Movie Time With Yami – 66

5cm

Name: Byousoku 5 Centimeter / 5 Centimeters per Second
Duration: 3 episodes- 22 min per episode
MAL Score: 8.19
Ranked: 311
Genres: Drama, Romance, Slice if Life

এই মুভিটা দেখার আগে আমার প্রত্যাশা অনেক বেশি ছিল, দুটো কারণে। প্রথমত এটি মাকোতো শিনকাই এর পরিচালিত, এটি আগে এই ডিরেক্টরের একটাই মুভি দেখেছিলাম, “গার্ডেন অফ ওয়ার্ডস”, আর সেটি বেশ ভাল লেগেছিল; আর দ্বিতীয় কারণ হল এটি নিয়ে আমি সবধরণের অ্যানিমে গ্রুপে অনেক প্রশংসামূলক রিভিউ/রিএকশন দেখেছিলাম। কিন্তু মুভিটি দেখার পরে সত্যি কথা বলতে আমি কিছুটা নিরাশই হয়েছিলাম।

তাকাকি তোনো এবং আকারি শিনোহারা এলিমেন্টারি স্কুলের ক্লাসমেট এবং খুব কাছের বন্ধু। এলিমেন্টারী স্কুল পাসের পর আকারির বাবার বদলির কারণে আকারি অন্য একটি শহরে চলে যায়। দুজন যোগাযোগ রক্ষা করে একে অপরকে চিঠি লেখার মাধ্যমে।

এরপরে মিডল স্কুলে পড়ুয়া আকারি এবং তাকাকির আবার দেখা হয় তুষারঝড়ের মাঝে এক রেলওয়ে স্টেশনে, তাকাকি শহর ছেড়ে চলে যাওয়ার আগে তাদের শেষ দেখা এটি। তারা একজন আরেকজনকে মনের কথা জানিয়ে চলে যায় নিজেদের দ্বিখন্ডিত পথ ধরে। এরপর দুজনের ব্যস্ততা, প্রায়োরিটি এবং বাস্তবতা ও যৌক্তিকতার সাথে আবেগের সংঘাত দেখা দিতে থাকে।

মুভিটি তিনভাগে বিভক্ত, এই তিনভাগের মধ্যে তাকাকি এবং আকারির জীবনের কিছু চুম্বক অংশ তুলে ধরা হয়েছে। এলিমেন্টারি স্কুলের বাচ্চাদের অ্যাডোলেসেন্ট লাভ, মিডল স্কুলের ছেলেমেয়ের অপরিণত আবেগ ও আরেকটু পরিণত বয়সের অপ্রয়োজনীয় যুক্তিবোধ। কাহিনীকার ভালবাসা সংক্রান্ত আবেগীয় টানাপড়েন, বাস্তবতার সাথে যুদ্ধ এবং দুটো ছেলেমেয়ের আস্তে আস্তে পরিণত মানুষে রূপান্তর হওয়ার ধাপগুলো ড্রামাটিকভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন, এবং কিছুদূর পর্যন্ত তিনি সফলও। কিন্তু আমার যে ব্যাপারটি ভাল লাগেনি তা হল, অতি নাটকীয়তা। মানুষের জীবনের কাহিনী, অর্থাৎ স্লাইস অফ লাইফ, এই ধরণের কাহিনীতে একটু নাটুকেপনা মেনে নেয়া যায়, কিন্তু তাই বলে “এলিমেন্টারী” স্কুলের বাচ্চা ছেলেমেয়েদের আবেগে ভেসে যাওয়ার ব্যাপারটা বেশ চোখে লেগেছে। চিঠি লিখে যোগাযোগ রক্ষার ব্যাপারটা খুব রোমান্টিক, মানছি, কিন্তু যেখানে তোমাদের হাতে সেলফোন নামক বস্তুটা আছে, একটু কষ্ট করে বস্তুটা মাঝে মাঝে ব্যবহার করলে তো এত ভেজাল বাঁধে না! ভালবাসলে সেটার প্রকাশটা স্ট্রংভাবে বের হয়ে আসেই, আমি বিশ্বাস করি এটা, কাজেই মুভির বেশকিছু জায়গা আমার কাছে বাড়াবাড়ি রকমের অবাস্তব লেগেছে। আর, মানছি জাপানের মানুষ আমাদের দেশের প্যারেন্টস দের মত ওভারপ্রোটেক্টিভ না, তাই বলে কোন বাপ মা নিজের এলিমেন্টারি স্কুলপড়ুয়া মেয়েকে তুষারঝড়ের মাঝে একা একা ট্রেনে করে ৪-৫ ঘন্টার জার্নিতে যাওয়ার অনুমতি দেয়?

মুভিটির আর্টওয়ার্ক অতিরিক্ত ভাল, মাকোতো শিনকাই এর থেকে এর কম আশাও করা যায়না, এই আর্টওয়ার্ক আমাকে সাহায্য করেছে মুভিটা শেষ পর্যন্ত দেখতে। ঠাট্টা করে একজন ইউটিউব রিভিউয়ার এই মুভির নাম দিয়েছিলেন “5 wallpapers per second”!! সাউন্ডট্রাকও চমৎকার, এন্ডিং সংটা বেশ সুন্দর।

সবমিলিয়ে মুভিটি ওভারঅল খারাপ লাগেনি, তবে বেশ ওভাররেটেড লেগেছে। কে জানে, হয়তো আমার মেলোড্রামা ভাল না লাগাই এর পেছনে দায়ী!

Movie Download Link-
http://kissanime.com/Anime/5-Centimeters-per-Second

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 58

place-promised-in-our-early-days1

Name: Kumo no Mukou, Yakusoku no Basho / The Place Promised in Our Early Days
Duration: 1 hr. 30 min.
MAL Score: 7.98
Ranked: 543
Genres: Drama, Romance, Sci-Fi, Military

মুভিটির কাহিনী এমন এক জাপানে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেশটিকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। হোক্কাইডো পড়েছে ইউনিয়ন এর ভাগে, অপরদিকে হোনশু এবং দক্ষিণ দিকের অন্যান্য এলাকা পড়েছে ইউএস এর ভাগে। হোক্কাইডোতে নির্মাণ করা হয়েছে বিশাল এক রহস্যময় টাওয়ার, যা দক্ষিণাঞ্চলের অনেক দূর পর্যন্তও দৃশ্যমান।

এই সময়ে হোনশু এলাকায় বাস করত তিন হাইস্কুল পড়ুয়া বন্ধু। আর দশটা হাইস্কুল শিক্ষার্থীর মতই তাদের জীবন। টাওয়ারটার ব্যাপারে তাদের কৌতুহলের সীমা নেই। তারা তিনজন প্রমিস করে, একদিন একটা এয়ারক্রাফট বানিয়ে তারা এই টাওয়ারের রহস্য সমাধান করবে।

কিন্তু এর মাঝে অদ্ভুত এক রোগে আক্রান্ত হয় সাওয়াতারি। চিকিৎসার জন্যে টোকিও চলে যেতে হয় তাকে। এই ঘটনার পরে তিন বন্ধু তাদের প্রমিসের কথা প্রায় ভুলতে বসে। তারা কি কখনো জানতে পারবে, টাওয়ারের সাথে সাওয়াতারির রোগের সম্পর্কের কথা?

মুভিটির পরিচালক মাকোতো শিনকাই, এই একটা নামই যথেষ্ট এর আর্টওয়ার্কের সৌন্দর্য বুঝানোর জন্য। ঝলমলে প্রাকৃতিক দৃশ্য, খোলা আকাশ, বিস্তীর্ণ মাঠ- প্রতিটা ক্ষেত্রে মাকোতো শিনকাই এর ছাপ স্পষ্ট। ওএসটি বেশ মানানসই, এন্ডিংটা মনে রাখার মত। স্টোরিটা এই পরিচালকের অন্যান্য কাজের মতই একটু ধীরগতির, তবে মনে ছাপ রেখে যায় সহজে। আর এন্ডিংটা আমার অনেক ভাল লেগেছে।

তাই সময় পেলে দেখে ফেলতে পারেন এই মুভিটি।

Movie Download Link-
http://kissanime.com/…/The-Place-Promised-in-Our-Early…

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 21

m21

Name- Children Who Chase Lost Voices / Hoshi Wo Ou Kodomo
Duration- 1 hour 56 min.
MAL Score- 7.89
Ranked- 656
Genres- Adventure, Fantasy, Romance

বিখ্যাত ডিরেক্টর মাকোতো শিনকাই পরিচালিত মুভি এটি, এবং দেখার সময় পুরো মুভিতেই এই ডিরেক্টরের ছোঁয়া খুব ভালভাবেই বুঝতে পারা যায়।

আসুনা (তলোয়ার শিল্পের আসুনা না) একজন স্কুলছাত্রী। তার বাবা নেই। সেজন্য তার মাকে সংসার চালানোর জন্যে অনেকটা সময় বাইরে কাজ করে কাটাতে হয়। যে কারণে তিনি ঘরের দিকে তেমন খেয়াল রাখতে পারেন না। আসুনাকে তাই এই অল্প বয়সে ঘর সামলানোর দায়িত্ব পালন করতে হয়, পড়াশোনার পাশাপাশি। তাই সে কিছুটা একাকীত্বেও ভোগে।

প্রতিদিন আসুনা স্কুল থেকে ফিরে ঘরের সব কাজ শেষ করে চলে যায় জঙ্গলের দিকে। সেখানে একা বসে সে তার বাবার দিয়ে যাওয়া ট্রান্সমিটারে একটা ঝকমকে পাথর রেখে শুনতে পায় অদ্ভুত এক গান। আর কেউ কোনদিন যে গান শুনতে পায়নি।

একদিন ঘটনাক্রমে তার সাথে দেখা হয় শুন এর। একটা বিপদ মোকাবেলা করার সময় পরিচয় গাঢ় হয় তাদের। শুন আসুনাকে জানায় সে এসেছে আগার্থা নামের এক দেশ থেকে। কিন্তু শুনের ব্যাপারে এর বেশি কিছু জানতে পারেনা আসুনা।

পরেরদিন স্কুল থেকে ফেরার পর মায়ের কাছে এমন এক সংবাদ পায় আসুনা, যাতে তার পৃথিবী টলে ওঠে।

আগেই বলেছি, মাকোতো শিনকাই এর মুভি এটা, কেউ না বলে দিলেও অন্তঃত আগার্থায় পৌছানোর পর সেখানকার বিস্তৃত জনশূণ্য মাঠের পর মাঠ, আকাশে অপূর্ব রঙের মেঘের ছড়াছড়ি, চমৎকার দৃশ্যায়ন, এমনকি পানির নিচের অংশগুলোও চোখ ধাঁধাঁনো- দেখে নিজের অজান্তেই মনে একটা ধারণা চলে আসে।

কাহিনীটা শুরুর দিকে অন্য যেকোন মুভির মত টিপিক্যাল কাহিনীর মনে হতে পারে, তবে যত এগিয়ে যায়, মুভিটি এর দর্শকদের তত বেশি চমক উপহার দেয়।

তাই, হাতে তেমন কোন কাজ না থাকলে এই উইকএন্ডেই দেখে ফেলুন এই মুভিটি।

Movie Download Link-
http://kissanime.com/Anime/Children-who-Chase-Lost-Voices

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 11

the-garden-of-words_917_1680

 

Name- The Garden of Words / Kotonoha No Niwa
Duration- 46 minutes
MAL Score- 8.37
Ranked- 170
Genre- Romance

গার্ডেন অফ ওয়ার্ডস। কথাটির অর্থ করলে দাড়ায় শব্দের বাগান। এবং এই মুভিটিতে শব্দ অনেক রয়েছে। গাছের পাতায়, ঝিলের পানিতে বৃষ্টির শব্দ; চায়ের কাপে টুংটাং শব্দ, মৃদু হাসির শব্দ, ট্রেন চলার শব্দ, মৃদুস্বরে কথা বলার শব্দ। সব শব্দকে ছাপিয়ে অন্য একটা শব্দও শুনতে পাওয়া যায়। এই শব্দকে কানে শোনা যায়না, অনুভব করতে হয়, কারণ মনের না বলা কথার নীরব ধ্বনি যেমন জোরালো, তেমনই ক্ষীণ।

মুভিটির কাহিনী তাকাও নামের ১৫ বছর বছর বয়সী এক হাইস্কুলের কিশোরকে নিয়ে, যার স্বপ্ন হল জুতো বানানো। সে তার স্বপ্ন বাস্তবায়নের জন্য অনুশীলন করে, যদিও তার পরিবারের লোকেরা এবং আত্মীয়স্বজন তার এই শখটাকে মোটেই ভালো চোখে দেখেনা। তাদের ধারণা তাকাও এসব করে শুধু তার নিজের ভবিষ্যৎ নষ্ট করছে।

এক বৃষ্টির দিনে তাকাও স্কুল মিস করে একটি জাপানি ধাঁচের বাগানে চলে যায়। সেখানে একটি ছাউনিতে বসে সে তার জুতার ডিজাইন নিয়ে কাজ করতে থাকে। সেখানে তার দেখা হয় ইউকিনো নামের একজন মধ্যবয়সী সুন্দরী মহিলার সাথে। হালকা কথাবার্তা হয় তাদের মধ্যে। হঠাত করে ইউকিনো সেখান থেকে উঠে চলে যান। যাওয়ার সময় একটি জাপানি কবিতার কিছু লাইন তাকাওকে শুনিয়ে যান।

এরপর যখনি বৃষ্টি হত, তখনি ইউকিনোর সাথে দেখা হত তাকাও এর। এভাবে হালকা কথাবার্তার মাধ্যমে তাকাও এবং ইউকিনোর মাঝে সম্পর্ক গাঢ় হতে থাকে। কিন্তু আস্তে আস্তে বর্ষাকাল শেষ হয়ে এলো। তাকাও এবং ইউকিনোর মাঝে দেখা হওয়ার সম্ভাবনাও আস্তে আস্তে ম্লান হয়ে যেতে থাকল।

ডিরেক্টর হিসেবে মাকোতো শিনকাই এর সুনাম কারোই অজানা নয়। কাজেই তার কাজ যে খুব সুন্দর হবে এটা আশা করাই স্বাভাবিক। মুভিটির গ্রাফিক্স অত্যন্ত চমৎকার, শুধু এই গ্রাফিক্স দেখেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছা করে পুরোটা সময়। বৃষ্টি পড়ার দৃশ্যগুলো অতিরিক্ত সুন্দর। মুভিটির এন্ডিংটা মোটামুটি এই ডিরেক্টরের অন্যান্য কাজগুলোর এন্ডিংকে ফলো করেছে।

তবে আমার নিজের একটা ব্যাপারে একটু আফসোস থেকে গেছে, মাত্র ৪৫ মিনিটে মুভিটি শেষ হয়ে যাওয়ায়। আরও কিছুক্ষণ দেখার ইচ্ছাটা বারবার কষ্ট দিয়েছে। আর মুভি শেষে যে গানটা প্লে হয়… এককথায় চমৎকার!!

মুভিটি অনেক বিখ্যাত, আশা করি সবাই দেখে ফেলেছেন, আর যদি কেউ না দেখে থাকেন, তাহলে এই ঈদের বন্ধের সুযোগে দেখে ফেলুন। আপনার ৪৫ মিনিট যে খুব চমৎকার কাটবে, তা নিশ্চিত। আরেকটা কথা, এই মুভিটি পারলে অবশ্যই 1080p তে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে একটা মুভির অ্যানিমেশন কতটা চমৎকার হতে পারে।

Movie Download Link-
http://kissanime.com/Anime/The-Garden-of-Words

Ending Song Link-
https://youtu.be/tsrPAk8MmFM

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

 

Movie Time With Yami – 05

distantstar

Name- Voices of a Distant Star / Hoshi No Koe
Duration- 25 minutes
MAL Score- 7.71
Ranked- 947
Genres- Drama, Mecha, Romance, Sci-Fi

এটি আসলে একটি ওভিয়ে, যার ডিরেক্টর এবং ভয়েস অ্যাক্টর মাকোতো শিনকাই। যারা এ নামটির সাথে পরিচিত তারা জানেন, মাকোতো শিনকাই মানেই সম্পূর্ণ অন্যরকম কিছু।

এটির কাহিনী ভবিষ্যতে, তখন টেকনোলজি অনেক উন্নত হয়েছে। মানুষ মঙ্গল গ্রহে এলিয়েনদের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছে এবং সেটাকে পরিদর্শন করার জন্যে স্পেসশিপ পাঠাচ্ছে। এমনই এক যুগের দুই স্কুলপড়ুয়া বন্ধু মিকাকো নাগামিনে ও তেরাও নোবোরু। তাদের যখন সিনিয়র হাইস্কুলে ওঠার সময় হয়, তখন নাগামিনে তার যোগ্যতার কারণে স্পেসশিপে করে পৃথিবীর বাইরে যাওয়ার জন্যে নির্বাচিত হয়। সে স্পেসশিপে চলে যাওয়ার পর দুই বন্ধুর যোগাযোগের একমাত্র উপায় হিসেবে থাকে সেলফোনের টেক্সট মেসেজ, যা একে অপরের কাছে পৌছতে মাস পার করে দেয়। পৃথিবীর সাথে স্পেসশিপের দূরত্ব যত বাড়তে থাকে, মেসেজ পৌঁছানোর সময়কালও বাড়তে থাকে। তাদের ভবিষ্যৎও পূর্ণ হয়ে উঠতে থাকে অনিশ্চয়তায়।

নাগামিনে ও নোবারু দুইজনই স্বপ্ন দেখে, একদিন নাগামিনে ফিরে আসবে স্পেস থেকে, তখন তাদের আর এভাবে মাসের পর মাস অপেক্ষা করতে হবে না একটা টেক্সটের জন্য। এবং তারা একসাথে সেই সব করতে পারবে, যা নরম্যাল হাইস্কুল স্টুডেন্টরা করে।

আমার মতামত, একটু ধীরগতিতে আগায় কাহিনী, কিন্তু কিছু একটা আছে এর মাঝে, শেষ পর্যন্ত দেখলে ভাল লাগে । শেষ হওয়ার পরেও কিছুক্ষণ থমকে দাড়িয়ে চিন্তা করতে হয়।

২০০২ সালে রিলিজ হওয়া এই ওভিয়েটির একটা বিশেষত্ব হল, শুধুমাত্র এর ডিরেক্টর মাকোতো শিনকাই এবং তার মেয়েবন্ধু ছাড়া এটি বানাতে আর কেউ কাজ করেনি। মাত্র দুজন মানুষ মিলে এরকম একটা কাজ দাড়া করিয়ে ফেলেছে, ভাবতেই অবাক লাগে।

সুতরাং, হাতে তেমন কোন কাজ না থাকলে এই উইকএন্ডেই দেখে ফেলতে পারেন এই ওভিয়েটি।

Download Link –

http://kissanime.com/Anime/Voices-of-a-Distant-Star

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!