Movie Time With Yami – 50

[আজকের সাজেশনটিকে বলা যায় বাঁশের চেয়ে কঞ্চি বড় সাজেশন, তিনটি খুবই ছোট্ট ওএনএ সাজেশন থাকছে। আর এটা এই সেগমেন্টের ৫০ তম পর্ব, এতদিন ধরে আমার সাথে থেকে আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ!]

raintown1

Name: Rain Town
Duration: 10 minutes
Genre: Drama

বৃষ্টির শহর। এ এক এমন শহরের গল্প, যেটি সারাটা বেলা বৃষ্টি দিয়ে ঘেরা থাকে। বৃষ্টির এই প্রকোপের কারণে শহরের বেশিরভাগ বাসিন্দা একে ছেড়ে চলে গিয়েছে। পরিত্যক্ত এই শহরের বৃষ্টিভেজা পরিবেশের মাঝেই সুন্দরভাবে চিত্রায়িত হয় এক ছোট্ট বালিকা ও এক রোবটের বন্ধুত্বের গল্প। তারা এই মুভির দশ মিনিটের ব্যাপ্তির মাঝে দর্শককে উপহার দেয় তাদের সুন্দর সম্পর্কের একটি কোমল চিত্র, যেখানে ভালবাসা আছে, বৈষম্যও আছে, স্মৃতিকাতরতা আছে, আবার অতীতকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার নিষ্ঠুরতাও আছে। এই অসম বন্ধুত্বের গল্প যেন আমাদের নিজেদেরই জীবনের একটি অংশ। ওএনএ টির শেষটি যে কারও মন খারাপ করিয়ে দিতে পারে।

মাত্র ১০ মিনিটের একটি ওএনএ এটি, কিন্তু এর অ্যানিমেশন অত্যন্ত চমৎকার ও উজ্জ্বল; দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। পুরোটা সময় বৃষ্টি পড়তে থাকে এতে, এবং বৃষ্টির অ্যানিমেশন খুবই বাস্তবধর্মী ও সুক্ষ্ম। এই বৃষ্টির মাঝেই এতগুলো অনুভূতি দক্ষতার সাথে ফুটিয়ে তোলা হয়েছে; অনেক বড় বড় অ্যানিমেও যেটা মাঝেমধ্যে পাওয়া যায়না। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকে পিয়ানোর শব্দটিও বেশ ভাল লাগে শুনতে; বৃষ্টি পড়ার শব্দের সাথে মিশে অন্যরকম এক আবহ তৈরি করে এটি।

Link- https://youtu.be/RLAfM1RXwRs

out-of-sight-4900-1

Name: Out of Sight
Duration: 6 minutes
Genre: Drama

এক সুন্দর সকালে নিজের পোষা কুকুর কোকোকে নিয়ে শহরে হাটতে বের হয় এক ছোট্ট মেয়ে। হঠাৎ এক ছিনতাইকারী মেয়েটির কাঁধের ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়! কোকো সাথে সাথে তাড়া করে লোকটিকে। এবং এরপরেই শুরু হয়, মেয়েটির পৃথিবীটাকে নতুন করে চিনতে শেখার পালা!

এই ওএনএটির ব্যাপারে সর্বপ্রথম যে কথাটি বলব, আপনারা অবশ্যই এটিকে কমপক্ষে দুইবার দেখবেন। এই ওএনএটি এত বেশি সুন্দর, কমপক্ষে দুইবার না দেখলে এটা থেকে পরিপূর্ণ অনুভূতি পাওয়া সম্ভব নয়। অ্যানিমেশন অতিরিক্ত বেশি সুন্দর, নিমেষেই মন ভাল করে দেবে। এবং ওএনএর শেষে রয়েছে একটি সারপ্রাইজ, যা দর্শককে কিছুক্ষণের জন্য হলেও বাকরূদ্ধ করে দেবে।

Link- https://youtu.be/4qCbiCxBd2M

New Bitmap Image

Name: My Life
Duration: 4 minutes
Genre: Drama, Slice of Life

এটি একটি মেয়ের জীবনের গল্প, তার কৈশোরের আনন্দের দিনগুলোর গল্প, তারুণ্যের রঙিন দিনগুলোর গল্প, তার ভাললাগা-ভালবাসার গল্প, সাফল্য-ব্যর্থতার গল্প। চার মিনিটের এই অল্প সময়ের ফ্রেমে তার পুরো জীবনটি চিত্রায়িত হয়। ওএনএ টির আর্ট খুব সুন্দর, ব্যাকগ্রাউন্ড মিউজিকও মানানসই। জীবনের পথে একজন মানুষের পরিণত হয়ে ওঠা থেকে শুরু করে ছোট ছোট আনন্দ-বেদনার গল্প, পুরোটাই খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এতে। দেখতে দেখতে নিজের জীবনের সাথে কিছুটা সাদৃশ্য খুঁজে পাওয়াও অসম্ভব কিছু নয়।

Link- https://youtu.be/M88E8o8Q_UQ

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 49

k38pCXNJGTFyADyMSWqOjbXREOs

Name: Summer Days with Coo / Kappa no Coo to Natsuyasumi
Duration: 2 hr. 15 min.
MAL Score: 7.68
Ranked: 1056
Genres: Adventure, Shounen

এদো আমলের জাপান। সভ্যতা তখনও পৃথিবীকে পুরোপুরি দখল করে নিতে পারেনি। পৃথিবীতে মানুষ এবং বনের পশুপাখিরা সহাবস্থান করে শান্তিপূর্ণভাবে। এই আমলেই পৃথিবীতে বাস করত “কাপ্পা” নামের একধরণের প্রাণী। বনের ভেতরের জলাশয় ছিল তাদের বাসস্থান। নির্বিবাদী এ প্রাণীগুলো সবসময় চেষ্টা করত মানুষের নজর এড়িয়ে নিজেদের মত করে বেঁচে থাকতে।এই আমলেই একদিন এক মাতাল সামুরাইয়ের অবিবেচনার শিকার হয়ে মারা যায় একটি কাপ্পা। সামুরাইয়ের হাত থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায় তার ছেলে, কিন্তু তখনই হঠাৎ সংঘটিত হওয়া এক ভূমিকম্পের কবলে পড়ে জীবন্ত জীবাশ্মে পরিণত হয় সে।

এরপর কেটে যায় প্রায় ২০০ বছর। পৃথিবীকে গ্রাস করেছে সভ্যতা। বনাঞ্চলকে সরে গিয়ে জায়গা দিয়েছে রাস্তাঘাট, বাড়িঘরকে। এই যুগেরই স্কুলছাত্র কৌইচি। একদিন স্কুল থেকে বাড়িতে ফেরার পথে জীবাশ্মে পরিণত হওয়া কাপ্পাটিকে খুঁজে পায় সে। বাড়িতে এনে জীবাশ্মটিকে পানি দিয়ে পরিষ্কার করতেই আবার প্রাণ ফিরে পায় সেটি। আস্তে আস্তে বিভিন্ন দ্বিধা-দ্বন্দ্ব, ভয়-ঘৃণার অবসান ঘটিয়ে কৌইচির পরিবারের অংশ হয়ে ওঠে সে। কিন্তু বর্তমান পৃথিবীর এত প্রতিকূলতাকে উপেক্ষা করে কিভাবে নিজের বেঁচে থাকার ব্যবস্থা করবে কাপ্পাটি?

মুভিটির কাহিনী খুব সহজ-সরল, হাসিকান্না, দুঃখ, অভিমান এবং টুকরো টুকরো আনন্দে ভরা, যে কারণে এটি যে কোন সময়ে বসে উপভোগ করা যায়, কিন্তু একইসাথে এতে কিছুটা নৃশংসতার উপস্থিতি রয়েছে, ঐ অল্প কিছু অংশ দেখলে একটু অস্বস্তি লাগতে পারে অনেকের। কিন্তু কাহিনীটি খুবই চমৎকার, মনকে ছুঁয়ে যাওয়ার মত, পেসিং খুবই ভাল, একটুও বোরিং লাগেনি কখনো, প্রতিটা মূহুর্তে “কি হবে, কি হবে” ধরণের একটি উত্তেজনা কাজ করতে থাকে দেখার সময়। ক্যারেক্টার ডিজাইন ডিসেন্ট, কিন্তু ডেভেলপমেন্ট চমৎকার, তাদের কিছুক্ষণের মাঝেই আপন বলে মনে হতে থাকে। আর্টওয়ার্ক এবং ওএসটি মানানসই, কাহিনীটিকে সুন্দরভাবে চোখের সামনে তুলে ধরে।

তাই সময় পেলে দেখে ফেলুন দুই ঘন্টার এ সুন্দর মুভিটি, আর ঘুরে আসুন গ্রীস্মের সেই দিনগুলোতে; ক্যু এবং কৌইচির সাথে!

Movie Download Link-
http://kissanime.com/Anime/Summer-Days-with-Coo

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

আনিমে রিভিউ- ইয়ামাতো নাদেশিকো শিচি হেঙ্গে; লিখেছেন ইশমাম আনিকা

জনরা- কমেডি, শৌজো
এপিসোড সংখ্যা- ২৫৪ জন সুদর্শন হাইস্কুল ছাত্রের ওপর তাদের ল্যান্ডলেডী দায়িত্ব চাপিয়ে দিলেন, তার অসামাজিক ভাতিজিকে সমাজে চলার উপযোগী এবং আকর্ষণীয় করে গড়ে তুলতে হবে। কাজটা করতে পারলে তাদের জন্য দারুণ পুরস্কার !! কিন্তু কাজটা না করতে পারলে শাস্তি হিসেবে তাদের বাড়িভাড়া বেড়ে হবে তিনগুণ !!

চার তরুণ ভাবল, সুন্দরী ল্যান্ডলেডীর ভাতিজিই তো, কতই বা কঠিন হবে তাকে সামাজিক করে তোলা ? রাজি হয়ে গেল তারা এই প্রস্তাবে।

কিন্তু তারা আসলে স্বপ্নেও কল্পনা করতে পারেনি, নাকাহারা সুনাকো আসলে কি জিনিস। সুনাকোকে দেখে চোখ কপালে উঠে গেল ওদের। লম্বা চুল দিয়ে মুখ ঢেকে রাখে কেন সে? তার উপস্থিতি এতটা ভৌতিক কেন? তার খেলার সাথীরাও বা এত ভয়ঙ্কর কেন? পুরস্কার পাওয়া তো দূরের কথা, নিজেদের থাকার জায়গা বাঁচানোর চিন্তায় অস্থির হয়ে উঠল চার তরুণ।

এভাবে চার তরুণ এবং ওয়ালফ্লাওয়ার সুনাকোকে ঘিরে এক মজার কাহিনী নিয়ে গড়ে উঠেছে আনিমেটি। একটু পুরানো আনিমে, আর্টওয়ার্ক অবশ্যই এখনকার মত অত উন্নত না, তবে আমার কাছে এ ধরণের আর্টওয়ার্ক কেন যেন ভাল লাগে। কাহিনী এপিসোডিক, তাই ভাবনা চিন্তা ছাড়া দেখতে পেরেছি। আর সুনাকোর “খেলার সাথী” রাও যথেষ্ট মজার !!

আনিমেটি কেন দেখবেন- আপনি কি সারাক্ষণ ঘরে বসে আনিমে দেখার কারণে সৌন্দর্যজনিত সমস্যায় ভুগছেন? কিন্তু সমস্যা সমাধানের জন্য কষ্ট করতে মন চাইছে না? তাহলে এই আনিমেটি দেখা আপনার জন্য আবশ্যক! এর প্রতিটি এপিসোডেই আপনি পাবেন, সৌন্দর্যবর্ধনের টিপস থেকে শুরু করে গৃহ ব্যবস্থাপনা এবং কমন সেন্সের ব্যাপারে মূল্যবান উপদেশ! বিশেষ করে আদর্শ নারী হয়ে উঠতে চাইলে এই অ্যানিমেটি দেখা আবশ্যক!

আমি জানিনা এ ধরণের আনিমে সবার পছন্দ হবে কিনা, তবে আমার মনে হয় একটা এপিসোড ট্রাই করে দেখলে ভালই লাগবে।

Movie Time With Yami – 48

antiqueshop

 

Name: Whisper of the Heart / Mimi wo Sumaseba
Duration: 1 hr. 51 min.
MAL Score: 8.34
Ranked: 202
Genres: Adventure, Drama, Fantasy, Romance, Slice of Life

স্টুডিও জিবলীর বেশিরভাগ মুভিতে যে কমন ব্যাপারটা পাওয়া যায়, তা হল প্রাচীন বনভূমি দিয়ে ঘেরা পৃথিবী এবং জাদুবিদ্যার উপস্থিতি। কিন্তু চোখ ধাঁধানো সেসব মুভি বাদেও এ স্টুডিওর কিছু মুভি আছে, যেগুলো ফোকাস করে আমাদের শহুরে যান্ত্রিক জীবনের ওপর, সেই জীবনের চাওয়া-পাওয়া, আনন্দ-বেদনা, সাফল্য ও ব্যর্থতার গল্পের ওপর। খুঁজে দেখলে আমাদেরই দৈনন্দিন জীবনের কাহিনীর সাথে গল্পগুলোর খুব মিল খুঁজে পাওয়া যাবে। তেমনই একটি কাহিনী হল মিমি উয়ো সুমাসেবা।

কৈশোর মানুষের জীবনের অত্যন্ত চমৎকার একটি সময়। এই সময়ে তারা পৃথিবীটাকে নতুন করে চিনতে পারে, চেনা পৃথিবীটা হঠাৎ করে অচেনা হয়ে ওঠে। একদিকে থাকে ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে দুশ্চিন্তা, অন্যদিকে নিজের জীবনের সবচেয়ে সুন্দর এবং মূল্যবান স্মৃতিগুলোকে তৈরি করারও সবচেয়ে উপযুক্ত সময় এটি।

সেরকমই একটা বয়স পার করছে সুকিশিমা শিজুকু। সে একজন সাধারণ জাপানি হাইস্কুল বালিকা। জাপানের একটি সাধারণ পরিবারের অংশ সে, যেখানে বাবা-মা দুজনেই নিজেদের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকে, বড় বোনও নিজের ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছে। শিজুকু নিজের ভবিষ্যত নিয়ে তেমন চিন্তিত নয়, তবে সঠিক পথ কোনটা হতে পারে, তা নিয়ে সংশয়ে আছে সেও।

শিজুকু ভালবাসে বই পড়তে, তাই পাবলিক লাইব্রেরীতে যাওয়া তার নিত্যদিনের অভ্যাস। একদিন লোকাল ট্রেনে চড়ে পাবলিক লাইব্রেরীতে যাওয়ার সময় সে দেখতে পায়, ঠিক তার পাশেই একটি মোটাসোটা স্বাস্থ্যবান বিড়াল বসে আছে। বিড়ালটাকে দেখে শিজুকুর মজা লাগে, তাই সে কোনকিছু চিন্তা না করেই ট্রেন থেকে নামার পর সেটিকে অনুসরণ করতে থাকে। বিড়ালটির পিছু পিছু গিয়ে সে হাজির হয় একটি অ্যান্টিকের দোকানের সামনে, আর এই দোকানের এই ভিজিটটিই শিজুকুকে পরবর্তীতে সাহায্য করে তার নিজের জীবনে এগিয়ে যাওয়ার পথে পা বাড়াতে।

মুভিটির কাহিনী খুব জটিল কিছু না, সাদাসিধে হাসিখুশি দৈনন্দিন জীবনের গল্প, যেন আমাদের কারও কারও কৈশোরকেই তুলে আনে গল্পের মাধ্যমে। উজ্জ্বল আর্টওইয়ার্ক এবং ক্যারেক্টার ডিজাইনে হায়াও মিয়াজাকির কাজের ছাপ স্পষ্ট, হালকা রমকম এবং মানানসই ব্যাকগ্রাউন্ড মিউজিক মুভিটিকে হালকা মেজাজে উপভোগ করার উপযোগী করে তুলেছে। এন্ডিংটি খুব ভাল লেগেছে আমার কাছে, আর সবচেয়ে ভাল লেগেছে গায়ক “জন ডেনভার” এর “কান্ট্রি রোড” গানটির জাপানি ভার্সনটি, যা মুভিতে কয়েক জায়গায় এবং এন্ডিং সং হিসেবে ব্যাবহৃত হয়েছে।

তাই, হাতে অবসর সময় থাকলে দেখে ফেলুন এই মন ভাল করা মুভিটি, দেখার সময় অন্তত একবার হলেও নষ্টালজিয়াতে ভুগবেন আশা করি!

Movie Download Link-
http://kissanime.com/Anime/Whisper-of-the-Heart

Ending Song Link-
https://youtu.be/ispeh2bW1AQ

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

 

Anime Recommendation: Xam’d: Lost Memories (Bounen no Xamdou) — Rezo D. Skylight

>>>>>>>>>>>>>>>>>>>এনিমে Recommendation<<<<<<<<<<<<<<<<<<<

নামঃ Xam’d: Lost Memories (Bounen no Xamdou)
এপিসোডঃ ২৬
Genres: Action, Sci-Fi, Military
MAL score: 7.89
My score: 8.5/10

1

“Xam’d: Lost Memories” মাত্র ২৬ এপিসোডের এই ONA সিরিজটা কিছুদিন আগে দেখে ফেললাম। বিখ্যাত “Full Metal Alchemist” এনিমের অ্যাডাপশন কোম্পানি “Studio Bones” এর অরিজিনাল এনিমে এটি। আর্টস্টাইল “Eureka 7” এর সাথে যথেষ্ট মিল আছে। OP & ED song দুইটাও চমৎকার।

ঘটনার মূল চরিত্রের নাম Akiyuki Takehara। সে তার মার সাথে সেন্টান দ্বীপে বসবাস করে। প্রতিদিনের মতো সে একদিন বাসে করে স্কুলে আসে। কিন্তু সেইদিন হটাত করে বাসটি বিস্ফোরিত হয়। আর সেই বিস্ফোরণের স্বীকার হয় সে ও তার বন্ধু Haru ও Furuichi এবং স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা। আর সেই বিস্ফোরণ থেকে রহস্যময় এক আলো Akiyukiর হাতে এসে প্রবেশ করে। তখনই সে পরিনত হয় Xam’d নামের এক রহস্যময় জন্তুতে। সবাই তাকে ভুল বুঝে বিস্ফোরণ এর জন্য দায়ী মনে করে। ঠিক সেই সময় Humanfrom/Mutant নামক দানবাকার জন্তু সেন্টান দ্বীপবাসীদের আক্রমন করে। এই ঘটনায় প্রান হারায় হাজার হাজার মানুষ। এভাবে ঘটনাক্রমে Akiyukiর দেখা হয় Nakiami নামের এক অদ্ভুত মেয়ের সাথে যেকিনা তাকে রক্ষা করতে পারবে Xam’d-এ পরিনত হবার হাত থেকে।

এনিমেটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। Nakiamiকে দেখে অনেকেরি ঘিব্লির “Nausicaä of the Valley of the Wind” মুভির Nausicaä-র কথা মনে পড়বে। আর Akiyuki-র পরিস্থিতি হয় অনেকটা “Tokyo Ghoul” এর Kaneki অথবা “Parasyte” এর Shinji-র মতো। এনিমেটাতে war, politics, romance, adventure & mecha-রও সংমিশ্রণ রয়েছে।
সুতরাং, সময় পেলে ২৬ এপিসোডের এই এনিমটা দেখে ফেলতে পারেন। আশা করি এনিমেটা উপভোগ করবেন।

**এখানে দেখুন- http://kissanime.com/Anime/Xam-d-Lost-Memories

Movie Time With Yami – 47

girl-who-leapt-through-time

 

Name: The Girl Who Leapt Through Time / Toki wo Kakeru Shoujo
Duration: 1 hr. 37 min.
MAL Score: 8.52
Ranked: 104
Genres: Adventure, Drama, Romance, Sci-Fi
 
সময় এক আশ্চর্য রহস্য। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ চেষ্টা করে গেছে সময়কে নিজের বশে আনতে। বাস্তব পৃথিবীতে যদিও তা করা এখন পর্যন্ত সম্ভব হয়নি, মানুষের কল্পনা তাই বলে থেমে থাকেনি। গল্প উপন্যাস, মুভি, এরকম বিভিন্ন মাধ্যমে লেখকেরা বর্ণনা করেছেন, সময়কে বশে আনার গল্প, তা দিয়ে কেউ কখনো ঘটিয়েছে বড় বড় পরিবর্তন, যা পৃথিবীর ইতিহাস নতুন করে লিখেছে; আবার কেউ দেখিয়েছেন খুব সামান্য কিছু পরিবর্তন, যা দিয়ে পৃথিবীর ওপর কোন সার্বিক প্রভাব হয়ত পড়েনা, কিন্তু কয়েকজন নির্দিষ্ট মানুষের জীবনকে পরোপুরি ওলটপালট করে ছেড়েছে। সময়ের বাঁধা অতিক্রমকারী বালিকার গল্পটি কিছুটা এমনই।
 
কোনো মাকোতো এক সাধারণ জাপানি বালিকা। আর দশটা হাইস্কুল বালিকার মতই স্বাভাবিক তার জীবন। সাধারণ মধ্যবিত্ত পরিবার, বোনের সাথে খুনসুটির সম্পর্ক, স্কুলজীবন, সেখানকার বন্ধুবান্ধব, পরীক্ষার টেনশন, ক্রাশ, সবকিছু মিলে মাকোতোর জীবন চলছিল ভালভাবেই।
 
একদিন স্কুল শেষে ল্যাবরেটরী রুমের পাশের রূমে কিছু জিনিস পৌছে দিতে যায় মাকোতো। তখন হঠাত সে পাশের ঘরটিতে কিছু শব্দ শুনতে পায়। কৌতুহলী মাকোতো শব্দের উৎস খোঁজার জন্য পাশের রূমে যায়। এবং যাওয়ার পরে সে এমন একটা জিনিস আবিষ্কার করে, যা তার সাধারণ জীবনটাকে মূহুর্তেই করে তোলে অসাধারণ।
 
মুভিটির ডিরেক্টর মামোরু হোসোদা, তার অন্যান্য কাজগুলোর মাঝে রয়েছে সামার ওয়ার্স এবং উলফ চিলড্রেন আমে অ্যান্ড ইউকি। তিনটি মুভিতেই আর্টওয়ার্কের প্রচুর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। চোখকে প্রশান্তি দেয়া উজ্জ্বল ঝলমলে আর্টওয়ার্ক, বিস্তৃত খোলা আকাশের সৌন্দর্য ভালভাবে ফুটিয়ে তোলা অ্যানিমেশন, এবং সেইসাথে মানানসই ওএসটি মুভিটির কাহিনীর সৌন্দর্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। ক্যারেক্টারগুলোর আবেগ, অনুভূতি, তাদের আনন্দ, কষ্ট সবকিছুই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যার ক্রেডিট জাপানি ও ইংরেজী, দুই ভাষার ভয়েস অ্যাক্টরদেরই প্রাপ্য। মুভিটির নামই বলে দেয়, সময়কে অতিক্রম করার সাথে মুভিটির সম্পর্ক রয়েছে, কিন্তু সাই ফাই মুভির পাশাপাশি রোমান্টিক মুভি হিসেবেও এটি বেশ চমৎকার! মুভিটির এন্ডিংটা আমাকে কিছুটা হতাশ করেছে, কিন্তু তারপরেও এটি ওভারঅল খুবই এঞ্জয়েবল একটি মুভি।
 
তাই, যারা এখনও মুভিটি দেখেননি, সময় করে দেখে ফেলুন এই চমৎকার মুভিটি।
 
Movie Download Link-
 
 
Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Anime Recommendation: Yowamushi Pedal — Rezo D. Skylight

>>>>>>>>>>>>>>>এনিমে Recommendation<<<<<<<<<<<<<<<
Anime: Yowamushi Pedal
Episodes: 1st season- 38ep (Complete) ; 2nd season- 24ep (Complete)
Genres: Comedy, Drama, Shounen, Sports.
MAL Score: 8.24 (1st season); 8.20 (2nd season)
My Score: 9/10

Yowamushi Pedal
আগে থেকেই বলে নেই এনিমেটা মূলত সাইকেলিং নিয়ে। অনেকের কাছে সাইকেলিং থিমটা লেম বলে মনে হতে পারে, কিন্তুু এনিমেটা মোটেই লেম না। Yowamushi Pedal-এ সাইকেলিংকে এত সুন্দর ভাবে উপস্থাপনা করা হয়েছে যে এনিমেটা দেখার সময় আপনার নিজেরও সাইকেল চালাতে ইচ্ছা করবে। 😀

এখন আসল কথায় আসি। এনিমেটার মূল নায়ক ওনদা সাকামিচি। সে এতটাই এনিমের ভক্ত যে তার mommy bike (নরমাল সাইকেল) নিয়ে প্রতি সপ্তহে তার বাড়ি থেকে ৯০কিমি. পথ পাড়ি দিয়ে আকিহাবারা যেত এনিমের accessories কিনার জন্য। তার ইচ্ছা ছিল সে হাইস্কুলে উঠে ওটাকু ক্লাবে যোগ দিবে। কিন্তুু দুর্ভাগ্যক্রমে মেম্বার না থাকার কারনে ওটাকু ক্লাবকে ব্যান করা হয়। পরবর্তীতে ওনদার পরিচয় হয় ইমাইজুমি শুন্সুকির সাথে। এরপরেই ঘটনাক্রমে ওনদা যোগ দেয় সাইকেলিং ক্লাবে যা তার জীবনে নিয়ে আসে এক নতুন পরিবর্তন। এভাবেই শুরু হয় এনিমেটার কাহিনী।

পুরা এনিমেতেই রয়েছে টানটান উত্তেজনা। এনিমের প্রতিটা চরিত্রই অসাধরন। OST এবং BGM-গুলাও চমৎকার। একবার দেখা শুরু করলে আর থামতে পারবেন না। আর আপনি নিজে যদি সাইকেলিস্ট হন তাহলেতো কথাই নেই। আপনি এনিমেটাকে বেশ উপভোগ করতে পারবেন। আর আশা করি যারা সাইকেলিং এর ভক্ত না তারাও Yowamushi Pedal দেখার পর সাইকেলিং এর প্রেমে পড়ে যাবেন।
সুতরাং, দেরি না করে এখনই দেখা শুরু করুন। 🙂

Movie Time With Yami – 46

Porco_Rosso_3

Name: Porco Rosso / Kurenai no Buta
Duration: 1 hr. 33 min
MAL Score: 8.03
Ranked: 495
Genres: Action, Adventure, Comedy, Drama, Historical, Romance, Military

 

স্টুডিও জিবলী এবং হায়াও মিয়াজাকি। এই দুইয়ের কম্বিনেশন যখন হয়, সাধারণত সেইসব সৃষ্টিগুলো থেকে আমরা একটু চিন্তাভাবনা করলেই কোন না কোন অন্তর্নিহিত বার্তা খুঁজে পাই। সেটা কখনো হয় প্রকৃতিকে বাঁচানোর আকুতি, আবার কখনো নারীর ক্ষমতায়নকে দর্শকের সামনে মনোমুগ্ধকর উপায়ে তুলে ধরা হয়। আবার, কিছু কিছু গল্প আছে, যেগুলোর কোন আগামাথা খুঁজে পাওয়া যায়না, কোনদিক থেকে কি হচ্ছে ঠিক ধরে ওঠা যায় না, কিন্তু প্রতিটা মূহুর্ত উপভোগ্য উপাদান দিয়ে ঠাসা থাকে, এবং কাহিনীর এক্সিকিউশন এমন হয়, যে সাধারণ এই বিজার কাহিনীটাই অসাধারণ মনে হতে থাকে। কুরেনাই নো বুতা মুভিটি এই শেষ ক্যাটাগরিতে পড়ে।

কাহিনীর সময়কাল ১৯৩০ সাল, পৃথিবীর কোন এক প্রান্তে কোন এক জনশূণ্য দ্বীপে বাস করে পর্কো রোসো; একজন যুদ্ধফেরত হিরো, বর্তমানে বাউন্টি হান্টার এবং তুখোড় বৈমানিক। যার ওপর পড়েছে এক অদ্ভুত অভিশাপ, যার কারণে সে পরিণত হয়েছে শূকররূপী মানুষে।

মুভিটির কাহিনী এগিয়ে চলতে থাকে পর্কো রোসোর জীবনের একটি নির্দিষ্ট সময়কালের কিছু “বিজার” ঘটনা নিয়ে। যেখানে সে কখনো একদল স্কুলপড়ুয়া কিশোরীর ত্রাণকর্তা, তো কখনো এয়ার পাইরেটদের সাথে লড়াইকারী এক সাহসী বৈমানিক। আবার কখনো নিজের প্রাইডকে রক্ষা করতে মরিয়া এক গর্বিত আকাশ সৈনিক, যে সবরকম নিয়ম কানুনের বাধাকে দূরে ঠেলে দিয়ে নির্ভীকভাবে পাড়ি দেয় মাইলের পর মাইল, তার ছোট্ট ভিনটেজ বিমানটাকে সঙ্গী করে। এর মাঝে সে মুখোমুখি হয় তার আমেরিকান প্রতিদ্বন্দ্বীর, তার সাথে জমে ওঠে লড়াই, আবার মাঝে হালকা আভাস পাওয়া যায় তার লাভ লাইফের, আভাস দেখিয়েই যা মিলিয়ে যায়।

মুভিটির সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় অংশ আমার কাছে যেটা মনে হয়েছে, এতে এরোপ্লেন নিয়ে যে কারসাজিগুলো দেখানো হয়েছে। প্রতিটি এরোপ্লেনের ডিজাইন অনেক বেশি ডিটেইলড এবং বাস্তবধর্মী, এগুলোর টেক অফ থেকে শুরু করে আকাশে পারফেক্টভাবে ওড়া, ল্যান্ডিং, এমনকি মেরামতের সময়ের কাজগুলো এত পরিপাটিভাবে এবং যত্ন নিয়ে দেখানো হয়েছে, মনে হওয়াটা স্বাভাবিক যে এর অ্যানিমেটর উড়োজাহাজের সাথে খুব ভালভাবে সম্পর্কিত। স্টুডিও জিবলীর ছিমছাম আর্টওয়ার্ক দেখার সময় একটা প্রশান্তির ছোঁয়া আনে, আর সাথে মানানসই ওএসটি অনুভূতিটাকে আরও গাঢ় করে।

তাই, সময় থাকলে দেখে ফেলতে পারেন এই মুভিটি।

Movie Download Link-

http://kissanime.com/Anime/Porco-Rosso-Sub

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 45

PATEMA-01

Name: Sakasama no Patema / Patema Inverted
Duration: 1 hr. 39 min
MAL Score: 8.27
Ranked: 241
Genres: Sci-Fi, Seinen

 

ভবিষ্যতের কথা। অতীতে সংঘটিত কোন এক দুর্ঘটনার ফলাফল হিসেবে মানুষ এখন বাস করে মাটির নিচে, সেখানে পেচিয়ে থাকা বিভিন্ন আন্ডারগ্রাউন্ড টানেল এখন তাদের আবাসস্থল। তাদেরকে সবসময় নিজেকে অজানা সংক্রমণ থেকে রক্ষা করার জন্যে বিশেষ স্যুট পরে থাকতে হয়। জীবন এখানে কিছুটা নিশ্চুপ এবং ধীরস্থির, কিন্তু তার মাঝেও মানুষ আনন্দ খুঁজে নিয়েছে।

এরকম সময়ের পৃথিবীর রাজকন্যা হল পাতেমা। সে এই পাতালপুরীর টানেলগুলোতে ঘুরে বেড়াতে ভালবাসে। প্রতিদিন তার কাজ হল নতুন নতুন টানেলে ঢুকে অভিযান চালানো। এভাবে ঘুরতে ঘুরতে সে একদিন হাজির হয় এমন একটি টানেলে, যা বিপদজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং যেখানে যাওয়া নিষিদ্ধ। কৌতুহলী পাতেমা টানেলের রহস্য উদ্ধার করতে সেখানে ঢোকে, এবং একটি অনাকাঙ্খিত ঘটনার কারণে নিচে পড়ে যায়। এরপরেই শুরু হয় পাতেমার রুদ্ধশ্বাস অভিযান, যেখানে সে আবিষ্কার করে পৃথিবী সম্পর্কে এক চমকপ্রদ তথ্য।

মুভিটির আর্টওয়ার্ক বেশ ভাল, উজ্জ্বল এবং পরিষ্কার, ডিটেইলগুলো বেশ ভালভাবে তৈরি করা হয়েছে। কাহিনীর গতি ভালই, দ্রুত এগিয়ে যায়, দর্শককে থমকানোর অবকাশ দেয়না। ক্যারেক্টার ডেভেলপমেন্ট মোটামুটি, তবে কানেকশন তৈরি করে ফেলে বেশ জলদি। কাহিনীর মূল এক্সাইটিং অংশগুলো বেশ ভালভাবে এক্সিকিউট করা হয়েছে, শেষ পর্যন্ত তা উত্তেজনা ধরে রাখতে সক্ষম হয়। রোমান্টিক অংশগুলোও সুন্দর। ওএসটি ভাল, আর এন্ডিংটাও সুন্দর।

তাই সময় পেলে দেখে ফেলতে পারেন এই মুভিটি।

Movie Download Link-

http://kissanime.com/Anime/Sakasama-no-Patema

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

আনিমে রিভিউঃ নন নন বিয়োরি- লিখেছেন ইশমাম আনিকা

জনরা- কমেডি, স্কুল, সেইনেন, স্লাইস অফ লাইফ

জাপানের কোন এক প্রান্তে পাহাড়ের ধারে অবস্থিত কোন এক গ্রাম। আধুনিক পৃথিবীর সব সুযোগ সুবিধা যেখানে এখনো পৌঁছায়নি। কিন্তু তাই বলে গ্রামটির ঐশ্বর্য কোন অংশে কম নয়! এখানে রয়েছে বিস্তীর্ণ সবুজ মাঠ, বনাঞ্চল, পরিস্কার টলটলে পানির নদী, তাজা সবজীর ক্ষেত এবং কিছু সুন্দর মনের মানুষ। আর আছে একটি অদ্ভুত স্কুল, এবং তারচেয়েও অদ্ভুত এই স্কুলের ছাত্রছাত্রী।

বাবার চাকরির সুবাদে এলিমেন্টারী স্কুলের ছাত্রী হোতারুকে টোকিও ছেড়ে আসতে হয় এই গ্রামে। সে এসে ভর্তি হয় এই আজব স্কুলে। হাসিখুশি হোতারু খুব সহজে মিশে যায় গ্রামের নিরিবিলি পরিবেশের সাথে। গল্প এগিয়ে চলে তাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট হাসিকান্নায় ভরা মজার মজার ঘটনা এবং খুনসুটি নিয়ে।

non-non-biyori-stars

আনিমেটির কাহিনী খুব সহজ সাধারণ, কিছুটা ধীরগতিতে এগিয়ে চলে, আর এই ধীরগতিই এর প্রকৃত সৌন্দর্যকে বের করে আনে। গ্রামের সবুজ সুন্দর প্রকৃতিকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে প্রতিটি এপিসোডে, চোখ ধাঁধানো অ্যানিমেশন দিয়ে। আনিমেতে চরিত্রগুলোর কাজকর্ম দেখতে দেখতে কখন যে নিজেকে তাদের পাশে আরেকটি চরিত্র হিসেবে আবিস্কার করতে হয়, বোঝা যায়না। সেইসাথে আছে মনকে শান্তি দেয়ার মত মানানসই ওএসটি, ব্যস্ত শহুরে জীবনের ফাঁকে কিছুক্ষণের জন্য হলেও আনিমেটি মনটাকে তরতাজা করে তোলে।

আমি নিজে এইধরণের আনিমে বেশি পছন্দ করি, তাই শুরু থেকেই এটি আমার খুব সুন্দর লেগেছে, যারা একটু ফাস্ট পেসড আনিমে পছন্দ করেন, তাদের কাছে শুরুর দিকে কিছুটা স্লো লাগতে পারে, তবে একবার এই গতিতে অভ্যস্ত হয়ে গেলে আনিমেটির ১২ টি পর্ব শেষ না করে উঠতে পারবেননা, এটুকু বলতে পারি।

maxresdefault