আনিমে: Joker Game
জানরা: হিস্টোরিকাল, মিলিটারি, ড্রামা
এপিসোড সংখ্যা: ১২
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/31405/Joker_Game
সময়টা ১৯৩৭ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হব-হব। জাপানি সাম্রাজ্যের স্বার্থ রক্ষার্থে লেফটেন্যান্ট ইউকি নামক এক রহস্যময় ব্যক্তি নিজ উদ্যোগে D Agency নামক এক স্পাই ট্রেনিং প্রতিষ্ঠান খুলেছেন। তার আন্ডারে তিনি নিয়েছেন বহু কঠিন পরীক্ষায় উত্তীর্ণ আটজনকে। প্রতিষ্ঠানটির অনন্য সাফল্যে ঈর্ষান্বিত হয়ে এক মিলিটারি উচ্চপদস্থ কর্মকর্তা একজনকে পাঠান ডি এজেন্সির সাথে লিয়াজোঁ হিসেবে কাজ করতে। একই সাথে একটি “অসম্ভব” মিশনে ওদের নিয়োগ দেন। ঐ লিয়াজোঁ (নাম সাকুমা) স্পাইদের সম্পর্কে নিচু ধারণা পোষণ করে। কিন্তু ঐ মিশনে সক্রিয়ভাবে অংশ নিয়ে নিজের চোখে ওদের দক্ষতা বুঝতে পেরে সাকুমার ভুল ভাঙে। গল্পের শুরুটা এইভাবেই। তারপর একেকটি এপিসোডে ডি এজেন্সির ভিন্ন ভিন্ন সদস্যরা একেকটি গুপ্ত মিশনে অংশ নেয়।
আনিমেটির ভিজুয়াল খুবই দৃষ্টিনন্দন। ক্যারাক্টার ডিজাইনে আছে বাস্তবের ছোঁয়া। ওএসটির ব্যবহারও ঠিকঠাক। গল্পটিতে আপনি তৎকালীন জাপান ও বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির একটি স্পষ্ট খণ্ডচিত্র পাবেন। তার সাথে গুপ্তচরবৃত্তির টানটান উত্তেজনা তো থাকছেই।
আনিমেটির একটি ত্রুটি হলো প্লট প্রগ্রেসনের অভাব। ডি এজেন্সি আর ইউকি সম্পর্কে গল্পে বেশ একটি রহস্যময় আবহ তৈরি করা হয়েছে, কিন্তু যৎসামান্য তথ্যই উদঘাটিত হয়েছে। এই ব্যাপারে আপত্তি না থাকলে আনিমেটি অবশ্যই দেখার মত।

