Movie Time With Yami – 15

m15

Name- Arashi no Yoru ni / On a Stormy Night
Duration- 1 hour 47 minutes
MAL Score- 7.93
Ranked- 597
Genres- Adventure, Comedy, Drama, Fantasy

গতানুগতিক যেকোন মুভির চেয়ে এই মুভিটি আলাদা, তার প্রধান কারণ হল এই মুভিটিতে কোন মানুষ নেই। এই মুভিটির কাহিনী গভীর জঙ্গলে বসবাস করা পশুদের নিয়ে।

এক ঝড়ের রাতে বনে পথ হারানো মেষশাবক মেই আশ্রয় নেয় একটি ভাঙা কুড়েঘরে। প্রচন্ড ঝড়বৃষ্টি এবং বজ্রপাতের কারণে কুড়েটি অন্ধকার হয়ে থাকায় মেই ভেতরের কিছুই দেখতে পাচ্ছিল না। এই অবস্থায় সে বুঝতে পারে ঘরের মাঝে আরেকজনের উপস্থিতি।

কৌতুহলী মেই আগন্তুকের সাথে গল্প করতে থাকে। তাদের পছন্দ-অপছন্দ, শৈশবের কথা, আরও অনেক কথা। কথা বলতে বলতে তারা নিজেদের মাঝে অনেক মিল খুঁজে পায়, এবং বন্ধুত্ব করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা ঐ গুমোট অন্ধকারে একে অপরের চেহারা দেখতে পাচ্ছিল না একেবারেই। তাই তারা ঠিক করে, পরেরদিন দুপুরে এই কুড়েঘরের সামনেই তারা দেখা করবে, একে অপরকে চেনার জন্য বলবে, “আরাশি নো ইয়োরু নি”।

পরেরদিন তারা যথাসময়ে দেখা করল ঐ জায়গায়। কিন্তু দিনের আলোতে একে অপরকে দেখে একটা বড় ধরণের ধাক্কা খেল দুজনেই। এবং এটা তাদের দুজনেরই জীবন পাল্টে দিল।

মুভিটির আর্টওয়ার্ক একটু হতাশাজনক, তবে কাহিনীটা অতিরিক্ত বেশি সুন্দর। আমাদের সবারই বন্ধু আছে। বন্ধুত্বের গুরুত্ব আমরা কমবেশি সবাই জানি। কিন্তু বন্ধুত্বের জন্য যে কতকিছু করা সম্ভব, তা এই মুভিতে দেখানো হয়েছে।

আমার যেটা সবচেয়ে ভাল লেগেছে, পুরো ব্যাপারটিকে যতটা সম্ভব বাস্তব রাখা হয়েছে। কোথাও কোন অগুরুত্বপূর্ণ অংশ নেই। কাহিনীটিকে পরিপূর্ণভাবে প্রাণবন্ত রাখা হয়েছে।

সুতরাং হাতে তেমন কোন কাজ না থাকলে এই উইকএন্ডেই দেখে ফেলতে পারেন এই সুন্দর মুভিটি।

Movie Download Link-
http://kissanime.com/Anime/Arashi-no-Yoru-ni

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 14

 

a
Name- Steins;Gate: Fuka Ryouiki no Déjà vu
Duration- 1 hour 30 minutes
MAL Score- 8.66
Ranked- 49
Genre- Sci-Fi, Thriller
 
স্টাইনস;গেইট। পারফেকশনের আরেক নাম। যেকোন দিক থেকেই এই আনিমেটার কোন সমস্যা বের করা প্রায় অসম্ভব। সেই আনিমেরই যখন মুভি হয়, তখন তার কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি থাকে। আর সেই প্রত্যাশা খুব ভালভাবে পূরণ করেছে এই মুভিটি।
 
বারবার এক ওয়ার্ল্ডলাইন থেকে আরেক ওয়ার্ল্ডলাইনে শিফট করার কারণে ওকাবে রিনতারোর অস্তিত্ব বর্তমানে হুমকির মুখে। বর্তমান ওয়ার্ল্ডলাইনে তার কথা সবার স্মৃতি থেকে মুছে যাচ্ছে, একমাত্র মাকিসে কুরিসু বুঝতে পারছে কোন একজন মানুষের অনুপস্থিতি। কুরিসু কি পারবে ওকাবেকে স্টাইন্স ওয়ার্ল্ডলাইনে ফিরিয়ে আনতে? নাকি পৃথিবীর স্বার্থের জন্যে ওকাবে নিজেকে বিসর্জন দেবে?
 
স্টাইন্স গেইট আনিমেটার মতই মুভিতে অল্প সময়ে সবকিছু ঠিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। যাদের সিরিজটা ভালো লাগে তাদের অনেক ভালো লাগবে।
 
Download Link-
 
……………
 
Name- Steins;Gate: Oukoubakko no Poriomania / Steins;Gate: Egoistic Poriomania
Duration- 24 minutes
MAL Score- 8.52
Ranked- 88
 
সিরিজটার শেষ হওয়ার কয়েক মাস পরের কাহিনী। ফিউচার গ্যাজেট ল্যাবের সদস্যদের ফেরিস নিমন্ত্রণ জানায় আমেরিকা যাওয়ার জন্যে, যেখানে কুরিসু ফেরত গিয়েছে। মায়ুশি এবং অন্যরা প্ল্যান করে কুরিসুর সাথে দেখা করার।
 
OVA টিতে একটি বড় সারপ্রাইজ আছে, শুধুমাত্র সেটা দেখার জন্যে হলেও OVA টি সবার দেখা উচিত। আর সেইসাথে ফিউচার গ্যাজেট ল্যাবের মেম্বারদের আরও একবার দেখা পাওয়া…
 
Download Link-
 
এছাড়া সম্প্রতি স্টাইন্স গেইট এর ৪টি ৩ মিনিটের ONA রিলিজ হয়েছে।
 
Download Link-
 
অনেকেই আছেন, সিরিজটি দেখেছেন, কিন্তু এই দুটি দেখেননি, তাদের বলব অবশ্যই এই দুটি জিনিস সময় করে দেখে ফেলবেন, আর যারা সিরিজটি দেখেন নি এখনো, তারা একটু সময় করে সিরিজটি এবং এর সাথে সম্পর্কিত সব দেখে নেবেন।
 
 
Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 13

m13

Name- Summer Wars
Duration- 1 hour 54 minutes
MAL Score- 8.42
Ranked- 141
Genres- Comedy, Sci-Fi

কেনজি একজন হাইস্কুল ছাত্র, তার গণিতে পারদর্শিতার জন্য সে পরিচিত। তার বন্ধুদের সাথে সে ভার্চুয়াল রিয়্যালিটি ওয়ার্ল্ড ওজ এর মডারেটর হিসেবে কাজ করে। গ্রীস্মের ছুটি শুরুর ঠিক আগে একদিন তার স্কুলের সুন্দরী এবং জনপ্রিয় সেনপাই নাতসুকি তাকে প্রস্তাব দেয় নাতসুকির সাথে তার বাড়িতে যেতে নাতসুকিকে একটা বিশেষ কাজে সাহায্য করার জন্য। সেনপাইকে সাহায্য করতে তাই কেনজি নাতসুকির সাথে রওনা দেয় তার বাড়ির উদ্দেশ্যে।

বাড়িতে পৌছে কেনজি আবিস্কার করে যে নাতসুকির বিশাল একান্নবর্তী পরিবারের সকল সদস্য একসাথে মিলিত হয়েছে, নাতসুকির দাদীর ৯০তম জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য। এবং এই অনুষ্ঠানে দাদীকে খুশি করার জন্য নাতসুকি চায় কেনজি যেন তার ছেলেবন্ধু সেজে দাদীর সামনে হাজির হয়। ঘটনার আকস্মিকতায় কেনজি প্রথমে ভড়কে গেলেও চেষ্টা করতে থাকে নাতসুকির পরিবারের সামনে অভিনয় চালিয়ে যেতে।

এমন অবস্থায়, এক রাতে হঠাৎ কেনজির ফোনে একটি মেসেজ আসে, যেখানে একটি গানিতিক সমস্যা দেয়া থাকে। এটাকে কোন ধরণের চ্যালেঞ্জ মনে করে কেনজি সমস্যাটি সমাধান করে উত্তর পাঠিয়ে দেয় প্রেরককে। কিন্তু পরেরদিন সে আবিষ্কার করে, সে এই ধাঁধার সমাধান করে আসলে ঘটিয়ে ফেলেছে এক ভীষণ বিপদ। যে বিপদ থেকে পরিত্রাণের উপায় খুঁজতে হবে তাকেই।

এই মুভিটির নামটা মনে পড়লেই প্রথম যে কথাটা মাথায় আসে, তা হল, পরিবার। আমরা সবাই আমাদের পরিবারের সাথে থাকি। কিন্তু আমরা যেভাবে জীবনযাপন করছি, সেটাকে কি আসলেই পরিবারের সাথে থাকা বলা যায়? এই মুভিটি দেখে আজকালকার সময়ের বহুল প্রচলিত প্রশ্নটি নতুন করে মাথায় উকি দিয়েছে। পরিবার পরিজন, আত্মীয় স্বজন যে একজন মানুষের কত বড় সম্পদ, তা এই মুভিতে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আর সেই সাথে ওজ এর পৃথিবী তো আছেই!!

সুতরাং, হাতে তেমন কোন কাজ না থাকলে এই উইকএন্ডেই দেখে ফেলতে পারেন চমৎকার এবং আমার অত্যন্ত পছন্দের এই মুভিটি।

Download Link –
http://kissanime.com/Anime/Summer-Wars/Movie?id=75355

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 12

 

domain_murder1

Name- Domain of Murder / Hello Harinezumi: Satsui No Ryoubun
Duration- 51 minutes
MAL Score- 6.54
Ranked- 4736
Genres- Mystery, Drama, Psychological, Seinen

এটি আসলে একটি OVA, অনেক আগে নির্মিত এবং অনেক অপরিচিত।

কাহিনী শুরু হয় একজন মহিলার লাশ উদ্ধার করার মাধ্যমে। এক শীতের সকালে পুলিশ নদীর পাড় থেকে গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে এবং এই খুনের জন্য সন্দেহভাজন ব্যক্তির ছবি শহরে ছড়িয়ে দেয়।
মিসেস সায়োকো তার ছোট ছেলেকে নিয়ে একা বসবাস করেন। তার মেয়ে একটি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে, এবং তার স্বামী নিখোঁজ। তিনি সন্দেহভাজন ব্যক্তির ছবি দেখে তার স্বামীকে চিনতে পারেন। তিনি একজন প্রাইভেট ইনভেস্টিগেটরের সাথে যোগাযোগ করেন, যাতে পুলিশ তার স্বামীকে ধরে ফেলার আগে তিনি অন্তত একবার কথা বলার সুযোগ পান তার সাথে।

প্রাইভেট ইনভেস্টিগেটর গোরো লোকটির খোঁজে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে থাকে এবং লোকটির নিখোঁজ হওয়ার পরের জীবনের কাহিনী আস্তে আস্তে অনাবৃত করতে থাকে। এবং এভাবেই সে কিছু চমকপ্রদ তথ্য আবিষ্কার করে।

১৯৯২ সালে নির্মিত এই OVA টির আর্টওয়ার্ক দেখে শুরুতে একটু নিরাশ হয়েছিলাম, কিন্তু এরপর স্টোরি আর্টওয়ার্কের কমতিটা পুষিয়ে দিয়েছে। কোথা দিয়ে ৫১ মিনিট পার হয়ে গেল টেরই পাইনি।

মাই আনিমে লিস্টে এটার রেটিং দেখে প্রথমে একটু হতাশ হয়েছিলাম, কিন্তু পরে দেখতে শুরু করে বুঝেছি, না দেখলে মিসই করতাম ভাল একটা OVA।

সুতরাং, হাতে তেমন কোন কাজ না থাকলে এই উইকএন্ডেই দেখে ফেলতে পারেন চমৎকার এই OVA টি।

Download Link –
http://kissanime.com/Anime/Domain-of-Murder

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 11

the-garden-of-words_917_1680

 

Name- The Garden of Words / Kotonoha No Niwa
Duration- 46 minutes
MAL Score- 8.37
Ranked- 170
Genre- Romance

গার্ডেন অফ ওয়ার্ডস। কথাটির অর্থ করলে দাড়ায় শব্দের বাগান। এবং এই মুভিটিতে শব্দ অনেক রয়েছে। গাছের পাতায়, ঝিলের পানিতে বৃষ্টির শব্দ; চায়ের কাপে টুংটাং শব্দ, মৃদু হাসির শব্দ, ট্রেন চলার শব্দ, মৃদুস্বরে কথা বলার শব্দ। সব শব্দকে ছাপিয়ে অন্য একটা শব্দও শুনতে পাওয়া যায়। এই শব্দকে কানে শোনা যায়না, অনুভব করতে হয়, কারণ মনের না বলা কথার নীরব ধ্বনি যেমন জোরালো, তেমনই ক্ষীণ।

মুভিটির কাহিনী তাকাও নামের ১৫ বছর বছর বয়সী এক হাইস্কুলের কিশোরকে নিয়ে, যার স্বপ্ন হল জুতো বানানো। সে তার স্বপ্ন বাস্তবায়নের জন্য অনুশীলন করে, যদিও তার পরিবারের লোকেরা এবং আত্মীয়স্বজন তার এই শখটাকে মোটেই ভালো চোখে দেখেনা। তাদের ধারণা তাকাও এসব করে শুধু তার নিজের ভবিষ্যৎ নষ্ট করছে।

এক বৃষ্টির দিনে তাকাও স্কুল মিস করে একটি জাপানি ধাঁচের বাগানে চলে যায়। সেখানে একটি ছাউনিতে বসে সে তার জুতার ডিজাইন নিয়ে কাজ করতে থাকে। সেখানে তার দেখা হয় ইউকিনো নামের একজন মধ্যবয়সী সুন্দরী মহিলার সাথে। হালকা কথাবার্তা হয় তাদের মধ্যে। হঠাত করে ইউকিনো সেখান থেকে উঠে চলে যান। যাওয়ার সময় একটি জাপানি কবিতার কিছু লাইন তাকাওকে শুনিয়ে যান।

এরপর যখনি বৃষ্টি হত, তখনি ইউকিনোর সাথে দেখা হত তাকাও এর। এভাবে হালকা কথাবার্তার মাধ্যমে তাকাও এবং ইউকিনোর মাঝে সম্পর্ক গাঢ় হতে থাকে। কিন্তু আস্তে আস্তে বর্ষাকাল শেষ হয়ে এলো। তাকাও এবং ইউকিনোর মাঝে দেখা হওয়ার সম্ভাবনাও আস্তে আস্তে ম্লান হয়ে যেতে থাকল।

ডিরেক্টর হিসেবে মাকোতো শিনকাই এর সুনাম কারোই অজানা নয়। কাজেই তার কাজ যে খুব সুন্দর হবে এটা আশা করাই স্বাভাবিক। মুভিটির গ্রাফিক্স অত্যন্ত চমৎকার, শুধু এই গ্রাফিক্স দেখেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছা করে পুরোটা সময়। বৃষ্টি পড়ার দৃশ্যগুলো অতিরিক্ত সুন্দর। মুভিটির এন্ডিংটা মোটামুটি এই ডিরেক্টরের অন্যান্য কাজগুলোর এন্ডিংকে ফলো করেছে।

তবে আমার নিজের একটা ব্যাপারে একটু আফসোস থেকে গেছে, মাত্র ৪৫ মিনিটে মুভিটি শেষ হয়ে যাওয়ায়। আরও কিছুক্ষণ দেখার ইচ্ছাটা বারবার কষ্ট দিয়েছে। আর মুভি শেষে যে গানটা প্লে হয়… এককথায় চমৎকার!!

মুভিটি অনেক বিখ্যাত, আশা করি সবাই দেখে ফেলেছেন, আর যদি কেউ না দেখে থাকেন, তাহলে এই ঈদের বন্ধের সুযোগে দেখে ফেলুন। আপনার ৪৫ মিনিট যে খুব চমৎকার কাটবে, তা নিশ্চিত। আরেকটা কথা, এই মুভিটি পারলে অবশ্যই 1080p তে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে একটা মুভির অ্যানিমেশন কতটা চমৎকার হতে পারে।

Movie Download Link-
http://kissanime.com/Anime/The-Garden-of-Words

Ending Song Link-
https://youtu.be/tsrPAk8MmFM

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

 

Movie Time With Yami – 10

 

jpwg0dgRhzVEi
Name- Harmonie
Duration- 25 minutes
MAL Score- 7.69
Ranked- 965
Genre- Fantasy, Supernatural, Seinen

এটিও ইয়াং অ্যানিমেটর ট্রেনিং প্রজেক্টের আরেকটি চমৎকার মুভি।

হোনজো আকিয়ো একজন হাইস্কুলের ছাত্র। আর দশটা হাইস্কুলের ছাত্রের মতই তার জীবন। তার জগতে আছে তার স্কুল, তার বন্ধুবান্ধব। সে ক্লাসে যায়, বন্ধুদের সাথে আড্ডা দেয়। সেইসাথে নিজের ফোনের পিয়ানোতে সুর তুলতে পছন্দ করে সে।

হোনজোর সহপাঠী মাকিনো জুরি। তার এবং হোনজোর পৃথিবী আপাতদৃষ্টিতে একেবারেই আলাদা। জুরি শান্তশিষ্ট এবং চাপা স্বভাবের, তার নির্দিষ্ট বন্ধুদের সাথেই সে তার সময় কাটায়।

জুরির এক বন্ধু একদিন মজা করার জন্য জুরির ফোনে থাকা একটি অচেনা গান জুরির ফোনের রিংটোন হিসেবে সেট করে দেয়। ক্লাসের মাঝে হঠাৎ জুরির ফোন বেজে ওঠে এবং সেই গান সবাই শুনতে পায়।

ক্লাসের পর হোনজো সেই গানটি বাজাতে চেষ্টা করে। দূর থেকে তা শুনতে পেয়ে তার কাছে ছুটে আসে জুরি। এবং এরপরই এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হয় তারা দুজন।

মানবিক অনুভূতিগুলো সব মানুষের মাঝে সমানভাবে থাকেনা। আর এ কারণে প্রতিটি মানুষের নিজস্ব জগৎ আলাদা। একজনের জগতের সাথে আরেকজনের জগত কখনোই তেমন একটা মেলে না। কারো কল্পনার জগতের সাথে যদি আরেকজনের জগৎ মিলে যায়, তাহলে তারা অনেক ভাগ্যবান মানুষ।

২৫ মিনিটের ছোট মুভি এটা, তাও আবার কোন এক্সপার্ট ডিরেক্টরের কাজ না, কিন্তু মুভিটা দেখার সময় একবারও এ কথা মাথায় আসেনা। এর অ্যানিমেশন অতিরিক্ত সুন্দর। মুভিটা শেষ হওয়ার পর বারবার মনে হয়েছে, আরেকটু কাহিনীটা এগোলে আরও কিছুক্ষণ উপভোগ করতে পারতাম!

আরেকটা ব্যাপার না বলাটা অন্যায় হবে, মুভি শেষে একটি গান প্লে হয়, গানটা অতিরিক্ত সুন্দর। শুধুমাত্র এই গানটিই মন ভালো করে দেয়ার জন্যে যথেষ্ট।

সুতরাং, হাতে তেমন কোন কাজ না থাকলে এই উইকএন্ডেই দেখে ফেলতে পারেন চমৎকার এবং আমার অত্যন্ত পছন্দের এই মুভিটি।

Movie Download Link –
http://kissanime.com/Anime/Harmonie

মুভি শেষে প্লে হওয়া গানটির ইউটিউব লিঙ্ক-
http://www.youtube.com/watch?v=ims8BDBBtFQ

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 09

m9

Name- Piano No Mori / The Perfect World of Kai / Piano Forest
Duration- 1 hour 40 minutes
MAL Score- 7.94
Ranked- 578
Genre- Adventure, Comedy, Drama, Music, School

মাঝে মাঝে কিছু মুভি সামনে পড়ে, দেখার পর একধরণের শান্তি আসে মনে, যেটাকে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এই মুভিটা দেখে সেরকমই লেগেছিল। অল্প সময়ের মাঝেই মনে ছাপ ফেলে দিয়েছে।

পিয়ানো নো মোরি। অর্থাৎ পিয়ানোর জঙ্গল। নামটা পড়ার পর ভেবেছিলাম হয়ত অতিপ্রাকৃত কিছু অথবা জঙ্গলের রহস্য টাইপের কিছু হবে। দেখার পর বুঝেছি, যা আশা করছিলাম তেমন কিছু না, তবে আবার একদিক থেকে আশা পূরণও হয়েছে। জাপানের এক গ্রামাঞ্চলের একটি জঙ্গলে পড়ে থাকা এক ভাঙ্গা পিয়ানো নিয়ে এ মুভিটির কাহিনী।

আমামিয়া সুহেই, একজন বিখ্যাত পিয়ানিস্টের সন্তান। এলিমেন্টারি স্কুলে পড়ে সে। তার দাদীর অসুস্থতার কারণে কিছুদিনের জন্যে তাদের পরিবারকে টোকিও ছেড়ে আসতে হয় গ্রামে। বিখ্যাত পিয়ানস্টের সন্তান হওয়ার কারণে সুহেই নিজেও ছোটবেলা থেকে কঠোর চর্চা করে ভালো পিয়ানিস্ট হওয়ার জন্যে। এ জন্যে গ্রামে এসেও পিয়ানো চর্চা চালিয়ে যায় সে।

তার নতুন স্কুলের কিছু দুষ্টু ছেলে তাকে বলে জঙ্গলের ভেতরে পড়ে থাকা ভাঙ্গা পিয়ানোর কথা, যেটা থেকে কেউ কখনো শব্দ বের করতে পারেনি। প্রচলিত আছে যে পিয়ানোটা অভিশপ্ত। তারা সুহেই কে চ্যালেঞ্জ করে সেই পিয়ানোটা বাজানোর জন্যে। এতে রেগে যায় তারই আরেক সহপাঠী কাই। সে বলে, পিয়ানোটা মোটেই অভিশপ্ত নয়, এবং সে নিজে পিয়ানোটা বাজিয়েছে অনেকবার। এ নিয়ে দুষ্টু ছেলেদের সাথে মারামারি লাগে কাই এর।

স্কুল ছুটির পরে কাই সুহেইকে আমন্ত্রণ জানায় পিয়ানোটা নিজের চোখে দেখার জন্যে। প্রথমে দ্বিধা করলেও, কৌতূহলী সুহেই রাজি হয়ে যায় এবং দেখতে যায় সেই পিয়ানো। এবং তারপরেই সে আবিস্কার করে একটি অদ্ভুত তথ্য, যা তার এতদিনের কঠোর পরিশ্রমের মানেই পাল্টে দেয়।

কিছু কাজ আমরা করি ভালো লাগে তাই। আবার কিছু কাজ আমরা করি কারণ আমাদের তা করতেই হবে। এই দুয়ের যদি মেলবন্ধন হয়, তাহলে ফলাফল যেকোনো দিকেই যেতে পারে। সবসময় আমরা যা করি, তার ফল তখনি না পেলেও, কোথাও না কোথাও তার ফল পাওয়া যায়ই। এই মুভিটা দেখে সেটা আরেকবার উপলব্ধি করেছি।

র‍্যাঙ্ক দেখে বা রেটিং দেখে যে সবসময় ভালো খারাপ বিচার করা যায়না, তার একটি উদাহরণ এই মুভিটি। আর যাদের পিয়ানো শুনতে ভালো লাগে, তাদের আরও বেশি ভালো লাগবে এটা।

সুতরাং, হাতে তেমন কোন কাজ না থাকলে এই উইকএন্ডেই দেখে ফেলতে পারেন চমৎকার এবং আমার অত্যন্ত পছন্দের এই মুভিটি।

Movie Download Link –
http://kissanime.com/Anime/Piano-no-Mori

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 08

DB

Name- Death Billiards
Duration- 25 minutes
MAL Score- 8.05
Ranked- 445
Genre- Game, Psychological, Thriller

এই আনিমেটি খুব একটা পরিচিত না, আমার কাছে এটাকে অনেকটা ডায়ামন্ড ইন দ্য রাফ মনে হয়েছে।

কাহিনী শুরু হয় একটি বারে। একজন স্মৃতিভ্রষ্ট বৃদ্ধ মানুষ নিজেকে হঠাত একটি বারে আবিষ্কার করেন। একজন সুন্দরী বারটেন্ডার তাকে এগিয়ে নিয়ে পৌছে দেয় কাউন্টারে, যেখানে আরও একজন বারটেন্ডার আছে এবং স্যুট পরিহিত একজন মধ্যবয়সী লোক বসে আছেন। বৃদ্ধ এবং লোকটি, দুজনেই বারে আসার আগের ঘটনা মনে করতে চেষ্টা করে, কিন্তু খুব আবছাভাবে অল্পকিছু কথা ছাড়া আর কিছুই তারা মনে করতে পারেনা।

কাউন্টারের বারটেন্ডার তাদের জানায় যে তাদের দুজনকে এখন একটা গেম খেলতে হবে। এই গেম খেলার জন্য তাদের যে জিনিষটা বাজি ধরতে হবে, তা হল- তাদের জীবন !!

খেলার নিয়ম নরমাল বিলিয়ার্ড খেলার মতই। কিন্তূ খেলায় হারজিতের পরিণতি কি, বা কোন বল গর্তে ফেললে কি হতে পারে, এসব কিছুই জানাতে রাজি নয় বারটেন্ডার। কোন কিছু না জেনেই তারা দুজন খেলায় নামতে বাধ্য হয়। চলতে থাকে অনিশ্চয়তার খেলা।

২৫ মিনিট। যেকোন আনিমে সিরিজের একেকটা এপিসোড প্রায় এই লেনথের হয়। এতটুকু সময়ে একটা পরিপূর্ণ গল্প বলা এবং সেই প্রচেষ্টায় সফলভাবে উতরে যাওয়া খুব একটা সহজ কাজ নয়। কিন্তু এই মুভিটি এই অল্প সময়ের মাঝে মুভিটির বক্তব্য খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। আর এতে চিন্তাাভাবনা করার মত বেশ ভালো উপাদান আছে, যা দর্শককে অনেকক্ষণ আচ্ছন্ন করে রাখে।

মুভিটি ২০১৩ সালে আনিমে মিরাই এর ইয়াং অ্যানিমেটর ট্রেনিং প্রজেক্ট এর আন্ডারে ম্যাডহাউস এর প্রযোজনায় নির্মিত। এর কাহিনী লিখেছেন এবং পরিচালনা করেছেন Yuzuru Tachikawa.

সুতরাং, হাতে তেমন কোন কাজ না থাকলে এই উইকএন্ডেই দেখে ফেলতে পারেন চমৎকার এবং আমার অত্যন্ত পছন্দের এই মুভিটি।

Movie Download Link –

http://kissanime.com/Anime/Death-Billiards

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 07

 

gXTAi

Name- Nausicaä of the Valley of the Wind / Kaze no Tani no Nausicaa
Duration- 1 hour 57 minutes
MAL Score- 8.48
Ranked- 105
Genre- Adventure, Fantasy

কাহিনীর শুরু একটি ভয়াবহ যুদ্ধের ১০০০ বছর পরে, যেই যুদ্ধের পরিণতিতে পৃথিবী ৭ দিন আগুনে পুড়েছে, ধ্বংস হয়েছে সভ্যতা। বেশিরভাগ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিষাক্ত জঙ্গল, যেখানে বাস করে বড় বড় ভয়ংকর কীট। এই জঙ্গলের কোন কিছুর স্পর্শ মানুষের জন্য বয়ে আনতে পারে করুণ পরিণতি। অল্প কিছু জায়গা, যা এখনো বিষের কবলে পড়েনি, সেসব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বাস করে মানুষ।

এরকমই একটা এলাকা হল ভ্যালি অফ উইন্ড। এখানে বাস করে একটি গোত্র, যারা একটি লিজেন্ডে বিশ্বাস করে। তাদের যখন চরম বিপদ এসে হাজির হবে, তাদের রক্ষাকর্তা আসবে নীল পোষাক পরে, সোনালী মাঠের ওপর দিয়ে।

এই গোত্রের রাজকুমারী নওসিকা। চটপটে, প্রাণবন্ত নওসিকাকে তার গোত্রের সবাই ভালবাসে। সে তার নিজের গ্লাইডারে চড়ে বিষাক্ত জঙ্গলে ঘুরে বেড়ায়, আর খুঁজে বের করতে চেষ্টা করে দূষণ থেকে পরিত্রাণের উপায়।

নওসিকাদের এলাকায় একদিন হঠাৎ আক্রমণ করতে আসে অন্য আরেকটি গোত্র। তারা ভ্যালি অফ উইন্ড এবং এর কাছে অবস্থিত কীটের জঙ্গলের শান্তি নষ্ট করে, তান্ডব চালায় ইচ্ছামত। নওসিকার ওপর দায়িত্ব পড়ে নিজের গোত্রকে বাঁচানোর এবং একইসাথে তাদের এলাকাকে ধ্বংস থেকে বাঁচানোর।

মুভিটি প্রকৃতি এবং মানুষের সম্পর্ক, অযথা কলহের পরিণতি এবং একইসাথে মন থেকে আসা ইচ্ছার শক্তিকে খুব সুন্দরভাবে দেখিয়েছে। জিবলীর রাজকুমারীরা বরাবরই অসাধারণ, নওসিকাও তার ব্যতিক্রম নয়। আমার সবচেয়ে পছন্দ হয়েছে লিজেন্ডের অংশটুকু, বেঁচে থাকার জন্য সবারই এমন একটা আশা প্রয়োজন।

১৯৮৪ সালের মার্চ মাসে মুক্তিপ্রাপ্ত এ মুভিটিকে ধরা হয় অনেকটা স্টুডিও জিবলীর ভিত্তি হিসেবে। এই মুভির সাফল্যের হাত ধরেই যাত্রা শুরু হয় এই বিখ্যাত স্টুডিওর।

সুতরাং, হাতে তেমন কোন কাজ না থাকলে এই উইকএন্ডেই দেখে ফেলতে পারেন চমৎকার এই মুভিটি।

Movie Download Link –
http://kissanime.com/Anime/Kaze-no-Tani-no-Nausicaa

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 06

-Gin-and-Hotaru-hotarubi-no-mori-e-36865029-1600-1112

Name- Hotarubi No Mori E / Into the Forest of Fireflies’ Light
Duration- 44 minutes
MAL Score- 8.71
Ranked- 36
Genres- Drama, Romance, Shoujo, Supernatural

আনিমে মুভি দেখতে গিয়ে একটা ব্যাপার খুব খেয়াল করেছি, স্পিরিট, প্রকৃতি, এগুলোর কামিসামা (গড) এই ব্যাপারগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়ে থাকে। আর অসম ভালবাসা যে কত নিষ্ঠুর হতে পারে মাঝে মাঝে, আমার মতে মুভিগুলোতে সেই বৈচিত্র্য আরও বেশি ফুটে ওঠে। আজকের মুভিটিও তেমনই হৃদয়স্পর্শী।

মুভিটির কাহিনী হোতারু নামের এক মেয়েকে নিয়ে। সে প্রতি বছর গরমের ছুটিতে গ্রামে বেড়াতে যায়। খুব আগ্রহ নিয়ে এই ছুটিটার জন্য অপেক্ষা করে সে। কারণ, তার জন্য গ্রামে অপেক্ষা করে থাকে গিন।

হোতারু যখন খুব ছোট ছিল, তখন একবার জঙ্গলে হারিয়ে গিয়েছিল সে। তার কান্না শুনে তাকে সাহায্য করতে এগিয়ে আসে গিন। হোতারুকে পথ দেখিয়ে জঙ্গল থেকে বের হতে সাহায্য করবে সে, শর্ত একটাই, গিনকে স্পর্শ করা নিষেধ! কারণ, মানুষের স্পর্শ পেলেই যে অদৃশ্য হয়ে যাবে সে!

ভালবাসা কষ্টের, কিন্তু ভালবাসতে অক্ষম হওয়াটা আরও বেশি কষ্টের। সেই অক্ষমতার মাঝেও এক ধরণের অদ্ভুত আকাংখা মিশে থাকে, আর এই মুভির এই ব্যাপারটাই আমাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে। শেষ দশ মিনিট দেখার সময় নিশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম।

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত এ মুভিটি বিভিন্ন সময় জাপানে এবং বাইরে অনেক প্রশংসা কুড়িয়েছে এবং পুরষ্কারও জিতেছে। মুভিটিকে অনেকেই জিবলীর কাজের সাথে তুলনা করে থাকেন, কারণ দেখতে দেখতে এটিকে জিবলী মুভি বলে ভুল হতে পারে; যদিও এটি Brain’s Base এর মুভি।

সুতরাং, হাতে তেমন কোন কাজ না থাকলে এই উইকএন্ডেই দেখে ফেলতে পারেন চমৎকার এবং আমার অত্যন্ত পছন্দের এই মুভিটি।

Movie Download Link –

http://kissanime.com/Anime/Hotarubi-no-Mori-e

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!