Movie Time With Yami – 48

antiqueshop

 

Name: Whisper of the Heart / Mimi wo Sumaseba
Duration: 1 hr. 51 min.
MAL Score: 8.34
Ranked: 202
Genres: Adventure, Drama, Fantasy, Romance, Slice of Life

স্টুডিও জিবলীর বেশিরভাগ মুভিতে যে কমন ব্যাপারটা পাওয়া যায়, তা হল প্রাচীন বনভূমি দিয়ে ঘেরা পৃথিবী এবং জাদুবিদ্যার উপস্থিতি। কিন্তু চোখ ধাঁধানো সেসব মুভি বাদেও এ স্টুডিওর কিছু মুভি আছে, যেগুলো ফোকাস করে আমাদের শহুরে যান্ত্রিক জীবনের ওপর, সেই জীবনের চাওয়া-পাওয়া, আনন্দ-বেদনা, সাফল্য ও ব্যর্থতার গল্পের ওপর। খুঁজে দেখলে আমাদেরই দৈনন্দিন জীবনের কাহিনীর সাথে গল্পগুলোর খুব মিল খুঁজে পাওয়া যাবে। তেমনই একটি কাহিনী হল মিমি উয়ো সুমাসেবা।

কৈশোর মানুষের জীবনের অত্যন্ত চমৎকার একটি সময়। এই সময়ে তারা পৃথিবীটাকে নতুন করে চিনতে পারে, চেনা পৃথিবীটা হঠাৎ করে অচেনা হয়ে ওঠে। একদিকে থাকে ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে দুশ্চিন্তা, অন্যদিকে নিজের জীবনের সবচেয়ে সুন্দর এবং মূল্যবান স্মৃতিগুলোকে তৈরি করারও সবচেয়ে উপযুক্ত সময় এটি।

সেরকমই একটা বয়স পার করছে সুকিশিমা শিজুকু। সে একজন সাধারণ জাপানি হাইস্কুল বালিকা। জাপানের একটি সাধারণ পরিবারের অংশ সে, যেখানে বাবা-মা দুজনেই নিজেদের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকে, বড় বোনও নিজের ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছে। শিজুকু নিজের ভবিষ্যত নিয়ে তেমন চিন্তিত নয়, তবে সঠিক পথ কোনটা হতে পারে, তা নিয়ে সংশয়ে আছে সেও।

শিজুকু ভালবাসে বই পড়তে, তাই পাবলিক লাইব্রেরীতে যাওয়া তার নিত্যদিনের অভ্যাস। একদিন লোকাল ট্রেনে চড়ে পাবলিক লাইব্রেরীতে যাওয়ার সময় সে দেখতে পায়, ঠিক তার পাশেই একটি মোটাসোটা স্বাস্থ্যবান বিড়াল বসে আছে। বিড়ালটাকে দেখে শিজুকুর মজা লাগে, তাই সে কোনকিছু চিন্তা না করেই ট্রেন থেকে নামার পর সেটিকে অনুসরণ করতে থাকে। বিড়ালটির পিছু পিছু গিয়ে সে হাজির হয় একটি অ্যান্টিকের দোকানের সামনে, আর এই দোকানের এই ভিজিটটিই শিজুকুকে পরবর্তীতে সাহায্য করে তার নিজের জীবনে এগিয়ে যাওয়ার পথে পা বাড়াতে।

মুভিটির কাহিনী খুব জটিল কিছু না, সাদাসিধে হাসিখুশি দৈনন্দিন জীবনের গল্প, যেন আমাদের কারও কারও কৈশোরকেই তুলে আনে গল্পের মাধ্যমে। উজ্জ্বল আর্টওইয়ার্ক এবং ক্যারেক্টার ডিজাইনে হায়াও মিয়াজাকির কাজের ছাপ স্পষ্ট, হালকা রমকম এবং মানানসই ব্যাকগ্রাউন্ড মিউজিক মুভিটিকে হালকা মেজাজে উপভোগ করার উপযোগী করে তুলেছে। এন্ডিংটি খুব ভাল লেগেছে আমার কাছে, আর সবচেয়ে ভাল লেগেছে গায়ক “জন ডেনভার” এর “কান্ট্রি রোড” গানটির জাপানি ভার্সনটি, যা মুভিতে কয়েক জায়গায় এবং এন্ডিং সং হিসেবে ব্যাবহৃত হয়েছে।

তাই, হাতে অবসর সময় থাকলে দেখে ফেলুন এই মন ভাল করা মুভিটি, দেখার সময় অন্তত একবার হলেও নষ্টালজিয়াতে ভুগবেন আশা করি!

Movie Download Link-
http://kissanime.com/Anime/Whisper-of-the-Heart

Ending Song Link-
https://youtu.be/ispeh2bW1AQ

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

 

Movie Time With Yami – 46

Porco_Rosso_3

Name: Porco Rosso / Kurenai no Buta
Duration: 1 hr. 33 min
MAL Score: 8.03
Ranked: 495
Genres: Action, Adventure, Comedy, Drama, Historical, Romance, Military

 

স্টুডিও জিবলী এবং হায়াও মিয়াজাকি। এই দুইয়ের কম্বিনেশন যখন হয়, সাধারণত সেইসব সৃষ্টিগুলো থেকে আমরা একটু চিন্তাভাবনা করলেই কোন না কোন অন্তর্নিহিত বার্তা খুঁজে পাই। সেটা কখনো হয় প্রকৃতিকে বাঁচানোর আকুতি, আবার কখনো নারীর ক্ষমতায়নকে দর্শকের সামনে মনোমুগ্ধকর উপায়ে তুলে ধরা হয়। আবার, কিছু কিছু গল্প আছে, যেগুলোর কোন আগামাথা খুঁজে পাওয়া যায়না, কোনদিক থেকে কি হচ্ছে ঠিক ধরে ওঠা যায় না, কিন্তু প্রতিটা মূহুর্ত উপভোগ্য উপাদান দিয়ে ঠাসা থাকে, এবং কাহিনীর এক্সিকিউশন এমন হয়, যে সাধারণ এই বিজার কাহিনীটাই অসাধারণ মনে হতে থাকে। কুরেনাই নো বুতা মুভিটি এই শেষ ক্যাটাগরিতে পড়ে।

কাহিনীর সময়কাল ১৯৩০ সাল, পৃথিবীর কোন এক প্রান্তে কোন এক জনশূণ্য দ্বীপে বাস করে পর্কো রোসো; একজন যুদ্ধফেরত হিরো, বর্তমানে বাউন্টি হান্টার এবং তুখোড় বৈমানিক। যার ওপর পড়েছে এক অদ্ভুত অভিশাপ, যার কারণে সে পরিণত হয়েছে শূকররূপী মানুষে।

মুভিটির কাহিনী এগিয়ে চলতে থাকে পর্কো রোসোর জীবনের একটি নির্দিষ্ট সময়কালের কিছু “বিজার” ঘটনা নিয়ে। যেখানে সে কখনো একদল স্কুলপড়ুয়া কিশোরীর ত্রাণকর্তা, তো কখনো এয়ার পাইরেটদের সাথে লড়াইকারী এক সাহসী বৈমানিক। আবার কখনো নিজের প্রাইডকে রক্ষা করতে মরিয়া এক গর্বিত আকাশ সৈনিক, যে সবরকম নিয়ম কানুনের বাধাকে দূরে ঠেলে দিয়ে নির্ভীকভাবে পাড়ি দেয় মাইলের পর মাইল, তার ছোট্ট ভিনটেজ বিমানটাকে সঙ্গী করে। এর মাঝে সে মুখোমুখি হয় তার আমেরিকান প্রতিদ্বন্দ্বীর, তার সাথে জমে ওঠে লড়াই, আবার মাঝে হালকা আভাস পাওয়া যায় তার লাভ লাইফের, আভাস দেখিয়েই যা মিলিয়ে যায়।

মুভিটির সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় অংশ আমার কাছে যেটা মনে হয়েছে, এতে এরোপ্লেন নিয়ে যে কারসাজিগুলো দেখানো হয়েছে। প্রতিটি এরোপ্লেনের ডিজাইন অনেক বেশি ডিটেইলড এবং বাস্তবধর্মী, এগুলোর টেক অফ থেকে শুরু করে আকাশে পারফেক্টভাবে ওড়া, ল্যান্ডিং, এমনকি মেরামতের সময়ের কাজগুলো এত পরিপাটিভাবে এবং যত্ন নিয়ে দেখানো হয়েছে, মনে হওয়াটা স্বাভাবিক যে এর অ্যানিমেটর উড়োজাহাজের সাথে খুব ভালভাবে সম্পর্কিত। স্টুডিও জিবলীর ছিমছাম আর্টওয়ার্ক দেখার সময় একটা প্রশান্তির ছোঁয়া আনে, আর সাথে মানানসই ওএসটি অনুভূতিটাকে আরও গাঢ় করে।

তাই, সময় থাকলে দেখে ফেলতে পারেন এই মুভিটি।

Movie Download Link-

http://kissanime.com/Anime/Porco-Rosso-Sub

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 41

yamada

Name: Tonari no Yamada-kun / My Neighbors the Yamadas
Duration: 1 hr. 44 min.
MAL Score: 7.43
Ranked: 1780
Genres: Comedy, Slice of Life

 

আচ্ছা, আমরা সবাই তো কোন না কোন পরিবারে বাস করি, তাই না? সকলের পরিবারেরই নিশ্চয় কোন না কোন বিশেষত্ব রয়েছে! কিন্তু তারপরেও, সব পরিবারের দৈনন্দিন জীবনের মাঝে রয়েছে এক অদ্ভুত মিল! আর সেই কমন বৈশিষ্ট্যগুলোকেই মজাদার এবং উপভোগ্য করে তুলে ধরা হয়েছে স্টুডিও জিবলী প্রযোজিত এবং ডিরেক্টর ইসাও তাকাহাতা পরিচালিত ১৯৯৯ সালের এই মুভিটিতে।

মুভিটির কোন নির্দিষ্ট ধরাবাঁধা কাহিনী নেই। মূলত ইয়ামাদা পরিবারের পাঁচ সদস্যের দৈনন্দিন জীবনের ছোট ছোট এবং খুব সাধারণ সব ঘটনাকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে চলে। চাকুরীজীবি বাবা, গৃহবধূ মা, অলস ছেলে, চঞ্চল মেয়ে এবং ধারালো কথাবলা দাদী – ইয়ামাদা পরিবার এই পাঁচ সদস্য নিয়ে গঠিত। তাদের জীবনের সামান্য হাসিঠাট্টা, ভুলভ্রান্তি, এবং অন্যান্য কাজকর্ম দেখে একদিকে যেমন মজা লাগবে, অন্যদিকে তেমনি নিজের পরিবারের সাথে কোথায় যেন একটা মিল খুঁজে পাওয়া যাবে। আমাদের দৈনন্দিন জীবনের যে ঘটনাগুলো প্রায়শই আমাদের চোখ এড়িয়ে যায়, হঠাৎ করে সেগুলোর গুরুত্ব নজরে আসবে। এটি এমনই একটি মুভি, যা পুরো পরিবারের একসাথে বসে দেখা উচিৎ।

ডিরেক্টর ইসাও তাকাহাতা বরাবরই তার ব্যাতিক্রমধর্মী আর্ট স্টাইলের জন্য পরিচিত, ইয়ামাদার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। মুভিটি দেখলে মনে হবে, কোন কমিক স্ট্রিপ এর চরিত্রগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। মুভিটির সহজ সরল কাহিনীর সাথে এই আর্ট স্টাইলটা খুবই মানানসই। মিউজিক হিসেবে খুব সাধারণ ক্যাচি মিউজিকের পাশাপাশি বিখ্যাত কম্পোজারদের সৃষ্টিও ব্যাবহৃত হয়েছে। মুভিটিতে শেষের দিকে মি: ইয়ামাদা যে বক্তৃতাটি দেন, তা যেন আমাদের সবার জীবনকেই বর্ণনা করে।

তাই হাতে তেমন কোন কাজ না থাকলে দেখে ফেলতে পারেন এই চমৎকার মুভিটি।

Movie Download Link-

http://kissanime.com/Anime/My-Neighbors-the-Yamadas

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 39

1245139452_1366x768_cute-pom-poko-wallpaper-for-computer

Name: Pom Poko / Heisei Tanuki Gassen Ponpoko
Duration: 1 hr. 51 min.
MAL Score: 7.45
Ranked: 1705
Genre: Kids

 

নাট্যকার মুনীর চৌধুরী তার রক্তাক্ত প্রান্তর নাটকে একটা কথা বলেছিলেন, “মানুষ মরে গেলে পঁচে যায়, বেঁচে থাকলে বদলায়।” কিন্তু এই বদলের প্রভাবে আমাদের আশেপাশের পরিবেশের কি অবস্থা হয়, তা কি আমরা কখনো ভেবে দেখি??

বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে মানব সমাজ সব সময়ই নিজেদের ও আশেপাশের পরিবেশকে পরিবর্তন করেছে। জাপান এর টোকিও শহরও এর ব্যাতিক্রম নয়। নগরায়ন প্রকল্পের অংশ হিসেবে পাহাড় কেটে রাস্তা বানানো হচ্ছে,,বনভূমি কেটে তৈরি হচ্ছে আবাদি জমি।

কিন্তু এতে অসুবিধায় পড়ছে বনে বসবাসরত জন্তু জানোয়ার। তাদের বাসস্থল ধ্বংস হচ্ছে, তাদের খাবার কমে যাচ্ছে। এরকম সংকটময় অবস্থা দেখে বনের একদল তানুকি ঠিক করল, তারা এই নগরায়ন প্রকল্প যে করেই হোক, বাধাগ্রস্ত করবে। তানুকিদের কাছে আছে এক বিশেষ ক্ষমতা, তারা নিজেদের শরীরকে যেকোন কিছুতে পরিণত করতে পারে। তারা এই ক্ষমতা ব্যাবহার করে শুরু করল মানুষের কাজে বাধা সৃষ্টি করা।

মুভিটিতে পরিবেশের ক্ষতি করার কুফল সম্পর্কিত একটি পরিস্কার বার্তা রয়েছে, তবে আমার মনে হয়েছে, আরেকটি খুব জরুরী বার্তা মুভিটিতে দেয়া হয়েছ, তা হল পৃথিবীতে কালের বিবর্তন এর সাথে পরিবর্তন আসবেই। সেই পরিবর্তনের সাথে যে যত তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নিতে পারবে, ততই তার মঙ্গল হবে। বৃদ্ধ তানুকিরা এখানে বৃদ্ধ মানুষদের একটি রূপ, যারা পুরনো সংস্কৃতিকে আকড়ে ধরে রাখতে চায়, কিন্তু কালের কবলে তারাও একসময় পরিবর্তন মেনে নিতে বাধ্য হয়।

ডিরেক্টর হিসেবে তাকাহাতা ইসাও এর নাম সকল মুভিপ্রেমীদের কাছে অত্যন্ত সুপরিচিত, তার চমৎকার পরিচালনায় মুভিটি হয়ে উঠেছে অসাধারণ। তানুকিদের হাসিখুশি দুস্টুমি, নাচগানের মধ্য দিয়ে উপভোগ্যভাবে একটি খুব গভীর বার্তা প্রকাশ করা হয়েছে, যা মুভি শেষে সকলকেই ভাবিয়ে তুলবে। মুভিটির নামের সাথে কিয়োটো অ্যানিমেশন এবং স্টুডিও জিবলীর মত ভারী দুটি নাম রয়েছে, কাজেই আর্ট এবং গ্রাফিক্স বা সাউন্ডট্রাক নিয়ে সন্দেহ থাকার কোন অবকাশ নেই।

তাই হাতে তেমন কোন কাজ না থাকলে দেখে ফেলতে পারেন এই চমৎকার মুভিটি।

Movie Download Link-

http://kissanime.com/Anime/Pom-Poko

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 38

 

1506506_10203247773253266_4613564189862961983_n

Name: Night of Taneyamagahara / Taneyamagahara no Yoru
Duration: 27 minutes
MAl Score: 5.93
Ranked: 6769
Genres: Psychological

স্টুডিও জিবলীর যেকোন মুভি দেখতে গেলে সাধারণত অন্য মুভিগুলোর সাথে কিছুটা মিল খুঁজে পাওয়া যায়, বোধহয় একমাত্র ব্যতিক্রম ছোট্ট এই মুভিটি। এবং শুধু স্টুডিও জিবলীই নয়, অন্য যেকোন অ্যানিমে মুভির চেয়ে এটি একেবারেই আলাদা।

মুভিটিতে কাহিনী বর্ণনা করা হয়েছে স্থির চিত্রের মাধ্যমে। একটি ফসলী জমির পাশে রাতের বেলা গাছের নিচে সারাদিনের পরিশ্রম শেষে বিশ্রাম নিচ্ছে চারজন কৃষক। আকাশে তারা ঝকমক করছে, এর মাঝে আগুন পোহাতে পোহাতে তাদের মাঝে কথোপকথন চলছে বিভিন্ন বিষয়ে। কখনো ঝড়ের আগমনের শঙ্কা, তো কখনো ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা। এভাবে আলোচনা চলতে থাকে কৃষকদের মাঝে। একজন হয়ত ঘুমিয়ে পড়ে। আলোচনা বাস্তবতা থেকে চলে যায় কল্পনার জগতে।

মুভিটির স্বকীয়তা হল, পরপর অনেকগুলো স্থিরচিত্রের মাধ্যমে দৃশ্যটিকে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যে কাহিনীর মাঝে দর্শককে কখন যে টেনে নিয়ে যায়, টেরই পাওয়া যায়না। মাত্র একজন ভয়েস অ্যাক্টর পুরো মুভিতে কথোপকথন এবং বর্ণনার কাজটা নিখুঁতভাবে সম্পন্ন করেছেন। চিত্রগুলো খুবই সুন্দর, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। সেইসাথে চমৎকার ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ গাঢ় একটা আবহ তৈরি করে।

মুভিটি মিয়াজাওয়া কেনজির গল্প অবলম্বনে তৈরি, রেটিং বেশ নিচের দিকে হলেও আমি বলব, অল্প সময়ের এ মুভিটি সকলেরই দেখা উচিৎ; বিশেষ করে মুভি শেষে যে গানটি প্লে হয়, এককথায় অসাধারন!!

তাই, যদি সময় থাকে তো এখনি দেখে ফেলুন ভিন্নধর্মী এই মুভিটি, আর জীবন সম্পর্কে নতুন করে আরেকবার ভাবুন!

Movie Download Link-

http://kissanime.com/Anime/Night-of-Taneyamagahara

 

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

 

 

Movie Time With Yami – 37

tAG_25187

Name: Neko no Ongaeshi / The Cat Returns
Duration: 1 hr. 15 min.
MAL Score: 8.01
Ranked: 507
Genres: Adventure, Fantasy, Drama
 
গতকাল মাই অ্যানিমে লিষ্ট হঠাৎ করে মাই কিটি লিষ্ট হয়ে যাওয়ার পর মনে পড়ল, বিড়ালপ্রেমীদের জন্যও ষ্টুডিও জিবলী একটা চমৎকার মুভি বানিয়েছে। আজ বলছি সেই মুভিটির কথা।
 
হারু একজন হাইস্কুল পড়ুয়া কিশোরী। আর দশটা সাধারণ মেয়ের মতই তার জীবন। ভবিষ্যত বা জীবনের লক্ষ্যের মত জটিল বিষয় নিয়ে হারু মোটেই বিচলিত নয়। প্রতিটি দিন সাধারণভাবেই পার করে সে।
 
একদিন সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় হারু হঠাৎ দেখতে পায়, একটি অদ্ভুত বিড়াল রাস্তা পার হচ্ছে। একটি অবশ্যম্ভাবী দুর্ঘটনার সম্ভাবনা আঁচ করতে পেরে হারু দৌড়ে গিয়ে বিড়ালটিকে বাঁচায়। কিন্তু এরপর? এরপর ঘটে এক আজব ঘটনা। হারু নিজেকে আবিষ্কার করে বিড়াল সাম্রাজ্যে বন্দী হিসেবে! কিভাবে পৌছল সে এই বিড়াল সাম্রাজ্যে? আর কিভাবেই বা সে এখান থেকে উদ্ধার পেয়ে বাড়িতে ফিরবে?!
 
এ মুভিটিকে বলা যেতে পারে ষ্টুডিও জিবলীর আরেকটি বিখ্যাত মুভি “হুইসপার অফ দ্য হার্ট” এর একটি লুজ স্পিনঅফ, কারণ এতে উল্লেখিত মুভিটির দুটি চরিত্র উপস্থিত রয়েছে (দুটিই বিড়াল চরিত্র)। এছাড়া এদের মাঝে আর কোন সম্পর্ক নেই। এই মুভিটি লেখক হিরাগি আওই এর লেখা “দ্য ক্যাট ব্যারন” গল্পটি অবলম্বনে তৈরি।
 
মুভিটির গল্পটি বেশ মজার, এর অন্যতম বৈশিষ্ট্য হল এতে হারু বাদে বাকি সব চরিত্রই বিড়াল! মুভিটিকে বলা যেতে পারে বিড়ালপ্রেমীদের স্বর্গ! বিভিন্ন ধরণের বিড়াল দেখে হাসি আসতে বাধ্য! কিন্তু মুভিটির গল্প বেশ গোছানো, ধারাবাহিক গতিতে এগিয়ে যায় এবং এন্ডিংটাও চমৎকার!
 
তাই হাতে তেমন কোন কাজ না থাকলে দেখে ফেলতে পারেন এই চমৎকার মুভিটি।
 
Movie Download Link-
 
 
Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 32

The-Secret-World-of-Arrietty-image-6-e1337491809962

Name: The Secret World of Arrietty / Karigurashi no Arrietty
Duration: 1 hr. 34 min.
MAL Score: 8.16
Ranked: 337
Genre: Fantasy

আমাদের পরিচিত পৃথিবীটাকে অনেক সময়ই হয়ত আমাদের কাছে একঘেয়ে লাগে। কিন্তু যদি এই পৃথিবীটাকেই একটু অন্যভাবে দেখা যায়; ধরুন, আকৃতিতে খুব ছোট্ট কোন মানুষের চোখে, তাহলে কেমন হয়? তখন নিশ্চয়ই অনেক সুক্ষ্ম ব্যাপার চোখে পড়বে, যা সবসময় আমাদের চোখ এড়িয়ে যায়। অভিজ্ঞতাটা মন্দ হবে না, তাইনা!

দুরারোগ্য হৃদরোগে আক্রান্ত “শো”কে ডাক্তার পরামর্শ দিয়েছেন সম্পূর্ণ বিশ্রাম করতে, সামান্যতম ক্লান্তি আসে এমন কোন কাজই তার করা চলবে না। শো র ব্যস্ত শহুরে পরিবার তাই তার উপযুক্ত বিশ্রামের ব্যবস্থা করতে তাকে পাঠিয়ে দেয় শহরের বাইরে নিরিবিলিতে অবস্থিত তার দাদীর বাড়িতে।

শো র দাদীর বাড়িটা বাগান দিয়ে ঘেরা, ছিমছাম, সুন্দর। একপাশে একটি সরু নালাও বয়ে যাচ্ছে। প্রথম দর্শনেই শো টের পায় বাড়িটিতে অচেনা কিছুর উপস্থিতি। বাগানের ছোট ছোট গাছগুলোর আড়ালে আকৃতিতে ছোট্ট একটি মেয়ের ছায়া চোখে পড়ে তার। কৌতুহলী হয়ে সে খোঁজ শুরু করে এ ব্যাপারে। এবং আবিষ্কার করে এক চমকপ্রদ ঘটনা।

মুভিটির কাহিনী আবর্তিত হয় প্রধাণত ছোট্ট আকৃতির মানুষের চোখে দেখা পৃথিবীকে ঘিরে, তাই অ্যানিমেশনে ছোট ছোট ডিটেইলের দিকে অনেক নজর দেয়া হয়েছে, চমৎকার গ্রাফিক্স এবং প্রতিটি দৃশ্যের মেকিং এ যত্নের ছাপ মুভিটিকে জিবলীর অন্যান্য মুভি থেকে আলাদা করেছে। কাহিনীটি গতানুগতিক যেকোন মুভির থেকে একেবারেই অন্যরকম, ধীরস্থির কিন্তু ধারাবাহিক, কোথাও ছন্দপতন নেই, দর্শককে সহজেই ভেতরে টেনে নিয়ে যায়। আর ওএসটি খুবই চমৎকার, এন্ডিং ট্র্যাকটা মনে রাখার মত।

তাই, খুব ব্যস্ততা না থাকলে দেড়ঘন্টা সময় বের করে এখনই দেখে ফেলুন এই মুভিটি, আর ঘুরে আসুন আরিয়েটির লুকোনো পৃথিবীতে!

Movie Download Link-
http://kissanime.com/Anime/The-Secret-World-of-Arrietty

Ending Song Link-
http://youtu.be/scUyXaWMyAk

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 28

1407136376_f5-600x335

Name- Only Yesterday / Omohide Poroporo
Duration- 2 hours
MAL Score: 7.65
Ranked: 1093
Genres: Drama, Romance, Slice of Life

স্টুডিও জিবলীর নাম শুনলেই সাধারণত আমাদের চোখে যে ছবিটা ভেসে ওঠে, এ মুভিটি তার থেকে একেবারেই আলাদা। শহুরে ব্যস্ত জীবন, গ্রামীণ সবুজ পরিবেশ এবং একজন মানুষের জীবনের বিভিন্ন পর্যায়ে ঘটে যাওয়া কিছু সুখদুঃখের স্মৃতি নিয়ে তৈরি হওয়া একটি চমৎকার এবং বাস্তবধর্মী মুভি এটি।

তায়েকো ওকাজিমা একজন শহুরে মহিলা। একটি অফিসে চাকরি করেন তিনি। অফিসের কর্মব্যস্ত জীবন থেকে কিছুদিনের জন্য বিরতি নেয়ার জন্য তিনি ছুটি নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রাপথের সময়টুকুতে তিনি তার শৈশবের স্মৃতি রোমান্থন করতে থাকেন। স্কুলে পড়ার সময়কার বিভিন্ন ঘটনা, বন্ধুবান্ধব, বাড়িতে পরিবারের সুখদুঃখ, পাওয়া না পাওয়ার অভিমান, আবার একসাথে বসে ডিনার খাওয়ার আনন্দ- এসব মনে করে আনমনা হয়ে পড়েন।

গ্রামে পৌছে তিনি তার আত্নীয়দের বাড়িতে আতিথ্য গ্রহন করেন। এবং তাদেরকে খামারের এবং মাঠের কাজে সাহায্য করেন। তার ছোটবেলার পুরনো বন্ধুর সাথেও দেখা হয়। এসব অভিজ্ঞতা তাকে নতুন করে জীবনের অর্থ বুঝতে সাহায্য করে।

মুভিটির আর্টওয়ার্ক জিবলীর অন্যান্য মুভির মতই পরিচ্ছন্ন, গ্রামের পরিবেশটা খুব সুন্দরভাবে দেখান হয়েছে। আর এর ওএসটি খুবই মনকাড়া, বারবার শুনতে ইচ্ছে করে। আর মুভিটি দর্শককে জীবনের ব্যাপারে একটি অন্যরকম ধারণা প্রদান করবে।

তাই, হাতে তেমন কোন কাজ না থাকলে এই উইকএন্ডেই দেখে ফেলুন এই চমৎকার মুভিটি!

Movie Download Link-

http://kissanime.com/Anime/Only-Yesterday

 

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 23

m23

Name- The Tale of The Princess Kaguya / Kaguya Hime no Monogatari
Duration- 2 hr. 17 min.
MAL Score- 8.41
Ranked- 144
Genres- Historical, Fantasy
 
অনেক অনেক দিন আগের কথা। প্রাচীন জাপানের প্রত্যন্ত অঞ্চলে জঙ্গলের ধারের এক কুঁড়েতে বাস করত এক ব্যাম্বু কাটার এবং তার স্ত্রী। সে জীবিকা নির্বাহ করত জঙ্গল থেকে বাঁশ কেটে সংগ্রহ করে।
 
একদিন সকালবেলা জঙ্গলে বাঁশ কাটার সময় হঠাৎ সে দেখতে পায়, একটি কচি বাঁশের ভেতর থেকে আলো ছড়াচ্ছে। কৌতুহলী হয়ে সে এগিয়ে যায় সামনে। তখন দেখতে পায়, কচি বাঁশটির মধ্যে থেকে একটি ছোট্ট রাজকন্যার মত মেয়ে তারদিকে তাকিয়ে হাসছে!
 
ব্যাম্বু কাটারের মনে হল, তার কাছে স্বর্গের বাসিন্দাদের আশীর্বাদ রূপে এই রাজকন্যা এসে পৌছেছে। সে তাকে নিয়ে গেল নিজের স্ত্রীর কাছে। নিঃসন্তান স্বামী-স্ত্রী দুজনেরই আনন্দের সীমা রইল না মেয়েটিকে পেয়ে।
 
কিছুদিনের মধ্যেই সবাই দেখতে পেল, বাঁশের কুঁড়ি থেকে জন্ম নেয়া এ মেয়েটি বাঁশের মতই অতি দ্রুত বেড়ে উঠছে। আশেপাশের বাচ্চারা এজন্য তার নাম দেয় তাকেনোকো, যার অর্থ কচি বাঁশ।
 
তাকেনোকোকে নিয়ে তার বাবার চিন্তার শেষ নেই। তার ধারণা, তাকেনোকো এই গ্রামে পড়ে থাকলে স্বর্গের দেবতারা তার ওপর অখুশি হবে। তাই একরাতে সে একটি কঠোর সিদ্ধান্ত নেয়।
 
এই মুভিটি দেখা শুরু করার ৫ মিনিটের মাঝেই যে জিনিসটা প্রথম নজর কাড়ে, এটার চমৎকার, দৃষ্টিনন্দন আর্টওয়ার্ক। বর্তমান যুগের চোখ ধাঁধানো গ্রাফিক্স এবং যন্ত্রে আঁকা ক্যারেক্টার ডিজাইনের ভীড়ে আমরা জলরঙের সৌন্দর্য প্রায় ভুলতে বসেছি- এই মুভিটি তা আমাদের মনে করিয়ে দেয়। পুরো মুভিটা দেখে মনে হয়েছে, যেন কোন শিল্পী তার প্রিয় ক্যানভাসে একের পর এক দৃশ্য ফুটিয়ে তুলছেন যত্ন নিয়ে। এই ব্যতিক্রমী স্নিগ্ধ আর্টওয়ার্ক শেষ মূহুর্ত পর্যন্ত তার মোহ ধরে রাখে। সেইসাথে প্রাচীন জাপানের দৃশ্যপট, জীবনধারা, তাদের লোকগাঁথা- সবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মনে হয়েছে, ২ ঘন্টা ১৭ মিনিট সময়ের মাঝে যেন প্রাচীন জাপান থেকে ঘুরে এলাম।
 
তাই, হাতে তেমন কোন কাজ না থাকলে এই ছুটিতেই দেখে ফেলুন এই অত্যন্ত চমৎকার মুভিটি।
 
Movie Download Link-
 
 
Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!

Movie Time With Yami – 20

m20

Name- The Wind Rises / Kaze Tachinu
Duration- 2 hours 6 min.
MAL Score- 8.33
Ranked- 192
Genres- Drama, Historical, Romance

আমরা যারা অ্যানিমে দেখি, আমাদের সবারই জাপান নামটা শুনলে সর্বপ্রথম যে কথাটা মাথায় আসে, তা হল, অ্যানিমের জন্মভূমি। কিন্তু জাপান পুরো পৃথিবীতে অন্যভাবে পরিচিত। তারা পরিচিত তাদের ওপর বিভিন্ন সময় আঘাত হানা ভয়াবহ বিপদ এবং সেই বিপদের মোকাবিলা করে তাদের প্রতিবারই মাথা তুলে দাড়ানোর শক্তির জন্য। এই বিপদগুলোর বাস্তবতা দেখিয়ে অনেক অ্যানিমে তৈরি হয়েছে, এই মুভিটিও তেমন একটি মুভি।

জিরোও ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে, সে একদিন অ্যারোপ্লেন চালাবে। প্লেন চালিয়ে পুরো আকাশটাকে জয় করবে সে। কিন্তু স্বপ্ন এবং বাস্তবতার মাঝে পার্থক্যটা মাঝে মাঝে অনেক বড় হয়। জিরোওর চোখের সমস্যার কারণে তার পক্ষে কোনদিন পাইলট হওয়া সম্ভব নয়।

কিন্তু তাই বলে অ্যারোপ্লেন নিয়ে জিরোওর স্বপ্ন থেমে থাকে না। জিরোও ঠিক করে, সে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হবে। সে নিজে প্লেন চালাতে না পারুক, তার বানানো প্লেনে চড়ে যেন আরও অনেকে তাদের স্বপ্ন পূরণ করতে পারে। ছোট্ট জিরোও থেকে তার এক পরিণত মানুষ হয়ে ওঠার গল্প নিয়েই এই মুভিটি।

এই মুভিটিতে জাপানের কিছু ঐতিহাসিক সময় খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। ১৯২৩ সালের ভূমিকম্প, যক্ষ্মার মহামারী এবং যুদ্ধ- এই সময়গুলোর ক্ষয়ক্ষতি এবং এরপরে তাদের ঘুরে দাড়ানো, সবকিছু অল্প সময়ে ভালভাবে তুলে ধরা হয়েছে। সেইসাথে জিরোওর নিজের জীবনের আনন্দ, বেদনা, বন্ধুত্ব, ভালবাসা এবং হারানোর ব্যাথা- সবমিলিয়ে অসাধারণ একটি মুভি এটি।

এই অসাধারণ মুভিটি এবারের এনিমখোর টপচার্টের মুভি তালিকায় শীর্ষস্থানের অন্যতম দাবিদার। যারা দেখেছেন তারা তো জানেনই এটি কত চমৎকার একটা মুভি, আর যারা দেখেননি, এই উইকএন্ডেই দেখে ফেলুন এই মুভিটি এবং অবশ্যই একে শীর্ষস্থান অর্জন করতে সাহায্য করুন!

Movie Download Link-
http://kissanime.com/Anime/The-Wind-Rises-Sub

Movie time with Yami প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সেগমেন্ট সম্পর্কে আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি মুভির সাথে আপনার উইকএন্ড ভালো কাটবে !!