আনিমে: Hai to Gensou no Grimgar (Grimgar of Ashes and Fantasies)
জানরা: ইসেকাই, একশন, অ্যাডভেঞ্চার, ড্রামা
এপিসোড সংখ্যা: ১২
গল্পের নায়ক হারুহিরো হঠাৎ করে নিজেকে এক অজানা অচেনা জগতে আবিষ্কার করে। সে সাথে পায় তারই মত একই ভাগ্য বরণ করা আরও কয়েকজনকে, আর পায় তার এই অবস্থায় আসার আগের জীবন সম্পর্কে ভাসা ভাসা কিছু স্মৃতি। এখন তাদের একমাত্র ধ্যানজ্ঞানের বিষয় হয়ে ওঠে কীভাবে এই নতুন জগতে নিজেকে টিকিয়ে রাখা যায়। ওরা নির্দেশনা পায় যে, আপাতত টিকে থাকার একমাত্র উপায় হল কয়েকজনের দল গঠন করে মন্সটার হান্টিং করা। এটাই ওদের জন্য টাকাপয়সা কামানোর একমাত্র উপায়। তো এটা শুনে হারুহিরো আরও কয়েকজনের সাথে দল গঠন করে শুরুতে গবলিন মারার সিদ্ধান্ত নেয়।
এইটুকু শুনে তেমন আকর্ষণীয় মনে না হওয়াটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আমার মতে এই আনিমেটি মূলত দুই দিক দিয়ে ট্রাডিশনাল ইসেকাই থেকে আলাদা। একটি হচ্ছে পেইন্টিং এর মতো দেখতে ব্যাকগ্রাউন্ডগুলি। ফ্যান্টাসি ওয়ার্ল্ডের সাথে খুবই সুন্দর খাপ খেয়েছে। ব্যাকগ্রাউন্ডের সাথে ক্যারাক্টার গুলোও খুব সুন্দরভাবে মিশে যায়। মোটকথা আনিমেটি ভিজুয়ালের দিক থেকে অনবদ্য।
আরেকটি দিক হচ্ছে এর পেসিং, ক্যারাক্টার ডেভেলপমেন্ট, আর ওয়ার্ল্ডবিল্ডিং-এর নিপুণতা। আজকাল অনেক সাধারণ ইসেকাইয়ে দেখা যায় যে, দর্শক ইসেকাই জগৎ সম্পর্কে খুব বেশি জানার আগেই নায়ক হুটহাট ফাইট শুরু করে দেয়, আর গল্পও বহুদুর এগিয়ে যায়। এই আনিমেটি কিন্তু ব্যতিক্রম। গল্পের প্রথম আর্কে খুব যত্নের সাথে ও সময় নিয়ে ওয়ার্ল্ডবিল্ডিং করা হয়েছে, আর চরিত্রগুলির বৈশিষ্ট্য ও তাদের নিজেদের মধ্যে মিথষ্ক্রিয়াগুলি ফুটিয়ে তোলা হয়েছে। অচেনা জগতের সাথে খাপ খাওয়াতে প্রথমদিকে হারুহিরোদের স্ট্রাগল বেশ বাস্তবসম্মতভাবেই তুলে ধরা হয়েছে। ১২ পর্বের ইসেকাই আনিমেতে এটা আনেক্সপেক্টেড ছিল, আর আমার খুব ভাল লেগেছে। তার পরের দুই আর্কে কিন্তু যথেষ্ট উত্তেজনাকর একশন আছে।
আনিমেটি কিন্তু শেষমেষ লাইট নভেলটার প্রোমোশনের জন্যেই বানানো। তাই গল্প শেষ করা হয়নি। এতে আপত্তি না থাকলে কিছুটা ভিন্ন স্বাদের এই ইসেকাই আনিমেটি দেখতে পারেন।

