেই।অথচ যেই মেধাবী শিল্পীদের হাতে তৈরি মানগা হতে এনিমের এডপ্টেশন হয়,তারা গুরুত্ব পান বটে,তবে মানগা পড়ার প্রতি আকর্ষণ কম।অথচ মাঙ্গাতে কাহিনীর সুসজ্জিত বিবরণ আর সুন্দর উপস্থাপনা পাওয়া যায় যার অনেকাংশ এনিমেতে কেটে ফেলে দেওয়া হয়।

তাই,গ্রুপে মানগা নিয়ে আলোচনা করা হয় মাঝে মধ্যে,একটু আধটু।তাই মানগা পড়ার প্রতি আগ্রহ বাড়িয়ে মানগার প্রতি ফ্যানডম এর প্রসারে হাজির হলাম “অনন্য মানগা আসর” নিয়ে। অনেক শ্রদ্ধেয় সেনপাইরা অনেক মানগা পড়েছেন,জানেন অনেক কিছু। তাই যেকোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ১৮ বছরের ছোট্ট জীবনে নিয়মিত কিছু করতে পেরেছি বলে মনে পড়ে না,তাই এই সেগমেন্টের কোন নিয়মিত ডেটলাইন দিতে পারছি না।

আজকের মানগা মেজর। স্পোর্টস সিরিজ নিয়ে আলোচনায় স্লামডাঙ্ক,কুরোকো,হাজিমে নো ইপ্পো,ক্রস গেম,এইস অফ ডায়মন্ড ইত্যাদি নিয়ে আলোচনা হলেও এই মাস্টারপিস নিয়ে তেমন আলোচনা পাই নি। তাই আজকে কথা হোক Major নিয়ে।

magur

গোরোউ হোন্ডা নামের এক কিন্ডারগার্টেন পড়ুয়া ছেলের বেসবল খেলার আদ্যোপান্ত গল্পের মূল অংশ। এদিক দিয়ে উপরোক্ত যেকোন স্পোর্টস সিরিজের মধ্যে ক্যারেক্টার ডেভলপমেন্টের ব্যাপারে এটা চ্যাম্পিয়ন। কিন্ডারগার্টেন এর প্লেগ্রাউন্ড থেকে ডিস্ট্রিক্ট ,ডিস্ট্রিক্ট থেকে ন্যাশনাল এভাবে মারাত্নক উদ্দীপনা নিয়ে তৈরি করা হয়েছে এই মাঙ্গাটি। আর্টের ধরন ভালো কি না বলব না,বরংচ বলি এথলেটিক। খেলার মাঝে কি হচ্ছে তা বোঝার জন্য আর্ট সহায়ক ভূমিকা পালন করেছে।

অনেকেই বলেন মেইন ক্যারেকটার এর খেলা শেষ হয়ে গেলে গল্পও শেষ,এটা তাদের পছন্দ না।তাদের জন্য একট ছোট্ট ——- স্পয়লার (((((হোন্ডার পর হোন্ডার ছেলেকেও দেখতে খেলায় দেখতে পাবেন এখানে))))))

মানগা প্রথম সিজনে ৭৮ টি ভলিউম আছে। কিন্তু সিজন ২ এখনো অনগোয়িং…

রচয়িতা- তাকুয়া মিতসুদাজেনরা – কমেডি,শোউনেন,স্পোর্টস MAL রেটিং- ৮.৩৯খেলাগুলোর মধ্যে সেইশুর সাথে ম্যাচ আর বেসবল বিশ্বকাপ এর ম্যাচগুলো উল্লেখ করার মত। মাঙ্গাতে খেলাগুলোর উপস্থাপন ভালো হলেও এনিমেতে স্পোর্টস থিমের চেয়ে শোউনেন বা ইন্টিমিডেটিং কিছু দৃশ্য দেওয়া হয়েছে যা মাঙ্গাতে নাই।মেজর মাঙ্গাতে ধাপে ধাপে বেসবল বিশ্বকাপ,মেজর লিগ,হাইস্কুল টুর্নামেন্ট এর মাধ্যমে তুলে ধরা হয়েছে স্পোর্টস এর আসল থিম বা চেতনাকে।

সবচেয়ে মজার বিষয় ক্লাবের নয় দেশে দেশের মধ্যকার খেলাও রয়েছে এই মাঙ্গাতে। আরো আছে সলিড ডিটেইলিং যা খেলার উত্তেজনা বারিয়ে দিয়েছে।শিগেহারু,হোশিনো সেনসেই,সাতো এবং শিমিজুর মত কিছু চরিত্র থাকায় মানগাটির চরিত্রে বৈচিত্র্য ও চোখে পড়ার মত।আলোচিত এক চরিত্র হল জো গিবসন। মাঙ্গাটি পড়লেই বুঝতে পারবেন Major না পড়লে ওনেক কিছু মিস ;-)আজকের মত মাঙ্গা আসর এ পর্যন্তই থাকুক…সামনে ভালো কোন মাঙ্গাতে নিয়ে আসবো আপনাদের সামনে।লেখা লম্বা করলাম না,কারন তাতে স্পয়লার মাত্রাতিরিক্ত হয়ে যেতে পারে।মানগা পড়ুন,অন্যকেও পড়তে বলুন 🙂

Behind the Voices – 05

জুন ফুকুয়ামা

একজন মানুষ সাধারণত এক ধাঁচের কণ্ঠেই কথা বলে অভ্যস্ত। খুব কম মানুষই একাধিক স্বরে কথা বলতে পারে, এমনকি দক্ষ কণ্ঠ অভিনেতাদের মধ্যেও হাতে গোনা কয়েকজন এই কাজটা পারে। জুন ফুকুয়ামা হলেন এমন একজন ব্যক্তি যিনি একাধিক স্বরে নির্ভুলভাবে কণ্ঠ অভিনয় করে যেতে পারেন। এমনকি একটি আনিমেতে ভিন্ন স্বরের একাধিক চরিত্রকে অসাধারণ ভাবে তুলে ধরার নমুনাও আছে; উদাহরণ: আমাগি ব্রিলিয়ান্ট পার্ক, ব্লিচ ।

জুন ফুকুয়ামা এখন পর্যন্ত অনেকগুলো চরিত্রের কণ্ঠ অভিনয় করেছেন, যার মাঝে এমন সব চরিত্রও আছে যার সাথে তারআরেকটি কণ্ঠ দেওয়া চরিত্রের কণ্ঠের মধ্যে মিল পাবেন না। এমনকি নিজে থেকেই প্রশ্ন করবেন ” আরে, এই দুইটা চরিত্রের কণ্ঠ দিয়েছে একই মানুষ, কেমনে কি ?”। এছাড়া সে যে কত সহজ ভাবে কণ্ঠ বদলাতে পারে সেটার এক নমুনা দেখুন এই ভিডিওটিতে https://goo.gl/mN9uxM

যাই হোক, আমার দেখা জুন ফুকুয়ামার সেরা রোল হল xxxHOLiC-এর ওয়াতানুকি কিমিহিরো এবং নুরারিহিয়োন নো মাগোর রিকুও চরিত্র দুটি । তার আরও অনেক চরিত্র আমার কাছে ভালো লেগেছে তবে এই দুইটা চরিত্রকে সেরার তালিকায় রাখার মূল কারণ হল এই দুইটি চরিত্র আমার মতে জুন ফুকুয়ামা ছাড়া আর কেউ মনে হয় এত অসাধারণ ভাবে তুলে ধরতে পারতো না । হাইস্কুলের চঞ্চল ওয়াতানুকি এবং প্রাপ্ত বয়স্ক ওয়াতানুকি; তারপর সাধারণ রিকুয়ো এবং ইয়োকাই রিকুয়ো। শুধু তাই নয়, আনসাৎসু কিয়োশিৎসুর কোরো সেনসেই, তেগামি বাচির গশে, কোড গিয়াসের লেলুশ প্রত্যেকটা চরিত্রের কণ্ঠে তফাৎ ছিল কিন্তু সবাইকেই ত্রুটিহীন ভাবেই জুন ফুকুয়ামা তুলে ধরেছেন। এই চরিত্র বাদেও তার অনেক চরিত্রের কণ্ঠ অভিনয় আমার ভালো লেগেছে, যেমন ওয়ার্কিং-এর তাকানাশি, ব্লিচের ইয়ুমিচিকা, চুনিবিওর ইয়ূতা, কুরোকো নো বাস্কেটের হানামিয়া মাকোতো, দুরারারার শিনরা, ব্লু এক্সোরসিস্টের ইউকিও, বুসৌ রেঙ্কিনের কাযুকি, কে-প্রজেক্টের ইয়াতা এবং আরও অনেক । তবে সে যে সব চরিত্রেই অসাধারণ কণ্ঠ অভিনয় করেন এই বিষয়ে আমি ঠিক একমত না কারণ স্পাইস এন্ড উল্ফ আনিমেটিতে আমার মতে তার লরেন্স চরিত্রের কণ্ঠ অভিনয়টি ঠিক তেমন ভালো ছিল না, তার বদলে অন্য কেউ হয়তো আরও সুন্দর করে চরিত্রটিকে তুলে ধরতে পারতো। তার এতোগুলো চরিত্র সব এক নজরে দেখে নিতে পারেন।

জুন ফুকুয়ামা 1

আনিমের ওএসটিতেও তার অনেক কাজ রয়েছে। বিভিন্ন আনিমের ওপেনিং এবং এন্ডিং তার গাওয়া আছে । তার গাওয়া গানগুলোর মধ্যে আমার ব্যক্তিগতভাবে প্রিয় ‘Wild Crow'( https://goo.gl/gCiH2y ), ‘Dedicate’ (https://goo.gl/BGJWQ0 ), ‘Regeneration’ ( https://goo.gl/NB9WdJ ) যেটা লেলুশের ক্যারেক্টার সং । এছাড়া তার গাওয়া ‘ Bamboo☆Scramble’ ( https://goo.gl/eHZmK0 ) গানটা বেশ মজা লাগে । তার ৪ টা এলবাম রিলিজ আছে, সেই গানগুলোও সুন্দর, শুনে দেখতে পারেন।

তার জন্ম ২৬ নভেম্বর, ১৯৭৮ । ১৯৯৬ সালে তার অভিষেক । একজন কণ্ঠ অভিনেতা এবং গায়ক হিসেবে তিনি নিঃসন্দেহে সফল। 1st Seiyuu Awards-এ তিনি ‘Best Voice Actor’ খেতাবটা অর্জন করেছিলেন লেলুশ ভি ব্রিটানিয়া চরিত্রটির জন্য। এখনো তিনি অনেক চরিত্রের কণ্ঠ অভিনয় করে যাচ্ছেন এবং সামনেও তা করবেন এই আশা রইলো। আমার মতে তাকে কণ্ঠ অভিনয়ের জগতে কিংবদন্তী হিসেবে স্বীকৃতি দেওয়া উচিৎ ।

জুন ফুকুয়ামা 2

কোশিমিযু আমি

আমার সবচেয়ে প্রিয় কণ্ঠ অভিনেত্রীদের মধ্যে একজন কোশিমিযু আমি। প্রায় সব ধাঁচের চরিত্র সে অনেক সুন্দরভাবে তুলে ধরতে পারেন তিনি ।

তার কণ্ঠ-অভিনয় করা চরিত্রগুলো আমার বরাবর-ই ভালো লাগে । তবে যে রোলগুলো সবচেয়ে ভালো লেগেছে সেগুলো হল স্কুল রাম্বলের সুকামোতো তেনমা কারণ চরিত্রটির কণ্ঠ খুব-ই কিউট লেগেছে আমার কাছে, পার্সোনা ৪-এর আমাগি ইউকিকো, এউরেকা ৭-এর আনেমোনে, কোড গিয়াসের কালেন, তেগামি বাচির আরিয়া লিঙ্ক, কিল লা কিলের মাতোই রিউকো, মাওয়ূ মাওউ ইয়ূশার মাওউ, স্পাইস অ্যান্ড উল্ফের হোলো এবং A certain scientific railgun S-এর মুগিনো শিযুরি। এছাড়া আরও যেই চরিত্রগুলো ভালো লেগেছে সেগুলো হল ওরেগাইরুর কাওয়াসাকি সাকি, কামি নোমি দ্বিতীয় সিজনের কাসুগা সেনপাই, ব্লাড +-এর মাও, ওমামোরি হিমারির হিমারি, ব্লাক বুলেটের শিবা মিওরি, D-Frag!-এর মিনামি সেনসেই Dog Days-এর লিওনমিশেল্লি, মারিয়া-সামা গা মিতেইরুর কানাকো । তার কণ্ঠ-অভিনয় অনেক ভালো কিন্তু কেন জানি এই বছর সহ বিগত কয়েক বছর ধরেই তিনি পার্শ্বচরিত্র-এর রোল পেয়ে যাচ্ছে । এছাড়া তার অনেক গেমে জাপানি ডাব-এ অনেক ভালো রোল আছে। এই লিঙ্কে  http://goo.gl/JbcHBj যেয়ে এক নজরে দেখে নিতে পারেন তার আনিমে এবং গেমের সব রোলগুলো ।

আনিমের ওএসটিতেও তার কাজ আছে। মাই-ওতোমে, স্কুল রাম্বল, ওমামোরি হিমারি, স্ট্রাইক উইচেস এই আনিমেগুলার এন্ডিং এবং লেডিস ভার্সাস বাটলার আনিমেটির ওপেনিং-এ তার কণ্ঠ আছে। তার গাওয়া গানগুলোর মধ্যে আমার ‘Hari no Sora'( https://goo.gl/e1mrfY ) গানটা বেশ প্রিয়।

তার জন্ম ১৫ ফেব্রুয়ারি, ১৯৮৫ এবং তার কণ্ঠ-অভিনেত্রী হিসেবে অভিষেক ২০০৩ সালে । তিনি 1st seiyuu awards-এ ‘Best Actress in supporting roles’ অ্যাওয়ার্ড পেয়েছেন। তার কণ্ঠ-অভিনয় অনেক বেশি ভালো তাই আশা করি সামনে সে আরও অনেক আনিমেতে ভালো রোল পাবে।

কোশিমিযু আমি 1

 

ওহ! আর এই দুইজনের আনিমেতে অনেকগুলা কাপলের রোল আছে। কাপলগুলো হল তেগামি বাচির গশে x আরিয়া, স্পাইস এন্ড উল্ফের লরেন্স x হোলো, মাওয়ূ মাওউ ইয়ূশার ইয়ূশা x মাওউ।

কোশিমিযু আমি 2

”জাপানিজ শিখুন,জীবন গড়ে তুলুন” – ৫১ তম পার্ট By অরিন শারমিন

জাপানিজ শিক্ষাকার্যক্রমের ৫১ তম লেসন

আজকের লেসনে শিখাব আগের লেসনে শুরু করা “Japanese adjective” আরো কিছু অংশ.. (এই লেসন পড়ার আগে আগের লেসন আরেকবার পড়ে আসুন/আস)

আগের লেসনে কিছু i-adjective এর উদাহরণ দিয়েছিলাম … আজকে ১মে ঐগুলার আরো কিছু প্রয়োগ দেখাব..

“তাকাই” হল একটা i-adjective..যার মিনিং হল “expensive”এর একটা উদাহরণ দেই..

তাকাই কাবান দেসু-very expensive bag…অথবা এভাবেও বলা যায় “কাবান ওয়া তাকাই দেসু-the bag is very expensive”

ব্যাগের সাথে আমরা আরো i-adjective এর উদাহরণ দিতে পারি .. যেমনঃ “ইয়াসুই কাবান দেসু-very cheap bag”, ওওকিই কাবান দেসু- very big bag, আতারাশি কাবান দেসু-new bag, ফুরুই কাবান দেসু-old bag… ইত্যাদি..

i-adjective এর conjugation এর ব্যাসিক তো আগের লেসনে শিখাইছি আজকে আরো একটু ক্লিয়ার করি .. ধর একটা ব্যাগের দাম কিছুদিন আগেও অনেক বেশি ছিল ..হটাত সেল দিয়ে দাম কমে গেছে … তাইলে এভাবে বলা যেতে পারে “কাবান ওয়া তাকাকাত্তা দেসু দেমো ইমা ইয়াসুই দেসু/তাকাকুনাই দেসু “-the bag was very expensive but now it is cheap/not expensive” ….

এবার আসি na-adjective এ ..

“গেনকিনা” হল একটা na-adjective..মিনিং হল “healthy”

গেনকিনা কোদোমো দেসু-healthy child…কোদোমো ওয়া গেনকি দেসু-the child is healthy…এই ২ টা বাক্য একই অর্থ প্রকাশ করছে কিন্তু গঠনে কিছুটা পার্থক্য আছে…na-adjective যখন noun এর আগে বসে তখন “na” সহ লিখে (১ম বাক্য)..আর পরে বসলে “na” ছাড়া বসে (২য় বাক্য)…অর্থ সেম থাকে যদিও ..

আরো কিছু উদাহরণ দেই … তোকিও ওয়া নিগিইয়াকানা মাচি দেসু-Tokyo is very lively city..(noun এর আগে বসছে বলে “না”সহ লিখেছি)…তোকিও ওয়া নিগিইয়াকা দেসু- Tokyo is very lively.. (পরে noun নাই তাই “না”ও নাই)

কানজেননা আইদিয়া দেসু-perfect idea..আইদিয়া ওয়া কানজেন দেসু-the idea is perfect.. কানতান না শিগোতো দেসু-easy job…কিরেই না হানা দেসু-beautiful flower.. লুফি ওয়া ইউমেই দেসু-luffy is famous…ইত্যাদি…

এবার আসি na-adjective এর conjugation এ..

এখানেও ৪ প্রকারের conjugation আছে… present affirmative,present negative,past affirmative,past negative.

যেমনঃ গেনকিনার ক্ষেত্রে

present affirmative-গেনকি দেসু ,present negative-গেনকি দেয়া আরিমাসেন,past affirmative-গেনকি দেশিতা,past negative-গেনকি দেয়া আরিমাসেন দেশিতা..

অন্যান্য na-adjective ও  সেম নিয়মে চেঞ্জ হবে… আজকে এপর্যন্তই থাক…নেক্সট নেসনে নতুন কিছু নিয়ে হাজির হব..আশা করি adjective সম্পর্কে হালকা ধারণা দিতে পেরেছি.. মাতা নে 🙂

Movie Time With Yami – 67

Name: Bungaku Shoujo / Literature Girl
Duration: 1 hr. 40 min.
MAL Score: 7.71
Ranked: 981
Genres: Drama, Mystery, Romance, School

একটা সুন্দর মুভি বা টিভি সিরিজ দেখার পরে আপনার ভাললাগার অনুভূতিটা নষ্ট করার সবচেয়ে কার্যকর উপায়টা কি বলতে পারেন? উত্তর- বিভিন্ন ফোরামে গিয়ে “বিখ্যাত” ক্রিটিকদের বিশ্লেষণমূলক রিভিউ পড়া। বুঙ্গাকু শৌজো মুভিটি দেখার পর আমার এত বেশি ভাল লেগেছিল যে, আমি দৌড়ে গেছিলাম এটার রেটিং, রিভিউ ঘাটাঘাটি করতে। এবং সেগুলো দেখার পরে আমি উপলব্ধি করি, কোনরকম ধারণা ছাড়া মুভিটি দেখা শেষ করে আমি আসলেই ভাল কাজ করেছি।

ইনৌয়ে কোনোহা, আমাদের অ্যাভারেজ হাইস্কুল স্টুডেন্ট। শান্তশিষ্ট, চুপচাপ এ ছেলেটির সাথে একদিন স্কুলের ক্যাম্পাসে দেখা হয় একটি অদ্ভুত মেয়ের। নিজেকে “বুঙ্গাকু শৌজো” বা লিটারেচার গার্ল নামে পরিচয় দেয়া এ মেয়েটি প্রতীকী অর্থে নয়, বরং আক্ষরিক অর্থেই বই এর পৃষ্ঠা চিবিয়ে খায়। এক একটি গল্প এ মেয়েটির কাছে এক একটি সুস্বাদু স্ন্যাক!

এ পর্যন্ত শোনার পর মনে হতে পারে, এইতো, শুরু হল হাইস্কুল রোমান্স এর প্যানপ্যানানি, খালি এই বই চিবিয়ে খাওয়ার ব্যাপারটা একটু নতুন লাগছে। আমিও তাই ভেবে বসেছিলাম! এই মুভিটি দেখার আগে এর ১৫ মিনিটের একটি ওভিয়ে দেখা ছিল, সেটিও এমনই একটা আভাস দিয়েছিল। সুন্দর আর্টওয়ার্ক, প্রশান্তিদায়ক ব্যাকগ্রাউন্ড মিউজিক কাহিনীটাকে উপভোগ করতে বেশ সাহায্য করছিল।

কিন্তু কিছুক্ষণ পরেই মোড় ঘুরে গেল কাহিনীর!! বেরিয়ে এল কোনোহার অতীত জীবনের এক বেদনাদায়ক কাহিনী, হাইস্কুল রোমান্স পরিণত হল মানবিক টানাপড়েন এর এক অপরিচিত গল্পে।

আচ্ছা, অনেকেই তো বলে, ভালবাসার মানুষকে কাছে রাখার জন্য আমি সবকিছু করতে পারব। সেই সবকিছুর দৌড়টা আসলে কতদূর? মিরাই নিক্কির গাসাই ইউনোর কল্যাণে সেই কতদূরের দৌড় কিছুটা হয়ত জানা আছে আমাদের, কিন্তু সেটা আমার কাছে অতি অবাস্তবতার মত লেগেছিল। এই মুভিটিতে বরং ব্যাপারগুলো বাস্তবতার খুব কাছাকাছি রেখে দেখানো হয়েছে, আর তাই আরও বেশি ভাল লেগেছে।

এ পৃথিবীতে কোন কিছুই নিখুঁত নয়, অবশ্যই এ মুভিটিও তার ব্যাতিক্রম নয়। আমার কাছে মনে হয়েছে মুভিটি তার প্রাথমিক উদ্দেশ্য থেকে বেশ খানিকটা দূরে সরে গেছে, অবশ্য এটা রিভিউ নিয়ে ঘাটাঘাটি করার আগে তেমন বড় হয়ে চোখের সামনে আসেনি। আর তা হল, লিটারেচার গার্ল নিজে। মুভিটির মাঝখানের বড় একটা অংশে তার কোন খোঁজ নেই, যদিও ঠিক সময়ে সে তার গুরুত্ব ঠিকই ফিরে পেয়েছে। কিন্তু তার এই বই চিবিয়ে খাওয়ার ব্যাপারটায় কোন আলোকপাত করা হয়নি, এটা একটু হতাশার ব্যাপার।

যাই হোক, সবমিলিয়ে মুভিটি আমার অত্যন্ত পছন্দ হয়েছে, মানবিক সম্পর্ক ও টানাপড়েন এর ব্যাপারটা এর আগে কোন মুভিতে এত সুন্দরভাবে পাইনি, আর ভুলোমনা লিটারেচার গার্ল এর পরিণত আচরণ আমাকে অনেক অনুপ্রেরণা জুগিয়েছে।

Movie Download Link-
http://kissanime.com/Anime/Book-Girl
OVA Link-
http://kissanime.com/Anime/Book-Girl-OVA

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Anohana: The Flower We Saw That Day [এনিমে রিভিউ] — Mehedi Zaman

এনিমে রিভিউ
Anohana: The Flower We Saw That Day
(Ano Hi Mita Hana no Namae wo Bokutachi wa Mada Shiranai)

পর্বঃ ১১
জনরাঃ জীবনের খণ্ডাংশ (Slice Of Life), অতিপ্রাকৃত (Supernatural)।

শৈশব, এক অসাধারণ আনন্দময় সময় আমাদের সকলের জন্য। এ সময় আমাদের থাকে কিছু অন্তরঙ্গ বন্ধু যাদের নিয়ে আমরা গড়ে তুলি আমাদের মনের মতো একটি দল। এই দলের জন্য সকলে মিলে ঠিক করি একটি আজগুবি নাম এবং ওই দলের মিটিং এর জন্য থাকে এক গুপ্ত স্থান। কিন্তু আমাদের সবার ক্ষেত্রেই কি শৈশব অত্যন্ত আনন্দের ছিল? আমাদের এই বন্ধুদের মাঝেও কিছু বন্ধুর শৈশবে হয়ত ঘটে গেছে কোন দুর্ঘটনা। যেই ঘটনা তাদের সুখময় শৈশবকে করে তুলেছিল দুঃসপ্নময়। যদি আপনারও এমন কিছু অভিজ্ঞতা থেকে থাকে অথবা আপনিও পেতে চান সেইসব অভিজ্ঞতা, তাহলে আপনারই জন্য আনোহানা।

কাহিনীঃ
ইয়াদমি, ছোটবেলায় যে জিনতান নামে পরিচিত ছিল এখন এক ঘরকুনো কিশোর, যে ঠিকমতো স্কুলেও যায় না। কিন্তু শৈশবে এই জিনতান-ই ছিল তার অন্তরঙ্গ দলের নেতা। তার দলের নাম ছিল “সুপার পিস বাসটারস্‌” (Super Peace busters)। সময় অনেক ভালই কাটছিল সুপার পিস বাসটারস্‌ -এর, হঠাৎ সেই দলের সবচেয়ে ছোট এবং পছন্দনীয় সদস্য, মেনমা, এক দুর্ঘটনায় তার জীবন হারায়। ভেঙ্গে যায় সুপার পিস বাসটারস্‌ এবং সকলে একে অপর হতে বিছিন্ন হয়ে যায়। বেশ কিছু বছর পর মেনমার ভূত (আত্মাও বলা যায়) জিনতান এর কাছে এসে হাজির হয়। প্রথমদিকে জিনতান নিজের দেখার ভুল বলে মেনমাকে এড়িয়ে চলে, কিন্তু কিছুদিন পর সে বাধ্য হয়েই মেনমার কথা শুনে এবং জানতে পারে যে মেনমার কোন এক ইচ্ছা অপূর্ণ থাকায় সে এই পৃথিবী ছেড়ে যেতে পারছে না। জিনতান তার সকল বন্ধুদের একত্র করে মেনমার অজানা ও অপূর্ণ ইচ্ছা পূরণে সচেষ্ট হয়। কিন্তু সে কি পেরেছিল তার শৈশবের বন্ধুদের একত্র করে মেনমাকে মুক্তি দিতে?

চরিত্রঃ
আনোহানা এনিমেটির মূল চরিত্র ছয়জন- জিনতান, মেনমা, আনারু, ইয়ুকিয়াটসু, সুরুকো এবং পোপ্পো। এদের প্রত্যেকেরই রয়েছে আলাদা বৈশিষ্ট্য এবং সকলের জীবনধারণই ভিন্ন। তবে এরা সবাই ছেলেবেলায় ‘সুপার পিস বাসটারস্‌’- এর সদস্য ছিল। জিনতান এর কথা আগেই বলেছি এখন অন্যদের কথা বলি। মেনমা ছিল এক মিষ্টি মেয়ে। সে সবসময় সকলের কাছে অনেক ভাল বলে পরিচিত ছিল। আনারু শৈশবে ভাল থাকলেও পরবর্তীতে কিছু অসৎ বান্ধবীর সাথে মিশে তাদের মতো আচরণ শুরু করে। তবে সে তার পুরনো বন্ধুদের সঙ্গ পেয়ে আবার নিজের আগের পরিচয় ফিরে পায়। ইয়ুকিয়াটসু ও সুরুকো দুজনেই পড়াশোনায় মনোযোগী এবং এদের চরিত্র কিছুটা একে অপরের সাথে মিলে যায়। তবে আমার সবচেয়ে ভাল লেগেছে পোপ্পোকে। সে হচ্ছে সবকিছু মেনে নেওয়া রকমের এবং সবসময় হাসি-তামাশায় মেতে থাকার মতো ছেলে। তো, চরিত্র ভালোভাবে তুলে ধরার দিক দিয়ে আনোহানা চমৎকার কাজ করেছে মাত্র ১১ পর্বে।

এনিমেশনঃ
এনিমেশনের ক্ষেত্রে আমার তেমন কিছু বলার নেই কারণ এর এনিমেশন বেশ সাধারণ ছিল এবং আমার এটা ভালই লেগেছে। আর্ট ও পরিবেশ বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল। প্রত্যেকটি চরিত্রের মুখভঙ্গি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তবে মেনমার বয়স বাড়ার পরও তাকে অনেকটা একই রকম লেগেছিল যা আমার কাছে একটু অস্বাভাবিক।

সাউন্ডট্র্যাকঃ
Kimi to natsu no owari shourai no yume Ookina kibou wasurenai
Juu nen go no hachigatsu mata deaeru no wo shinjite…
আনোহানার এই এন্ডিংটা আমার অনেক প্রিয়। এই অসাধারণ গানটি গেয়েছে Kayano Ai & Tomatsu Haruka & Hayami Saori। গানটি হল secret base ~Kimi ga Kureta Mono~ (10 years after ver.) । বুঝতেই পারছেন আনোহানার সাউন্ডট্র্যাক গুলো আমার কাছে মারাত্মক লেগেছে। ওপেনিং-ও বেশ ভাল ছিল এবং প্রায় প্রত্যেকটি পর্বের শেষে এন্ডিং থিম সং বাজানোর জন্য পরের পর্ব না দেখে থাকা যায় না। এককথায়, আনোহানা তার সাউন্ডট্র্যাক এর জন্য আমার কাছে আরও বেশি ভাল লেগেছে।

আনন্দঃ
আনোহানা এনিমেটি দেখার সময় আমি ভেবেছিলাম ১১টি পর্বে কিই বা আনন্দ দিবে? কিন্তু না, ১১টি পর্বে আনোহানা আমাকে এতো স্মৃতিকাতরতা, কান্না এবং আনন্দ দিয়েছে যে আমি পুরোপুরি মুগ্ধ। এছাড়াও, বাস্তবতার সাথে অতিপ্রাকৃতিক কিছু বিষয়ের মিশ্রণের ব্যাপারটি অনেক দুর্লভ এবং আমি এই এনিমেতে এই বিষয়ের একটি সেরা উদাহরণ পেয়েছি। তাই অবশ্যই আনোহানা আমাকে অনেক আনন্দের পাশাপাশি নতুন কিছু অভিজ্ঞতা দিয়েছে।

সার্বিকঃ
সবকিছু মিলিয়ে আমি আনোহানাকে ৯/১০ দিব। আসলে এই এনিমেটি দেখার পর থেকেই আমি Slice Of Life জনরার ভক্ত হয়ে গিয়েছি। আনোহানার বাস্তবিক দৃশ্যপট, অসাধারণ সাউন্ডট্র্যাক, বিভিন্ন চরিত্রের মানসিকতা এবং আরও অনেক কিছুর দ্বারা এটি আমার মন জয় করেছে। সত্যি বলছি, হাতে গোনা মাত্র কয়েকটি এনিমেই আনোহানার মতো আমার এতটা ভাল লেগেছে।

পরিশেষে আমি সকলকে (যারা আনোহানা দেখেননি) এটি দেখার জন্য আহ্বান জানাবো। যদি আপনি Slice Of Life এর ভক্ত না-ও হন তাও আনোহানা দেখার চেষ্টা করবেন, এতটুকু বলতে পারি যে এনিমেটি আপনার খারাপ লাগবে না। একটি উদ্ধৃতি দিয়ে আমার লেখা শেষ করব।
“I thought I could apologize to you tomorrow. But that tomorrow…never came.”-Jinta Yadomi.

anohana

Reaction Post: Tsuritama (2012) — Abdullah Ar Rayhan

প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত ফুজিসাওয়া শহরের অন্তর্ভুক্ত ছোট্ট একটি দ্বীপ এনোশিমা। মেইনল্যান্ড থেকে বিচ্ছিন্ন মনোমুগ্ধকর এ দ্বীপটি ৬০০মিটার লম্বা একটি ব্রিজ দিয়ে ফুজিসাওয়া-র সাথে যুক্ত। অপূর্ব সামুদ্রিক সৌন্দর্য দেখলেই প্রাণ জুড়িয়ে যায়; ইচ্ছে করে স্ক্রিনের ভেতর ঢুকে যাই। দাদির চাকুরির সুবাদে এখানকার স্থানীয় স্কুলে ট্রান্সফারড হয়ে আসে ইউকি। কোন বন্ধুবান্ধব নেই ওর। মানুষের সাথে কমিউনিকেট করতে জানে না। কারো সাথে কথা বলতে গেলেই মনে হয় ডুবে যাচ্ছে, সে সাথে নার্ভাস হয়ে চেহারা এমন হয়ে যায় যে দেখে মনে হয় সাক্ষাত দানব, রাগে এখুনি খেয়ে ফেলবে। প্রথমদিনেই তার সাথে দেখা হয় হাতে রহস্যময় ওয়াটার-গান নিয়ে ঘুরে বেড়ানো অদ্ভুত এক ছেলের। হারু নামের সরল সিধে এ ছেলেটি নিজেকে এলিয়েন বলে দাবি করে। মানুষকে কাছে টানার আশ্চর্য এক গুণ আছে ওর। শুরুতে অসহ্য লাগলেও ক্রমেই হারু ইউকি-র সবচেয়ে কাছের বন্ধুতে পরিণত হয়। ওদের সাথে একই ক্লাসে পড়া আরেকটি ছেলে নাতসুকি। গোমড়ামুখো নাতসুকি মাছ ধরায় তুখোড় দক্ষতার সুবাদে স্কুলের বাইরে প্রিন্স নামে পরিচিত। আর এদেরকেই সবসময় দূর থেকে লক্ষ্য রাখে কোলে হাঁস নিয়ে ঘুরে বেড়ানো ইয়ামাদা নামের এক ভারতীয়। সিরিজের প্রধান চারটি চরিত্রের সবারই নিজস্ব একটা গল্প আছে। আছে বৈপরিত্য। তারপরও কিভাবে তারা এক বিন্দুতে মিলিত হয়? কিভাবে কাছের বন্ধু হয়ে ওঠে একেকজন? উত্তর মিলবে শুরুতেই। হারুর চাপে মাছ ধরতে রাজি হয় ইউকি। এখানেই এসে পড়ে নাতসুকি, যে এ দুজনকে মাছ ধরা শেখায়।

আপাতদৃষ্টিতে সিরিজটি হাসি, রাগ আর মাছধরার মধ্য দিয়ে চার স্ট্রেঞ্জারের বন্ধু হয়ে ওঠার গল্প। সমুদ্রে মাছ ধরা আর হারু-র অদ্ভুত কিন্তু নির্দোষ কর্মকান্ড দেখতে দেখতে নিজের অজান্তেই মন ভাল হয়ে যাবে। ঈর্ষা হবে। একেবারে আদর্শ কমেডি – স্লাইস অফ লাইফ মিক্স। তাহলে এর মাঝে সায়েন্স ফিকশনটা কোথায়? মনে কি আছে কি হারু-র ইউকি-কে মাছ ধরতে চাপাচাপির কথা? এর কারণ কি? হারু-ই বা কোত্থেকে এসেছে? ইয়ামাদা-র উদ্দেশ্য কি? সামান্য মাছ ধরার সাথে দুনিয়া বাঁচানোর যোগসূত্র কোথায়?

সিরিজটি শুরু হয়েছে দারুণভাবে। চোখজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য বেশ ভালোভাবেই ফুটে উঠেছে আর্টওয়ার্কে। ব্যক্তিগতভাবে ইউকি-র ফেইসটা আমার পছন্দ হয়েছে। উঠতি বয়সের সব বৈশিষ্ট্যের সাথে লাল চুল যোগ করাটা ভাল লেগেছে কেন জানি বেশ। আর মিউজিক নিয়ে অভিযোগ করার কোন উপায় নেই। ওপেনিং-এন্ডিং এত্ত চিয়ারফুল যে একটাও স্কিপ করার মত না। খুব সম্ভাবনাময় এ অ্যানিমেটি কিছুটা ট্র্যাক হারিয়ে ফেলে শেষের দিকে এসে, সায়েন্স ফিকশন রিলেটেড ব্যাপারগুলো বোঝা দায়। যেগুলা কোন সেন্স তৈরি করে না উল্টো কেমন যেন একটা ভজকট পাকিয়ে দেয়। সিরিজটি এ জনরার প্রতি সুবিচার করতে পারেনি। এন্ডিংটা বেশ অদ্ভুত। অ্যানিমের কাহিনী নিয়ে কিছু জটিলতা থাকলেও আমি বলবো কমেডি-র ক্ষেত্রে সুবিচার করেছে, সে সাথে কিছুটা থ্রিলিংও বটে! বিশেষ করে ইউকির প্রথম মাছ ধরার সময়টায় আমি নিজেও উত্তেজিত হয়ে গিয়েছিলাম। শেষের দিকের অংশটুকু ঠিক বুঝে কুলিয়ে উঠতে না পারলেও ওভারঅল দেখার মত একটা অ্যানিমে।

Episodes: 12
Genres: Comedy, Sci-Fi, Slice of Life, Sports
MAL Score: 7.88
Personal Rating: 7.5

Tsuritama

Mobile Suit Gundam 00 [রিভিউ] — Rezo D. Skylight

এনিমে রিভিউঃ
Mobile Suit Gundam 00
সিজন: ০২ (+১ মুভি)
পর্ব সংখ্যা: ৫০
জনরা: অ্যাকশন, ড্রামা, মেকা, মিলিটারি, সাই-ফাই, স্পেস
স্টুডিও: সানরাইজ
মাইএনিমেলিস্ট রেটিং: ৮.২৭ (১ম সিজন); ৮.২৪ (২য় সিজন)
আমার রেটিং: ৯/১০

Gundam 00 1

প্রথমে বলে নেই, ‘গান্ডাম ০০’ গান্ডাম ফ্র্যাঞ্চাইজের ‘Anno Domini’ উনিভারসের একমাত্র সিরিজ। সুতরাং কেউ গান্ডাম ০০ দেখতে চাইলে তার বাকি গান্ডাম দেখার কোন প্রয়োজন হবে না। অর্থাৎ একে ‘Standalone series’ হিসেবেই যেকেউ দেখতে পারবে। এখন আসল কথায় আসি।

গান্ডাম ০০ এর প্লট ২৩ শতকের পৃথিবীকে কেন্দ্র করে রচিত। এইসময় পৃথিবীতে খনিজ জ্বালানীর প্রচুর চাহিদা ছিল। সেজন্য বিগত শতাব্দী ধরে মানুষ পৃথিবীর চারদিকে বৃহৎ সৌরচাকতি নির্মাণ করেছে। আর সৌরচাকতি থেকে প্রাপ্ত সৌরশক্তি ব্যাবহারের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে তিনটি ‘সোলার পাওয়ার জেনারেটর’। এই সোলার পাওয়ার জেনারেটরগুলো ব্যাবহারের লক্ষে তৎকালীন পৃথিবীকে তিনটি মেজর সেক্টরে ভাগ করা হয়। এরা হল – The Union (formerly United States of America), The Human Reformist Alliance (Russia, China and India) এবং The AEU (Europe)। কিন্তুু মধ্যপ্রাচ্যের দেশগুলো এই সুবিধা থেকে বঞ্চিত ছিল। তাই পৃথিবীর বিভিন্ন স্থানে প্রায়ই লেগে থাকতো যুদ্ধ-বিগ্রহ। তখন পৃথিবী থেকে এইসকল যুদ্ধ-বিগ্রহের অবসান ঘটাতে আবির্ভাব হয় ‘Celestial Being’ নামের একটি নন-প্রফিট মিলিটারি অর্গানাইজেশন । এই প্রতিষ্ঠানের কাছে রয়েছে গান্ডাম নামের চারটি অতি শক্তিশালী রোবট। “সকল যুদ্ধের অবসান ঘটিয়ে ‘United World’ গঠন করা” – Celestial Being তাদের এই স্বপ্নটি পৃথিবীবাসির উদ্দেশ্যে ঘোষণা করে এবং যারা তাদের এই স্বপ্ন বাস্তবায়নে বাধা দিবে তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করে। এভাবেই গান্ডাম ০০ এর যাত্রা সূচনা হয় এক দুর্দান্ত কাহিনীর মধ্যে দিয়ে।

Gundam 00 2

গান্ডাম ০০ এর প্রত্যেক ক্যারেক্টারই ইউনিক টাইপের। প্রত্যেকেরই রয়েছে আলাদা আলাদা চরিত্র। মেইন ক্যারেক্টার সেতসুনা কিছুতা চুপচাপ টাইপের কিন্তুু সে বেশ ম্যাচুরিটি সম্পন্ন। অনন্যা ক্যারেক্টারের মধ্যে রয়েছে লকঅন, টিয়েরিয়া, আলেলুঝা। এর মধ্যে সিরিজে মধ্যে সবচেয়ে বেশি প্রভাব রাখে লকঅন ক্যারেক্টারটটি। টিয়েরিয়া কিছুটা আনসোশাল টাইপের। কিন্তুু কাহিনী আগানোর সাথে সাথে তার চরিত্রেরও বেশ পরিবর্তন ঘটতে থাকে। আর আলেলুঝা বলতে গেলে সবচেয়ে ইউনিক ক্যারেক্টার। কারণ সে ডাবল পার্সোনালেটির অধিকারী। এছাড়া আরও কিছু চমৎকার চমৎকার ক্যারেক্টার রয়েছে। যেমন – এস পাইলট গ্রাহাম, যুদ্ধ প্রিয় আলি আল সাজেদ, সুপার সোলজার সউমা প্রেরিস, প্রিনসেস মারিনা ইসমাইল, রিব্বন্স ওলমার্ক, সাজি ক্রসরোড, লউসেসহ আরও অনেকে। এরা প্রতেকেই সিরিজে গুরুত্তপূর্ণ ভূমিকা রাখে। গান্ডাম ০০ এর প্রত্যেক ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড স্টোরিগুলো অসাধরন। যা নিঃসন্দেহে এই সিরিজের অন্যতম প্লাসপয়েন্ট।

Gundam 00 3

গান্ডাম ০০ স্টুডিও সানরাইজের কাজ। তাই ২০০৭ সালের এনিমে হওয়া সত্ত্বেও গান্ডাম ০০ তে বেশ হাই কোয়ালিটির ভিজুয়াল ইফেক্ট ব্যাবহার করা হয়েছে। মেকা ডিজাইনগুলো বেশ সুন্দর ছিল। এতে কোন প্রকারের CGI ইফেক্ট ব্যাবহার করা হয়নি। তাই মেকা ফাইটগুলো বেশ উপভোগ করেছি। আর যুদ্ধের সিনগুলো খুব ডিটেইলিং করে দেখানো হয়েছে। আমি মহাকাশের ভিজুয়াল ইফেক্ট দেখে রীতিমতো চমকে গিয়েছিলাম। অত্যন্ত সুন্দরভাবে এই দৃশ্যগুলো উপস্থাপন করা হয়েছে। ক্যারেক্টার ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। বলতে গেলে আমার দেখা অন্যান্য মেকা এনিমে থেকে গান্ডাম ০০ এর ক্যারেক্টার ডিজাইন বেশ সুন্দর লেগেছে।

Gundam 00 4

গান্ডাম ০০ এর সাউন্ডইফেক্ট ও OST আসলেই অনেক সুন্দর। প্রত্যেক ওপেনিং ও এন্ডিং সং বার বার শুনতে ইচ্ছা করে। ওপেনিং সং এর মধ্যে আমার সবচেয়ে ফেভরাইট UVERworld এর গাওয়া “Hakanaku mo Towa no Kanashi” গানটি [ লিঙ্ক- https://www.youtube.com/watch?v=eztenJFXqBw ] এবং এন্ডিং সং এর মধ্যে সবচেয়ে পছন্দের Stephanie এর গাওয়া “Friends” গানটি [ লিঙ্ক-https://www.youtube.com/watch?v=HnyM12Y5CnI ]। আর OST এর মধ্যে Tommy heavenly6 এর “Unlimited sky’’ খুব ভালো লেগেছে [ লিঙ্ক-https://www.youtube.com/watch?v=10n1ZJGx7A0 ]। গান্ডাম ০০ এর ভয়েস অ্যাক্টিং রোলও বেশ ভালো। Miki Shinichiro, Kamiya Hiroshi, Irino Miyu, Nakamura Yuuichi, Miyano Mamoru, Yoshino Hiroyuki, Park Romi, Kugimiya Rie সহ আরও ভালো ভালো ভয়েস এক্টর-এক্ট্রেস গান্ডাম ০০ এর ভয়েস অ্যাক্টিং রোলে ছিল।

Gundam 00 5

ওভারওল, গান্ডাম ০০ আমার কাছে বেশ ভালো লেগেছে। কাহিনী থেকে শুরু করে ক্যারেক্টার, আর্টওয়ার্ক, সাউন্ড সবকিছুই ছিল অসাধরন। গান্ডাম ০০ দেখার সময় অনেকটা কোড গিয়াসের ভাইব পেয়েছিলাম। সুতরাং, আপনারা যারা কোড গিয়াসের ভক্ত তারা এটা ট্রাই করে দেখতে পারেন। অনেকেই আছে মেকা হজম করতে পরেনা তাদের উদ্দেশে বলছি, গান্ডাম ০০ তে শুধু মোবাইল সুটের মধ্যে ফাইটিং এর পাশাপাশি বেশ সুন্দর স্টোরিলাইন আছে। তাই, আশা করি গান্ডাম ০০ দেখে কখনোই উদাস হবেন না। এখন সময় নিয়ে দেখে ফেলুন গান্ডাম ০০।

[ এখান থেকে ডাউনলোড করুন Mobile Suit Gundam 00 (Complete) ব্লুরে –http://www.animechiby.com/mobile-suit-gundam-00-cs-bd/ ]

Gundam 00 6

এনিমে সায়েন্স ১ – স্পাইস এন্ড উলফ ট্রেনি কাহিনী ১

আজ ২৮/১০/২০১৫ইং তারিখ বুধবার থেকে আমি পাভেল আহমেদ সকল সম্মানিত এনিমখোরের জন্য এনিমে সায়েন্স নামে একটি অভূতপূর্ব নতুন সেগমেন্ট চালু করতে যাচ্ছি।

AS 1

সাধারনত আমি ANIME কে আনিমু, এনিমু, আনিমে বা এনিমের পরিবর্তে এনিম উচ্চারন করি।
কিন্তু এই সেগমেন্টের নাম তো এনিমে সাইন্স!
তবে তার মানে এই নয় যে আমি আমার উচ্চারনভঙ্গি পরিবর্তন করে ফেলছি।
বরং এর মানে এই যে আমি এনিমে সায়েন্স দিয়ে বোঝাচ্ছি এনিমের মধ্যে সায়েন্স! (সেগমেন্টের নামের মধ্যেও এমনকি ভাষাগত সায়েন্স দেখা যাচ্ছে!!)
এই সেগমেন্টে এনিমের ভিতরের পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, বাংলা, অংক, ইংলিশ সব ধরনের সায়েন্স নিয়ে আলোচনা করে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হবে!
এমনকি রীতিমতো এনিম লজিক অনুসারেও সাইন্টিফিক ব্যাখ্যা বিশ্লেষণসমূহ এই পোস্টে দেওয়া হবে!!

কয়েকদিন আগে NO VO চান একটি পোস্টে জিজ্ঞাসা করেছিলেন যে, কেউ কি তাকে Spice and Wolf এর মধ্যযুগীয় অর্থনৈতিক ব্যাপারগুলো বুঝিয়ে দিতে পারবে কি না?
সে জন্যই মূলত এই লেখাটির জন্ম হয়েছে। কিন্তু এত বিশাল এক্সপ্লেনেসন কমেন্ট হিসেবে দেওয়া সম্ভব ছিল না বলেই সরাসরি পোস্ট করছি।
বিঃদ্রঃ মিরাজ সব তোর দোষ! -_-

স্পাইস এন্ড উলফ এর মধ্যযুগীয় অর্থনীতি বুঝতে হলে চাহিদা, জোগান, বিনিময় এবং অবশ্যই অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ অর্থ বা টাকা বা মানি সম্পর্কে বেসিক ধারনা থাকতে অবে। আর বলাই বাহুল্য যে মানির মান আল্লায় রাখে!
এখানে বলে রাখা ভালো যে আমি কিন্তু অর্থনীতির ছাত্র না। স্কুলে থাকতে সমাজ বইতে যা পড়েছিলাম আর ভার্সিটিতে এক সেমিস্টারে যা পড়ানো হয়েছিল সেটাই আমার ভরসা!!
তো আমি যতটা সম্ভব সহজভাবে একদম বেসিক থেকে শুরু করছি তাই একটু ধৈর্য ধরুন এবং পড়তে থাকুন। বোরিং লাগলে আমি, আপনি, কোন অর্থনীতিবিদ, এনিমখোরের এডমিন প্যানেল, দুনিয়া অথবা পুরো ইউনিভার্সের কেউই কোনক্রমে দায়ী নয়!!!
তবে তার আগে…..
যারা যারা স্পাইস এন্ড উলফ দেখেনি তাদের জন্য স্পয়লার এলারট!
তবে স্পয়লার এখনই শুরু হবে না।
আসল স্পয়লার শুরুর আগে আরেকদফা এলারট দেওয়া হবে।

আমরা যখন পণ্যদ্রব্য কেনাকাটা করি তখন সেগুলো নির্দিষ্ট দামের বিনিময়ে কিনি। প্রাচীনকালে যখন টাকা ছিল না তখন বিনিময় প্রথা চালু ছিল। অর্থাৎ এক পণ্যের বিনিময়ে অন্য একটি পণ্য কিনতো তখন মানুষ। যেমনঃ একজন কৃষক হয়তো ১ জন জেলেকে ১০ কেজি চাল দিয়ে ১০ টি ইলিশ মাছ কিনতে পারতো।

কিন্তু এই সিস্টেমের প্রধান ২ টি সমস্যা ছিলঃ
১। আমি চালের বিনিময়ে মাছ কিনতে চাইলেও যার কাছে মাছ আছে তার চাল প্রয়োজন নাও হতে পারে। সুতরাং সে আমাকে চালের বিনিময়ে মাছ বিক্রি করতে চাইবে না। তার হয়তো গম প্রয়োজন কিন্তু আমার কাছে গম নেই। তার মানে আমরা উভয়েই এক্ষেত্রে অসফল।
২। দ্রব্য মূল্যের কোন স্ট্যান্ডার্ড বা আদর্শ মাপ কাঠি ছিল না। ফলে কোন জিনিসের মূল্য কেমন হতে পারে সে সম্পর্কে কারও কোন ধারনাই ছিল না। যার কারনে বিনিময় করার সময়ে একেক জন একেক হিসাবে পণ্য বিনিময়ের মাধ্যমে বেচাকেনা করতো।

দ্রব্য মূল্যের স্ট্যান্ডার্ড বলতে আমরা মূল্য পরিমাপ করার একককেই বোঝাচ্ছি। যেমনঃ দৈর্ঘ্য, প্রস্থ মাপার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড (SI) এককে মিটারকে আদর্শ মানা হয়। সময় মাপার জন্য সেকেন্ড, মিনিট, ঘণ্টা ইত্যাদি ব্যাবহার করা হয়।

তো এসকল সমস্যা সমাধান করার জন্য Intermediary বা মধ্যবর্তী কিছু একটার প্রয়োজন ছিল। এবং মধ্যযুগে সেই মধ্যবর্তী জিনিস হিসেবে ব্যাবহার করা হয় স্বর্ণ আর রূপা। আরও স্পেসিফিকালি বলতে গেলে স্বর্ণ আর রূপার মুদ্রা। ফলে দাম নির্ধারণে এবং কেনাকাটায় সকল সমস্যার সমাধান হয়ে গেলো।

স্বর্ণ আর রূপা কেন ব্যাবহার করা হতো?

কারন ধাতুগুলো প্রাকৃতিকভাবেই চকচকে, স্বাভাবিকের থেকে ভিন্ন রং বিশিষ্ট এবং প্রকৃতিতে এর সুলভতা কম অর্থাৎ এগুলো খুঁজে পাওয়া তুলনামূলক কঠিন ব্যাপার।
এছাড়াও স্বর্ণ আর রূপার আরেকটি সুবিধা হল পরিবনযোগ্যতা। ছোট ছোট স্বর্ণ এবং রূপার টুকরা বা কয়েন খুব সহজেই কোন ধরনের থলেতে করে পরিবহন করা যায়। ধাতু হবার কারনে স্বর্ণ ও রূপার নমনীয়তা বৈশিষ্ট্যের কল্যাণে একে গলিয়ে ইচ্ছামত আকৃতি দেওয়া যায়।
পরিবহনযোগ্যতা বৃদ্ধি করার জন্য টাকার আকৃতি ছোট রাখতে হয় এবং একই সাথে সহজে যেন ক্ষয় না হয় সেদিকেও খেয়াল রাখতে হয়। স্বর্ণ আর রূপার মুদ্রা একই সাথে ছোট আকৃতির হবার কারনে সহজে পরিবহনযোগ্য এবং সহজে ক্ষয় হয় না বলে মধ্যযুগে এর জনপ্রিয়তা ব্যাপক ছিল। ঠিক একই কারনে বর্তমানে কাগজের টাকা বা ধাতব কয়েনের পরিবর্তে ক্রেডিট কার্ড সিস্টেম এবং মোবাইল ব্যাংকিং এত জনপ্রিয় হয়েছে।

এখন স্বর্ণ দিয়ে যখন কয়েন বানানো হয় তখন ওই কয়েনের মূল্য নির্ভর করে কয়েনে থাকা খাঁটি স্বর্ণের পরিমানের উপর। সোজা ভাষায় যে কয়েনে স্বর্ণের পরিমান বেশি সে কয়েনের মূল্যও বেশি। একই কথা রূপার কয়েনের ক্ষেত্রেও খাটে। অবশ্যই স্বর্ণমুদ্রার দাম রৌপ্যমুদ্রার থেকে বেশি। এখানে আরেকটা কথা আছে। কয়েনের ফেস ভ্যালু বা ব্র্যান্ড ভ্যালুও কিন্তু একটা ফ্যাক্ট। একেক কয়েন একেক রাজ্যের লর্ড ইস্যু করেন। সত্যি কথা হল যে কয়েনের ব্র্যান্ড বা ফেস ভ্যালু এতে থাকা স্বর্ণ বা রূপার থেকেও বেশি। আমেরিকান ডলার আর বাংলাদেশি টাকার মূল্যের পার্থক্য দিয়ে ব্যাপারটা বুঝা যেতে পারে।

এখন এই ব্র্যান্ড ভ্যালু কিভাবে কয়েনের মূল্যকে প্রভাবিত করে?

একটা ব্যাপার বুঝতে হবে যে টাকার আসলে কিন্ত কোন মূল্য নেই। টাকার মূল্য দিয়ছি আমরা। টাকা মানুষের তৈরি একটা জিনিস যাকে মানুষ কোন কিছুর মূল্য নির্ধারণে ট্রাস্ট করছে। যদি কোন কয়েন বা কারেন্সির উপর থেকে মানুষের ট্রাস্ট হারিয়ে যায় তখন সেই কারেন্সি ভ্যালুলেস হয়ে যায়। তার মানে যে কারেন্সি বা কয়েনের অর্থাৎ কয়েনের যে ব্র্যান্ডের উপর মানুষ বেশি ট্রাস্ট করবে সে কয়েন বা কারেন্সির অর্থাৎ সেই ব্র্যান্ডের মূল্যও বেশি হবে। আর ট্রাস্ট কম করলে তার মূল্যও কম হবে। এটা যেমন কোন প্রোডাক্ট এর ব্র্যান্ডের ক্ষেত্রে সত্য ঠিক তেমনি টাকার ফেস বা ব্র্যান্ডের ক্ষেত্রেও সত্য।

উদাহরনঃ ইজি (EASY) বা প্লাস পয়েন্ট ব্র্যান্ডের একটি টি সার্ট এর মূল্য একটি নন ব্র্যান্ডের টি শার্ট এর থেকে বেশি হয় যেহেতু মানুষ এই দুটি ব্র্যান্ডকে ট্রাস্ট করে। আবার পোলো শার্টের মূল্য এই দুই ব্র্যান্ডের শার্ট এর থেকেও বেশি। একই কথা আমেরিকান ডলার এবং বাংলাদেশি টাকার ক্ষেত্রেও খাটে। এই ব্যাপারটা আরও ভালোভাবে বোঝার জন্য C MONEY OF SOUL AND POSSIBILITY CONTROL নামের মাত্র ১১ পর্বের এনিমটি দেখতে পারেন।

বর্তমান সময়ে চালু থাকা কাগজের/প্লাস্টিকের টাকা বা ধাতব কয়েনের মূল্যও কিন্তু আসলে একটি দেশের স্বর্ণের রিজার্ভ এর উপর ভিত্তি করে নির্ধারিত হয়। অর্থাৎ আসলে আমরা এখনও সেই প্রাচীন আমলের মত স্বর্ণ দিয়েই কেনাকাটা করছি। পার্থক্য হল যে সরাসরি স্বর্ণ বা রূপা আদান প্রদান করার পরিবর্তে আমরা অন্য এমন কিছু ব্যাবহার করছি যা স্বর্ণের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে। অর্থাৎ টাকা, ডলার, পাউন্ড, রুপী, দিনার, রিয়াল, ইয়েন, পেসো এগুলো সবই আসলে কোন না কোন নির্দিষ্ট পরিমানের স্বর্ণকেই রিপ্রেজেন্ট করে।

এখান থেকেই স্পাইস এন্ড উলফের প্রথমদিকের কাহিনীর ঘোরপ্যাঁচ এর সাথে সম্পর্ক শুরু হয়েছে যেখানে আমিও বেশ কনফিউজড হয়ে গিয়েছিলাম শুরুর দিকে।

স্পয়লার এলারট>>>>>
.
.
.
.
.
ক্রাফট লরেনসকে এক ছিঁচকা ব্যাবসায়ি তথ্য দেয় যে কোন একটি নির্দিষ্ট সিলভার কয়েনের পিউরিটি বৃদ্ধি করা হচ্ছে। মানে ওই কয়েনে সিলভারের পরিমান আরও বেশি হবে। লরেন্স ব্যাপারটা নিয়ে কিছুটা সন্দিহান থাকলেও একে একটা সম্ভাবনা হিসেবে ধরে নিয়েছিল এজন্য যে, সাধারনত কয়েনের পিউরিটি বৃদ্ধি করার ব্যাপারটি কমন একটা প্র্যাকটিস।
এখন প্রশ্ন হল যে পিউরিটি বৃদ্ধি করা হলে কার কি?
কয়েন তো একই থাকছে।
এর উত্তর একটাই।
আর সেটা হল একই কয়েনে সিলভারের পরিমান বাড়ছে। ফলে নতুন কয়েনগুলোর মূল্য পুরানো কয়েনগুলো থেকে বেশি হবে। তার মানে কয়েনও টেকনিক্যালি একই থাকছে না।
এখন এই ক্ষেত্রে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল নতুন কয়েন সার্কুলেশনের সময় পুরানোগুলো অন্য কোন দেশের কয়েনের সাথে এক্সচেঞ্জ করে ফেলা অর্থাৎ বিক্রি করে ফেলা।

ক্রাফট Holo কে জিজ্ঞাসা করে জানতে পারে যে ওই ছিঁচকা মিথ্যা বলছিল। ক্রাফট এর কথা অনুসারে কয়েনের ভ্যালু নিয়ে জালিয়াতি নতুন কিছু নয়, কিন্তু সে এই মিথ্যার পিছনের কারণটি ধরতে পারছিলো না। কারন তথ্যটি যদি মিথ্যা হয় এবং ক্রাফটের যদি লস হয় অথবা লাভ-লস কিছুই না হয় তাহলে ওই ছিঁচকারও কোন লাভ হওয়ার কথা না।
ক্রাফট এক্ষেত্রে সিদ্ধান্ত নেয় যে সে এই তথ্যটি বিশ্বাস করার ভান করবে কিন্তু পিছনে সে তথ্যের যথার্থতা জাচাই করার জন্য তদন্ত চালিয়ে যাবে। যদি তথ্যটি সত্যি হয় তখন সে প্রফিট করতে পারবে। আর তথ্যটি মিথ্যা হবার মানে হল যে, কেউ একজন ষড়যন্ত্র করছে। তখন ক্রাফট এই তথ্যটি ব্যাবহার করে প্রফিট করতে পারবে। মানে যেদিকে তাকাই শুধু প্রফিট আর প্রফিট!

যাই হোক ক্রাফট আর ছিঁচকার মধ্যে ডিল হয় যে ছিঁচকা ক্রাফটের কাছ থেকে ১০ ট্রেনি/থরেনি সিলভার কয়েনের বিনিময়ে ইনফরমেশন দিবে যে কোন কয়েনের সিলভার বৃদ্ধি করা হচ্ছে। এছাড়াও ক্রাফট প্রফিট করার পর প্রফিটের ১০% ও তাকে দিতে হবে। পুরান এবং নতুন কয়েনের ভ্যালুর পার্থক্য থেকেই প্রফিট আসবে। অবশ্যই তাদের মাঝে অফিসিয়াল কাগজেই চুক্তিপত্র সই করে ডিল হয়। কারন মুখের কথায় তো আর চিড়া ভিজে না!

তো শেষ পর্যন্ত জানা গেলো যে ট্রেনি/থরেনি সিলভার কয়েনের সিলভার পিউরিটি বৃদ্ধি পেতে পারে।

এখানে ক্রাফট হোলো এর কাছে কয়েনের মূল্য এক্সপ্লেইন করে ট্রেনি আর ফিলিং সিলভার কয়েনের তুলনা দিয়ে। ফিলিং সিলভার কয়েন বেশ জনপ্রিয় এবং এর সিলভার এর পরিমাণও বেশ রিচ। একারনে এটা ট্রেনি সিলভার কয়েনের প্রতিদ্বন্দ্বী রাইভাল। যখন মার্কেটে বিদেশী নতুন কোন কয়েন নিয়ে আসা হয় তখন দেশি কয়েনের রাইভাল বৃদ্ধি পায়। ওই বিদেশী কয়েন প্রস্তুতকারক দেশ তখন মার্কেটে প্রভাব বিস্তার শুরু করে। এটা ঠেকানোর জন্য দেশি কয়েনগুলোর পিউরিটি বৃদ্ধি করার প্রয়োজন পড়ে যাতে দেশি কয়েনের ভ্যালু আরও বেশি হয়।

উদাহরণঃ কাপড়ের ব্যাবসায়িদের মধ্যে কাপড়ের কোয়ালিটি নিয়ে প্রতিযোগিতা হয়। যে যত কম মূল্যে যত ভালো কাপড় দিতে পারবে মানুষ তার কাপড়ের দিকেই বেশি আগ্রহী হবে। কয়েনের কম্পিটিশনের ব্যাপারটিও অনেকটা এরকমই।
এই লজিক থেকে ক্রাফট ধারনা করে যে হয়তো ওই ছিঁচকা সত্যি কথাই বলছিল।

তদন্ত করার জন্য ক্রাফট হোলোকে নিয়ে তার এক পরিচিত মানি এক্সচেঞ্জ ব্যাবসায়ির কাছে যায়। এই মানি এক্সচেঞ্জ এর সিস্টেম আজ অবধি একইভাবে চালু আছে। তারা এক ধরনের কারেন্সির বিনিময়ে আরেক ধরনের কারেন্সি এক্সচেঞ্জ করে দেয় এবং কারেন্সি হ্যান্ডেলিং এর জন্য একটা নির্দিষ্ট পরিমান ফি রাখে।
সাধারনত মধ্যযুগে কয়েনের পিউরিটি বাড়ানো-কমানো কমন একটা ব্যাপার ছিল। আর মানি এক্সচেঞ্জারেরা এই ব্যাপারে বেশ সেন্সিটিভ ছিল। যখন কয়েনের পিউরিটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় তার আগে বেটা টেস্টিং এর উদ্দেশ্যে পিউরিটি সামান্য বৃদ্ধি করে মার্কেটে ছাড়া হয় মানুষের রিএকশন দেখার জন্য। এই রিএকশনের উপর নির্ভর করে যে পিউরিটি বাড়ানো হবে কিনা।

যা বলছিলাম, মানি এক্সচেঞ্জারের কাছে যখন তারা যায় তখন সেও বলতে পারে না যে আসলেই পিউরিটিতে কোন পরিবর্তন আছে কিনা। তাই হোলো দুটি ট্রেনি কয়েন হাতে নিয়ে কানের কাছে ঝাঁকিয়ে শব্দ থেকে রূপার ঘনত্ব বোঝার চেষ্টা করছিল। একটি ট্রেনি কয়েনকে পার্মানেন্টলি হাতে রেখে অন্য কতোগুলো ট্রেনি কয়েনকে একটা একটা করে বার বার এক্সচেঞ্জ করে সে এই কাজ করছিল। অনেক অভিজ্ঞতাসম্পন্ন মানি এক্সচেঞ্জারেরা নাকি এভাবে কয়েনের পিউরিটি পরীক্ষা করতে পারেন যদিও ব্যাপারটা লেজেন্ডে পরিনত হয়েছে!

তো এভাবেই হোলো এবং ক্রাফট বুঝতে পারে যে কয়েনের পিউরিটি নেমে গিয়েছে। অর্থাৎ ওই পুচকা ছিঁচকা আসলে একটা মিচকা!

কয়েনের ভ্যালু কমে যাওয়ার পরেও যদি ক্রাফট প্রফিট করতে পারে তাহলে প্রফিটের ১০% ওই ছিঁচকা পাবে। আর যদি ক্রাফট লস করে তাহলে ছিঁচকা শুধুমাত্র ক্রাফটের কাছ থেকে নেওয়া ১০ ট্রেনি সিলভার কয়েন ফেরত দিবে। অর্থাৎ কোনভাবেই ছিঁচকার লস হচ্ছে না। উল্টো এই ১০ ট্রেনি সিলভার কয়েনকে পুঁজি হিসেবে খাটিয়ে ইতিমধ্যে সে হয়তো প্রফিট করে নিতে পারবে কোথাও থেকে (হয়তো!)।

হোলো এরপর নতুন এক দৃষ্টিভঙ্গি থেকে ক্রাফটের কাছে সম্ভাব্য পরিস্থিতি ধরিয়ে দেয়। হয়তো ছিঁচকা সরাসরি ক্রাফটের কাছ থেকে প্রফিট করবে না। হয়তো কোন থার্ড পার্টির কাছ থেকে সে প্রফিট নিবে। ক্রাফটের মস্তিষ্কের বেয়ারিংগুলো বন বন করে ঘুরতে থাকে এবং অবশেষে সে এই মিথ্যার পিছনের জালিয়াতি ধরতে পারে! সে বলে যে কয়েনের মূল্য কমে গেলে তার থেকে প্রফিট করার একটা ট্রিক তার জানা আছে।
সে গিয়ে তৎক্ষণাৎ মিলন (!) কোম্পানিকে পরিস্থিতি সম্পর্কে ইনফর্ম করে তাদের সাথে এই বিষয়ে ডিল করার উদ্দেশ্যে। মিলন কোম্পানি সামান্য তদন্ত করে জানতে পারে যে ছিঁচকার পিছনের মিচকা হল মেডিও কোম্পানি। কিন্তু মেডিও কোম্পানিরও এমনকি এত বড় আকারের ষড়যন্ত্র করার মত ক্ষমতা নেই। তার মানে এদেরও পিছনের আসল মিচকা হল কোন এক অভিজাত ছিঁচকা।

এখন প্রশ্ন হল যে ট্রেনি সিলভার কয়েনের পিউরিটি বৃদ্ধি পাচ্ছে এই গুজব ছড়িয়ে তাদের লাভটা কি?

গুজব ছড়িয়ে লাভটা কি সে প্রশ্নের উত্তর পরের পর্বে পাবেন। আপাতত যা পেয়েছেন তাই নিয়েই সন্তুষ্ট থাকুন। একদিনে বেশি ডোজ নেওয়া ঠিক নয়!
আজকের মত এখানেই শেষ করছি।
ভালো থাকুন
সুস্থ থাকুন
সুখে থাকুন
শান্তিতে থাকুন এবং
এনিম দেখুন!

2 B Continued