Sakib’s Hidden Gems – Episode #16

আনিমে: Fuujin Monogatari (Windy Tales)

জানরা: স্লাইস অফ লাইফ, সুপারন্যাচারাল, স্কুল
এপিসোড সংখ্যা: ১৩
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/1524/Fuujin_Monogatari
 
জুনিয়র হাই স্কুলের ডিজিটাল ক্যামেরা ক্লাবের সদস্যা উয়েশিমা নাও-য়ের শখ হল সময় পেলেই স্কুলের ছাদে যেয়ে মেঘের দিকে তাকিয়ে থাকা আর ছবি তোলা। তো একদিন সে ছাদে গিয়ে হঠাৎ একটি শূন্যে ভাসমান বিড়ালকে দেখতে পায়। বিড়ালটার ছবি তুলতে গিয়ে সে ছাদের কার্নিশ থেকে পড়ে যায়, আর তার স্কুলের একজন শিক্ষক (মাকিনো সেনসেই) অলৌকিকভাবে তাকে মাটিতে পড়ে যাওয়া থেকে রক্ষা করে। নাও জানতে পারে যে, বিড়ালটা আর ঐ শিক্ষক – দুই-ই বাতাসকে ম্যানিপুলেট করতে জানে। এর আগে কোন অলৌকিক কিছু না দেখা নাও ও ক্যামেরা ক্লাবের বাকি সদস্যা কাতাওকা মিকির জন্য এটা একটা চরম রোমাঞ্চকর জিনিস – যা ওদের সামনে একটা নতুন জগৎ খুলে দেয়। মাকিনো সেনসেই – এর কাছ থেকে ওরা বাতাসকে ম্যানিপুলেট করার বিদ্যা শিখতে শুরু করে। নাও, মিকি, ও জুন নামের একটি ছেলে নানা বিচিত্র (কখনও মজাদার, কখনও শিক্ষামূলক) অভিজ্ঞতা লাভ করতে থাকে।
আনিমেটি মূলত এপিসোডিক। প্রতিটা এপিসোডের থিম ভিন্ন ভিন্ন। কিন্তু সবগুলোই একসূত্রে গাঁথা, কারণ বাতাসের সাথে কোন না কোনভাবে সম্পর্ক থাকে। আর নাওয়ের স্কুলের মুহূর্তগুলিও বেশ মজাদার – টিচারেরা সবাই বন্ধুবৎসল।
আনিমেটি ঠিক যেন গতানুগতিক স্লাইস অফ লাইফ আনিমের মত না। এর ক্যারাক্টার ডিজাইন খুবই ইউনিক। ওদের অনেকসময় খড়কুটোর মত দেখতে মনে হয়, বাতাসের এক ঝটকায় উড়ে যাবে যেন। আরেকটি উল্লেখযোগ্য জিনিস হলো আনিমেটিতে অসাধারণ ওএসটির ব্যবহার – মিউজিক দ্বারা এতো সুন্দর পরিবেশ সৃষ্টি করা আমি খুব বেশি আনিমেতে দেখিনি।
ভিন্ন স্বাদের স্লাইস অফ লাইফ আনিমের খোঁজে থাকলে এই আনিমেটি দেখতে পারেন। একটু মনোযোগ দিয়ে দেখলে মজাও পাবেন, আর কিছুটা চিন্তার খোরাকও পাবেন আশা করি।