এনিমে- Great Teacher Onizuka(GTO)
এপিসোড- ৪৩
জনরা- কমেডি, ড্রামা, স্কুল, শৌনেন, স্লাইস অফ লাইফ
MAL রেটিং- ৮.৭৯
প্লট এবং রিভিউঃ ‘গ্রেট টিচার অনিজুকা’ এনিমের মূল চরিত্র, এইকিচি অনিজুকা। তাকে কেন্দ্র করেই এনিমের কাহিনী। তিনি একজন ২২ বছর বয়সী জাপানিজ বাইক গ্যাং লিডার। ব্যাচেলর এবং ভার্জিন। তিনি কারাতের ব্ল্যাকবেল্টধারী। তার ইচ্ছে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষক হবেন, যাতে করে তিনি হাই স্কুলের মেয়েদের সাথে প্রেম করতে পারেন। তিনি খুবই ‘Perverted’ এবং এটি প্রকাশ্যে বলতে তার কোন লজ্জা নেই। আপাতত কোন কাজ ছাড়াই আছেন। একদিন তিনি একটি স্কুলে শিক্ষকতার কাজ পেয়ে যান এবং ওখানের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ব্যাক্তিগত ও পারস্পরিক সমস্যা দূর করতে থাকেন।
‘গ্রেট টিচার অনিজুকা’ হাস্যরসের উপাদানে ভরপুর। প্রত্যেকটি এপিসোডই খুব মজার। ছাত্র ছাত্রীদের সাথে অনিজুকা খুব সহজেই মিশতে পারেন। এতে করে তাদের সমস্যা সমাধান করা তার জন্য সহজ হয়। অনিজুকা যেমন সবাইকে হাসাতে পারেন, আবার কেউ যদি তার সাথে ঝামেলার চেষ্টা করে, তাকে শায়েস্তা করতেও তিনি একাই যথেষ্ট। ফুয়ুতসুকি সেন্সেইয়ের সাথে তার গোপন প্রেম চলে। দুজনেই জানেন, কিন্তু কেউই মুখ ফুটে বলেন না। উচিয়ামাদা সেন্সেই অনিজুকাকে দেখতে পারেন না। তার দুই চোখের বিষ হচ্ছেন অনিজুকা, কিন্তু তাকেও অনিজুকা শায়েস্তা করেন। ছাত্র ছাত্রীরা অনেক সময়ই অনিজুকার মনে খুব আঘাত করে, কিন্তু অনিজুকা তাদের আঘাতে বিব্রত না হয়ে মজা করে তাদের সাথে সম্পর্ক ঠিক করে নেন। শুরুতে ছাত্র ছাত্রীরা অনিজুকাকে দেখতে পারে না কিন্তু একসময় তাদের প্রিয় শিক্ষক হয়ে উঠেন তিনি।
অনিজুকা চরিত্রটির সবচেয়ে মজার ব্যাপার হল, তিনি কোন ব্যাপারেই সিরিয়াস না! অতি জটিল সমস্যাও তিনি খুব হাসিখুশিভাবে সমাধান করেন। এমন অনেক ঘটনা ঘটে অনিজুকার সাথে যখন মনে হয় তিনি রাগের মাথায় কিছু করে বসবেন(তার শিক্ষক জীবনের আগের স্বভাব থাকলে তেমন করাই স্বাভাবিক) কিন্তু দেখা যায় তিনি তেমন কিছুই করেন না। খুব ঠাণ্ডা মাথায় সমস্যার মোকাবিলা করেন।
এনিমেটি মূলত কমেডি হলেও এই এনিমে থেকে অনেক কিছুই শেখার আছে। যেমন, বিশেষ পরিস্থিতিতে কিভাবে মাথা ঠাণ্ডা রেখে সমস্যার মোকাবিলা করতে হয়। এনিমে দেখার সময় হাসতে হাসতে বেশ কিছু ছোটখাটো কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার শিখে ফেলবেন। একটুও বোরিং লাগবে না, বরং শেষ করার পর মনে হবে আরও কিছু এপিসোড যদি অনিজুকা এন্ড কোং এর কাণ্ডকারখানা দেখতে পারতেন!
এনিমের ওপেনিং এবং এন্ডিং OST গুলো বেশ ভাল। বিশেষ করে ‘লাস্ট পিস’ নামের OST টি।
এনিমেশন কোয়ালিটি সেই সময়ের হিসাবে বেশ ভাল। তবে মেয়ে চরিত্রগুলোর গালগুলো একটু ফোলা!
একশন দৃশ্যগুলো বেশ মজার। কমেডি দৃশ্যগুলো আরও বেশী মজার। অনেক সময় হাসতে হাসতে পেটে খিল ধরার মত অবস্থাও হতে পারে। এককথায় ‘গ্রেট টিচার অনিজুকা’ মানেই হচ্ছে ‘খাটি বিনোদন’। সোনালি চুলওয়ালা, হাতে/মুখে সিগারেটধারী অনিজুকার কাণ্ডকারখানা ভাল লাগতে বাধ্য।

