দুঃখজনক ভাবে এনিমে কমিউনিটির খুব বড় একটি অংশ এনিমেতে ইয়ুরি কিংবা ইয়াওয়ি ট্যাগ দেখলেই এনিমেগুলোকে ময়লার ঝুড়িতে ফেলে দেয় অর্থাৎ কখনোই দেখে না এবং সত্যি কথাতে তাদের দোষ দেয়া যায় না। বেশিরভাগ সময় এসব শৌজো এ আই মার্কা শোগুলি নির্লজ্জ ফ্যানসার্ভিস দিয়ে কিছু টাকা বাগানোর জন্যই বানানো হয়। গত বছরের (২০১৮) শুরুর সিটরাস তার একটি উদাহরণ। কিন্তু যখন আসলেই একটা ভালো ইয়ুরি কিংবা ইয়াওয়ি এনিমে আসে যেখানে তাদের সেক্সুয়্যালিটি কোনো ফ্যানসার্ভিস নয় বরং চমৎকার চরিত্রায়ন এবং গল্প বলার মাধ্যমে ফোটানো হয় তখন সেটা আর কেউ দেখে না।
গত বছরের (২০১৮) জমজমাট ফলের এনিমের মধ্যে এই রত্নটা প্রায় হারিয়েই গেছে। এর বড় একটি কারণ সিটরাস মোটামুটি ইয়ুরি জিনিসটাকেই একটি হাস্যকর বিষয়ে পরিণত করেছে। ব্লুম ইন্টু ইয়ু কেবল আমার দেখা সেরা শৌজো এ আই এনিমেই নয় বরং আমার প্রিয় রোমান্টিক এনিমে হবার দাবি রাখে যদিও ওই ক্যাটাগরিতে কারে কানো আর টোরাডোরা ছাড়া কেউ প্রতিদ্বন্দ্বিতা দেবার মতো নেই। সিরিজটার পরিচালনা থেকে শুরু করে দৃশ্য পরিকল্পনা, সিনেমাটোগ্রাফি, মিউজিক্যাল স্কোর প্রতিটি অংশই প্রশংসার দাবীদার।
খুব কম টিভি সিরিজ তরুণ বয়সের রোমান্সের বিষয়টা বুঝে। বাইরে থেকে সবার কাছেই মনে হয় যে যখনই তোমার “সউল মেট”কে দেখবে তখন সময় তোমার জন্য থেমে যাবে কিংবা সবকিছুই তখন মধুর মনে হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। সত্যিতে ওই মুহূর্তটা ডিজনির জমকালো রূপকথার তুলনায় কিছুটা হতাশজনক। সিরিজটি যতটুকু রোম্যান্টিক তার চেয়ে বেশি বেশি ইয়ুই এবং অন্যান্য চরিত্রের আত্মবোধ নিয়ে। এখানে নানামি ইয়ুইকে মেয়ে বলে ভালোবাসে নি বরং ভালবেসেছে কারণ সে মনে করে যে ইয়ুই তাকে বুঝতে পারবে এবং কেবল ইয়ুই এর সাম্নেই সে তার সত্যিকারের নিজেকে প্রকাশ করতে পারবে। এই জিনিসটার আমার কাছে অসম্ভব ভালো লেগেছে যে এখনে হোমোসেক্সুয়্যালিটির বিষয়টা কোনো আচরণ-ধর্ম নয় বরং দুইজন “মানুষের” দুইজন “মানুষ”কে ভালোবাসা দিয়ে প্রকাশ করেছে। এখানে আমি মানুষ শব্দটিতে গুরুত্ব দিচ্ছি কারণ এরকম অন্যসব এনিমের মতো এটা নির্লজ্জ সেক্সুয়াল এপিলে ভর করে না।
সত্যি কথাতে এনিমেতে রোমান্সজিনিসটা এতোই স্ল্যাপস্টিক কমেডি নির্ভর যে এরকম লীলায়িত এবং সিরিয়াস ধরণের গল্পবলাটা অপ্রত্যাশিত ছিলো আর এনিমেটা যখন ইয়ুরি তখন জিনিসটা আরো ইম্প্রেসিভ। এই সিরিজের টোন অন্যসব রোমান্স নয় বরং কিছু স্লাইস অফ লাইফ জন্রার সিরিজ যেমন কিডস অন দ্যা স্লোপ কিংবা মার্চ কামস ইন লাইক এ লায়ন এর সাথে সদৃশ।

