Baccano! [রিভিউ] — Mehedi Zaman

Baccano

Baccano!
পর্বঃ ১৩
জনরাঃ অ্যাকশান, কমেডি, সুপারন্যাচারাল, হিস্ট্রিকাল (Historical), মিস্ট্রি (Mystery), সেইনেন

আচ্ছা আপনারা কি “Pulp Fiction” মুভিটা দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে বলি, এনিমে জগতের “Pulp Fiction” হল Baccano! এবার যারা মুভিটা দেখেননি তাদের জন্য বলি, আমরা যখন Puzzle সাজাই তখন একটা ছবি পুরো এলোমেলো থাকে; কিন্তু সাজানো শেষ হলে পুরো ছবিটি পরিষ্কার হয়ে যায়। Baccano!-ও ঠিক এরকম। পুরো সিরিজটি একদম শেষ পর্যন্ত এলোমেলো থাকে, তবে শেষের দিকে মোটামুটি ধারনা পাওয়া যায় কোন পর্বের কোন অংশটি কোন অংশের পরে। কি? বেশ মজাদার মনে হচ্ছে? তাহলে দেরি না করে দেখে ফেলুন অসাধারন এই এনিমে যার নাম Baccano!

কাহিনীঃ ৯/১০
যেহেতু কাহিনীর শুরু এবং শেষ আপনার নিজেকে বের করতে হবে তাই আমি এর কাহিনীর সারসংক্ষেপ এখানে বলবো না। বরং আমার কাছে কাহিনীটি কেমন লেগেছে সেই সম্পর্কে বলি। যখন Baccano! দেখা শুরু করি তখন প্রথমেই মনে হচ্ছিলো এপিসোড নাম্বার ঠিক আছে তো? তারপর দুই-তিনটা এপিসোড দেখার পর বুঝলাম এইটার স্টোরিলাইন এলোমেলো। পুরো সিরিজটা যখন শেষ হল তখন বুঝলাম যে কাহিনীটা ততটা প্যাঁচালো না যতটা আমি ভেবেছিলাম। যাইহোক, এখানে Don-দের নিয়েও কিছু ব্যাপার-স্যাপার আছে যা একে দিয়েছে আরেকটি নতুন মাত্রা। এপিসোডের পেসিং নিয়ে কোনো সমস্যা ছিল না এবং পুরো কাহিনীটাই বেশ চমকপ্রদ ছিল। তাই রেটিংও ৯ পাওয়ার যোগ্য।

চরিত্রঃ ৮.৮/১০
প্রথম কথা, Baccano! এনিমেটিতে অনেক চরিত্র রয়েছে; এমনকি প্রধান চরিত্রেরও কমতি নেই। সবার কথা বলা সম্ভব না হলেও দুটো চরিত্রের কথা না বললেই নয়; Isaac এবং Miria। পুরো এনিমেটাতে হাস্যকর সব কাজ করে নিজেদেরকে বিখ্যাত চোর বলে দাবি করে এই দুজন। আবার, বিভিন্ন জায়গায় এরাই কাহিনীর মূল হোতা হয়ে দাঁড়ায়। মূলত, পুরো সিরিজটাকে মজাদার করার কাজ ছিল মনেহয় এই দুজনার। এছাড়াও মূল চরিত্রের প্রত্যেকেই অনন্য বৈশিষ্ট্যের অধিকারী ছিল এবং চরিত্রের ক্ষেত্রে তেমন কোনো খুঁত না থাকলেও কিছু চরিত্রকে কিছুটা খাপছাড়া মনে হয়েছিল। তবে সবমিলিয়ে এই দিকটার বিচারেও এনিমেটি প্রশংসার দাবি রাখে।

এনিমেশনঃ ৯.৩/১০
এনিমেশনের কথা বলতে গেলে এককথায় অসাধারণ। অ্যাকশান সিনগুলো বেশ নিখুঁত ছিল এবং যেহেতু কাহিনীটি Chicago এবং New York – দুই জায়গা মিলিয়ে সেট করা হয়েছিল তাই উভয় শহরের প্রত্যেকটি বৈশিষ্ট্যই পূর্ণাঙ্গভাবে ফুটে উঠেছিল। কিছু শ্বাসরুদ্ধকর মুহূর্তের এনিমেশন আরো বেশি চমকপ্রদ করতে সক্ষম হয়েছিল এনিমেটি। তাই এখানে একটু বেশি রেটিং পাওয়াটাই স্বাভাবিক।

সাউন্ডট্র্যাকঃ ৮.৮/১০
Baccano!-এর সাউন্ডট্র্যাকের মধ্যে যেমন Jazz আছে তেমনি বেশ কিছু সাধারণ মিউজিকেরও ছোঁয়া আছে। এর ওপেনিংটি আমার বেশ প্রিয় কেননা সেখানে পুরো এনিমেটির ভাবমূর্তি ফুটে উঠে। এন্ডিংটাও মোটামুটি ভালই ছিল। Cowboy Bebop এর মতো এখানেও Jazz মিউজিক এর উদাহরণ থাকায় এনিমেটি একটু বেশিই অনন্য হয়ে উঠেছে।

এঞ্জয়মেন্টঃ ৯/১০
Baccano! আমি একদিনে দেখে শেষ করি এবং সত্যি কথা বলতে এর আনন্দদানে কোনো ঘাটতি ছিল না। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি উৎসুক চোখে এনিমেটি দেখেছি। বিশেষ করে কমেডি সিনগুলো অনেক মজার ছিল আর অ্যাকশান এর কথা তো বললামই না। সবমিলিয়ে Baccano! আমার অনেক প্রিয় একটি এনিমে।

সবকথার শেষ কথা হল আমি যেরকম Baccano! দেখে পুরো অন্যরকম আনন্দ পেয়েছি সেটি পেতে হলে এনিমেটি না দেখে উপায় নেই। যদি জিজ্ঞেস করেন সবমিলিয়ে আমি কত রেটিং দিব, তাহলে আমার উত্তর হবে ৮.৬/১০ যা আমার মতে Baccano! পাওয়ার যোগ্য।

এক ব্যক্তির অসাধারণ উক্তির দ্বারা আমি আমার রিভিউ শেষ করব। “Cast aside the illusion that there is a beginning and end to the story. The story has no beginning. And it has no end. All there is, is a performance of people connecting, living, influencing each other, and departing.”- Gustav St. Germain; যা Baccano! এনিমেটির ক্ষেত্রে পুরোপুরি খাটে।

Comments