Sakib’s Hidden Gems – Episode #04

আনিমে: Seirei no Moribito (Moribito – Guardian of the Spirit)

জানরা: ফ্যান্টাসি, একশন, এডভেঞ্চার, জোসেই
এপিসোড সংখ্যা: ২৬
 
আজ লিখব একটি সত্যিকার অর্থেই হিডেন জেম সম্পর্কে। এই অসামান্য গল্পটি আবর্তিত হয়েছে মহিলা রক্ষী (Bodyguard) বালসা ও ইয়াগু রাজ্যের ছোট রাজকুমার চাগুমকে কেন্দ্র করে। বালসা ওর জীবনের প্রথমভাগে কাজের প্রয়োজনে আটজনের প্রাণ নিয়েছিল। পরে অনুতপ্ত হয়ে সে তার প্রায়শ্চিত্ত হিসাবে আটজনের জীবন রক্ষার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ঘটনাচক্রে চাগুমের শরীরে প্রবেশ করেছে একটি Water Spirit এর ডিম, যেটা থেকে কিনা এমন একটি Spirit জন্ম নিবে, যা সারা দেশে ভয়াবহ খরা ডেকে আনবে। তাই বাধ্য হয়ে ওর নিজের বাবা (অর্থাৎ রাজ্যের রাজা) ওর প্রাণ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এখন ছেলের প্রাণ বাঁচাতে ওর মা বালসাকে অনুরোধ করে চাগুমকে নিয়ে কোথাও চলে যেতে এবং ওকে একরকম মায়ের মতই আগলে রাখতে। বালসা রাজি হয় এবং এভাবেই গল্প এগোতে থাকে।
 
 
 
 
 
এই আনিমের সব জায়গায় আপনি যত্নের ছোঁয়া পাবেন। ব্যাকগ্রাউন্ড ও ক্যারাকটার ডিজাইন খুবই এস্থেটিক (আমার কাছে কেন জানি Avatar কার্টুনটার মতো লেগেছে)। গল্পটি বলা হয়েছে সময় নিয়ে ও যত্নের সাথে। চরিত্র গঠন, ওয়ার্ল্ড বিল্ডিং স্রেফ অপূর্ব। প্রতিটি চরিত্রের (ভালো হোক বা মন্দ হোক) চিন্তাভাবনা ও ধ্যানধারণা নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আনিমেটিতে খুবই সুদিং ফোক ঘরানার ওএসটি ব্যবহার হয়েছে, যা আপনাকে এনে দেবে প্রশান্তি (নিচের ভিডিওটি দেখলে আপনি একটি ভালো নমুনা পাবেন) । আর সর্বোপরি আছে ফিমেইল লিড বালসা – যার মানবতা, বৈষয়িক জ্ঞান, কঠোরতা, কোমলতা, ও মাতৃত্বের অনন্য মিশেল অনায়াসে আনিমে ইতিহাসের সেরা নারীচরিত্রের দলে নিজের স্থান করে নিয়েছে। আর চাগুমও বুদ্ধি ও মনের জোরের দিক দিয়ে কম যায় না।
 

 
একটি ফ্যান্টাসি আনিমে হওয়া সত্ত্বেও আনিমেটিতে আপনি জীবনের ছোঁয়া পাবেন সবক্ষেত্রে। এটি আমি সব্বাইকে সাজেস্ট করলাম। আর এর সাথে একই লেখিকার আরেকটি মাস্টারপিস Kemono no Souja Erin ও দেখতে ভুলবেন না। এটি নিয়ে সুযোগ পেলে লিখব।

Sakib’s Hidden Gems – Episode #03

আনিমে: Zipang

জানরা: মিলিটারি, অ্যাকশন, হিস্টরিকাল, সেইনেন
এপিসোড সংখ্যা: ২৬
 
একবিংশ শতকের অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন জাপানি যুদ্ধজাহাজ “মিরাই” একটি মিলিটারি ড্রিলের সময় মাঝসাগরে অদ্ভুতুড়ে আবহাওয়া ও Natural Anomaly র সম্মুখীন হয়। ঝড় কাটার পরে মিরাই ও তার ক্রু নিজেদের আবিষ্কার করে যে তারা টাইম ট্রাভেল করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার রণক্ষেত্রের মাঝে চলে এসেছে। তারা কী এখন পারবে ইতিহাসকে অপরিবর্তিত রেখে আবার নিজেদের সময়কালে ফিরে যেতে, নাকি সিদ্ধান্ত নেবে চল্লিশের দশকের রণক্ষেত্রে একবিংশ শতকের অস্ত্রশস্ত্র ও বিদ্যাবুদ্ধি প্রয়োগ করে নিজের দেশের আসন্ন পরাজয়কে ঠেকাতে?
 
 
এটি একটি বাহুল্যবর্জিত মিলিটারি আনিমে। যুদ্ধের পরিবেশ ও বিভিন্ন কলাকৌশলই এখানে মুখ্য। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত, তাই এই আনিমেতে WWII সংক্রান্ত বেশ কিছু বিষয় উঠে এসেছে (যেমন – জাপানি যুদ্ধজাহাজ ইয়ামাতো, Battle of Midway ইত্যাদি)।
 
২০০৪ সালের আনিমে, তাই এখনকার ঝা-চকচকে ভিজুয়াল এটাতে পাবেন না। ক্যারাকটার ডিজাইন বেশ সিমপ্লিস্টিক আর রিয়ালিস্টিক। প্রাকৃতিক দৃশ্যগুলি খুব সুন্দর করে আঁকা, দেখতে ভাল লাগে বেশ। আর ওপেনিং গানটা বেশ ভাল।
মোটামুটি সবার জন্যই আমি এই আনিমেটি সাজেস্ট করব। তবে যদি আপনি মিলিটারি আনিমের ফ্যান হন, বা বিশ্বযুদ্ধ নিয়ে আনিমে দেখতে চান, তাহলে এখনি শুরু করে দিন।

Sakib’s Hidden Gems – Episode #02

আনিমে: Ueki no Housoku (The Law of Ueki)

জানরা: শৌনেন, অ্যাকশন, কমেডি, অ্যাডভেঞ্চার
এপিসোড সংখ্যা: ৫১
 
আজ আলোচনা করব আমার খুবই প্রিয় একটা আনিমে নিয়ে। গল্পটি হল অনেক বছর পরপর আয়োজিত “Celestial King” বাছাইয়ের প্রতিযোগিতা নিয়ে। প্রত্যেক প্রতিযোগীর কাজ হল ওর পক্ষ হয়ে লড়াই করবে এমন একজনকে বাছাই করে ওকে একটা “Special Ability” দেওয়া। এর পরে জো জিতা ওহি সিকান্দার আর কি। Celestial King আর তার Representative এর জন্য থাকছে আকর্ষণীয় উপহার।
 
 
কী, জেনেরিক মনে হচ্ছে? মনে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আসলে মোটেই তা নয়। কারণ গল্পে আছে মারামারি আর কমেডির অনন্য মিশেল। আর প্রত্যেকটা Ability বেশ হাস্যকর। উদাহরণস্বরূপ – গল্পের নায়ক Ueki র অ্যাবিলিটি হল আবর্জনাকে গাছে রূপান্তরিত করা (হাসি)। প্রতিযোগিতার নিয়মকানুনেরও কোন মাথামুণ্ডু নেই (মানে কমেডিক সেন্সে আরকি)। এ ব্যাপারে জাকারিয়ার ভাষ্যমতে, “হবুচন্দ্র খেলার গবুচন্দ্র নিয়ম”। আর প্রতিটি ফাইটে আছে বুদ্ধির খেলা, স্রেফ শক্তি দিয়ে প্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দেওয়া নয়।
যদি আপনি একটু ভিন্ন স্বাদের শৌনেনের খোঁজে থেকে থাকেন, তাহলে অবশ্যই দেখবেন। আর না থাকলেও চেখেই দেখুন না।

Sakib’s Hidden Gems – Episode #01

Anime:Top Secret: The Revelation

Genre: Mystery, Shoujo, Sci-Fi, Thriller
Number of Episodes: 26
 
এই আনিমেটি আবর্তিত হয়েছে পুলিশের বিশেষ গোয়েন্দা বিভাগের দুই সদস্য Maki Tsuyoshi ও Aoki Ikkou কে কেন্দ্র করে। ওদের ডিপার্টমেন্টের কাজ হল মৃত ব্যক্তির (victim) মগজ অনুসন্ধান করে তার মৃত্যুর সময়কার (প্রয়োজনবোধে জীবনের যেকোন মুহূর্তের) স্মৃতি পর্যালোচনা করে দ্রুত হত্যাকারীকে খুঁজে বার করা।
 
 
আনিমেটাতে বেশ কয়েকটি কেস সমাধান করা হয়েছে। প্রায় সবগুলি কেসই বেশ ডার্ক ঘরানার। আমার কাছে বেশিরভাগ কেসই বেশ ভাল লেগেছে, আর বাকিগুলো মোটামুটি। এছাড়াও গল্প জুড়ে Maki Tsuyoshi এর জীবনের ট্র্যাজিক অতীতের কাহিনী একটু একটু করে খোলাসা করা হয়েছে।
যেহেতু আনিমেটি Shoujo জানরার, সেহেতু Character Design ও সেইরকম (মানে খুবই হ্যান্ডসাম ছেলে চরিত্র)। তাছাড়া Shoujo Ai ভাইব পাবেন কিছুটা। ওএসটি গুলো বেশ একটা Dramatic পরিবেশ সৃষ্টি করে। আর এটার মাঙ্গাও আছে, যার মোটামুটি ভালই সুনাম দেখলাম।
মোটের উপর মিস্টেরি বা শোউজো জানরার ফ্যানরা অবশ্যই আনিমেটি চেখে দেখতে পারেন। বিশেষত যাদের Banana Fish ভাল লেগেছে, তারা অবশ্যই দেখবেন।
 

Omake: Tsumiki no Ie (The House of Small Cubes)

MAL Link: https://myanimelist.net/anime/5365/Tsumiki_no_Ie

মাত্র ১২ মিনিটের এই শর্ট ফিল্মটিতে একজন মানুষের জীবন কাহিনী খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সংলাপবিহীন এই ছবিটিতে আসলে কী বোঝান হয়েছে, তা নির্ভর করবে আপনি কীভাবে তা Interpret করছেন তার উপর। আমি যখন প্রথম দেখি, তখন যেভাবে বুঝেছি, পরেরবার অন্যভাবে বুঝেছি। তবে আপনি যেভাবেই বুঝেন না কেন, গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তাই এখনি নিচের ভিডিওটি দেখে আসতে পারেন।