Sakib’s Hidden Gems – Episode #46

আনিমে: Aoi Bungaku Series

জানরা: সেইনেন, ড্রামা, হিস্টোরিকাল, সাইকোলজিকাল
এপিসোড সংখ্যা: ১২
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/7193/Aoi_Bungaku_Series
 
“They are evergreen (Aoi), because they are masterpieces.”
 
বিখ্যাত ডিরেক্টর তেতসুরো আরাকির নেতৃত্বে তখনকার জমকালো ম্যাডহাউজ স্টুডিওর আনিমে এটি। কয়েকটি জাপানী ক্লাসিকাল উপন্যাসকে আধার করে আনিমেটি বানানো হয়েছে। একেকটি গল্প একেক স্বাদের, আর গল্পের সাথে সমন্বয় করে একেক রকম আর্টস্টাইল আর মিউজিক ব্যবহৃত হয়েছে। ভিজুয়াল, মিউজিক, ভয়েস, ক্যারাকটার ডিজাইন (ডিজাইনার টিমে ব্লিচের মাঙ্গাকাও ছিলেন) – আনিমেটির সর্বত্র আপনি পাবেন যত্নের ছোঁয়া।
 
আনিমেটিতে নিম্নোক্ত ছয়টি বই এডাপ্ট করা হয়েছেঃ
১। দাজাই ওসামু রচিত No Longer Human
২। সাকাগুচি আঙ্গো রচিত In the Forest, under the Cherry Blossoms in Full Bloom
৩। নাতসুমে সৌসেকি রচিত Kokoro
৪। দাজাই ওসামু রচিত Run, Melos!
৫। আকুতাগাওয়া রিউনোস্কে রচিত The Spider’s Thread
৬। আকুতাগাওয়া রিউনোস্কে রচিত Hell Screen
 
প্রতিটি গল্পই আপনাকে ভাবাবে। ম্যাচিওর গল্পের ভক্তরা অবশ্যই এটি দেখবেন। আর দেখার পরে পূর্ণ রসাস্বাদনের জন্য আসল বইগুলি পড়ে দেখতে পারেন। প্রথম পর্বে ন্যারেটরের উক্তিটি দিয়ে শেষ করছি।
 
“In this country, there are literary works said to be masterpieces. But aren’t there many people who feel like they don’t relate to these works? To the younger generation, these are just old stories. To the older generation, these are stories they were forced to read long ago. If you were to pick up one of them once again, you’d be in for a surprise. Seeing the main characters worry, grieve and act reminds us of ourselves. Furthermore, they remind us that our days are filled with pain and life. Something we tend to forget about.”
 
তথ্যসুত্রঃ https://thevaultpublication.com/2014/12/13/masterpieces-hence-evergreen-aoi-bungaku-review/
 

Sakib’s Hidden Gems – Episode #45

আনিমে: Uchouten Kazoku (The Eccentric Family)

জানরা: স্লাইস অফ লাইফ, ড্রামা, ফ্যান্টাসি
এপিসোড সংখ্যা: ১৩ + ১২
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/57789/Uchouten_Kazoku
 
আনিমেটির ঘটনাস্থল জাপানের ঐতিহ্যবাহী কিয়োতো শহর। সেখানে মানুষের সাথে সহাবস্থান করছে জাপানী উপকথা থেকে উঠে আসা দুই জীব – তানুকি আর তেঙ্গু। এখানকার তানুকিরা নিজের আকৃতি বদল করতে পারে। তাই তারা সাধারণ তানুকির মত না থেকে মানুষের মধ্যে মিশে থেকে নিজেদের জীবনটাকে আরও রোমাঞ্চে ভরপুর করতে চায়। ঐ শহরের তানুকিদের সাবেক নেতা শিমোগামো সৌইচিরৌর চার ছেলে ও বৌকে নিয়েই গল্পটি আবর্তিত হয়। গল্পের মূল চরিত্র হল তিন নম্বর ছেলে ইয়াসাবুরো। মানুষের মাঝে ওর আর ওর পরিবারের ঘটনাবহুল জীবনযাত্রা নিয়েই কাহিনী।
 
এটি মূলত সংলাপনির্ভর ফ্যামিলি ড্রামা। “তাতামি গ্যালাক্সি”-র রচয়িতা তোমিহিকো মরিমি জাপানের চিরাচরিত উপকথাকে আশ্রয় করে গল্পটি লিখেছেন। কিয়োতো শহরের গলিঘুপচি আর সংস্কৃতি এই গল্পে প্রাণ পেয়েছে। আনিমেটির আর্টস্টাইল বেশ অভিনব আর সুন্দর। প্রথম সিজনের শুরুর গানটির কথাগুলি বেশ মনোমুগ্ধকর। দ্বিতীয় সিজনের শেষের গানটিরও জবাব নেই।
 
তানুকিদের ভারমুক্ত ও রোমাঞ্চে ভরপুর জীবনযাত্রা দেখে নিজের মন হালকা করতে চাইলে দেখেই ফেলুন না!
 

Sakib’s Hidden Gems – Episode #44

আনিমে: Karakurizoushi Ayatsuri Sakon

জানরা: মিস্টেরি, হরর, থ্রিলার, শৌনেন
এপিসোড সংখ্যা: ২৬
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/2204/Karakurizoushi_Ayatsuri_Sakon
 
সাকন নামের ছেলেটি পেশায় পুতুল-নাচিয়ে। চুপচাপ স্বভাবের সাকনের আছে উকন নামের এক পুতুল, যার সাহায্যে ভেন্ট্রিলোকুইজমের মাধ্যমে সে বেশিরভাগ সময়ে মানুষের সাথে কথা বলে। এছাড়াও ওর আরেকটা পরিচয় আছে। ও হল শখের গোয়েন্দা। এই আনিমেতে কয়েকটি ভাগে বা arc এ সাকন আর উকন, ওদেরকে ঘিরে ঘটা কিছু হত্যারহস্যের সমাধান করে।
 
আনিমেটি ট্র্যাডিশনাল মার্ডার মিস্ট্রি ধাঁচের হলেও এর এক্সিকিউশন বেশ ভালো। ভিজুয়াল আর মিউজিক দিয়ে বেশ রহস্যময় আবহ তৈরি করা হয়েছে। গল্পের যুক্তিতে ফাঁকফোকর খুব একটা ধরা পড়ে না। অন্যান্য কিছু আনিমের মত এখানে কিন্তু হত্যাকারি আজগুবি কৌশলের সহায়তা নেয় না। তাই দর্শক নিজ থেকে রহস্য সমাধানের সুযোগ পান। আর প্রতিটি আর্কের স্ট্রাকচার একইরকম হলেও একেবারে একটি আর্ক করে দেখলে একঘেয়েমি আসেনা।
 
পুরোনো আর্টস্টাইলে আপত্তি না থাকলে ডিটেকটিভ জানরার ভক্তরা এটি দেখতে পারেন।
 

Sakib’s Hidden Gems – Episode #43

আনিমে: Mononoke

জানরা: মিস্টেরি, হরর, সাইকোলজিকাল, হিস্টোরিকাল, সেইনেন
এপিসোড সংখ্যা: ১২
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/2246/Mononoke
 
আনিমেটি আগের দিনের জাপান ও যুগ যুগ ধরে চলে আসা নানা জাপানী উপকথাকে আশ্রয় করে বানানো হয়েছে। জাপানী লোকমুখে আছে যে, মানুষের মনের সুপ্ত ইচ্ছা ও Negative চিন্তাভাবনার উপর ভর করে সৃষ্টি হয় “মনোনোকে” নামক এক প্রকার আধিভৌতিক কিছুর। গল্পের নায়ক এক “ঔষধ বিক্রেতা”। তার কাছে রয়েছে এই মনোনোকেদের শেষ করবার জন্য একটি বিশেষ তরবারি। কোন মনোনোকের Form, Truth, আর Regret জানতে পারলেই সে ঐ তরবারি প্রয়োগ করতে পারে। গল্পের পাঁচটি ভাগের প্রতিটিতে সে একেকটি জায়গায় উপস্থিত হয়ে একটি মনোনোকে সম্পর্কে ঐ তথ্যগুলি বের করে তার বিনাশ করে।
 
আনিমের আর্টস্টাইল, গল্প বলবার ধরণ, সাউন্ড ইফেক্ট – সব জায়গায় একটি অনন্য সৃষ্টিশীলতার ছোঁয়া আছে, যা খুবই বিরল। সুনিপুণ ডিরেকশনের দ্বারা একটি ভৌতিক ও রোমাঞ্চকর পরিবেশের সৃষ্টি করা হয়েছে। এতো সুন্দরভাবে গল্পটি বলা হয়েছে আর দেখানো হয়েছে যে আপনার মনে হতেই পারে এই গল্পের জন্য এটাই আদর্শ। গল্পের একেকটি ভাগে মানুষের মনের ও তৎকালীন সমাজের নানা কুৎসিত দিক উঠে এসেছে। এছাড়া এপিসোড শুরুর গানটি খুব ভালো।
 
গল্পের পরিবেশনে একটু নন-লিনিয়ার আর পাজলের মত স্টাইল অনুসরণ করা হয়েছে। তাই মনোযোগ দিয়ে না দেখলে বুঝার ফাঁক থেকে যেতে পারে। আমি পরামর্শ দেব একটি ভাগ (arc) একেবারে দেখতে। বুঝার সমস্যা হলে কিছু অংশ আবার দেখতে, বা নেটের সাহায্য নিতে।
 
একটি ইউনিক ও সৃষ্টিশীল আনিমের খোঁজে থাকলে এটা অবশ্যই দেখবেন। হরর আর মিস্টেরি জানরার ভক্তদেরও এটা ভালো লাগবে। ও আরেকটা কথা, এই আনিমে দেখার জন্য এটার প্রিকুএল আনিমে (আয়াকাশি) না দেখলেও চলে।
 

Sakib’s Hidden Gems – Episode #42

আনিমে: Log Horizon
জানরা: ফ্যান্টাসি, গেম, একশন, এডভেঞ্চার
এপিসোড সংখ্যা: ২৫ + ২৫ + ১২
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/17265/Log_Horizon
 
জনপ্রিয় রোল প্লেয়িং গেম “এল্ডার টেইল” এর বেশ কিছু প্লেয়ার হঠাত একদিন তাদের প্রিয় গেমের জগতের ভিতরে চলে যায়। লগ আউট করার অপশন না থাকায় তৎক্ষণাৎ ওদের নিজেদের জগতে ফেরার কোন উপায় থাকে না। তারা অনুভব করে যে, এই গেমের জগতটা এখন তাদের কাছে নিজের জগতের মতই বাস্তব। গেমে যারা ছিল নন প্লেয়িং ক্যারাকটার (NPC), তারা এখানে নিজেদের “পিপল অফ দা ল্যান্ড” বলা রক্তমাংসের মানুষ। এভাবেই শুরু হয় গল্পের নায়ক শিরোয়ে ও বাকি সবার এই নতুন জগতে নিজেদের খাপ খাওয়ানোর ও পিপল অফ দা ল্যান্ড-দের সাথে সুসম্পর্ক বজায় রাখার সংগ্রাম। একই সাথে চলতে থাকে ওদের নিজেদের জগতে ফিরবার পথের অনুসন্ধান।
 
সেটিং দেখেই অনেকের বাদ দেওয়ার ইচ্ছা চাগাড় দিয়ে উঠতেই পারে। কিন্তু আসলে এই সেটিং-এর মধ্যেও কী নিপুণভাবে গল্পের এক্সিকিউশন হয়েছে তাই দেখবার বিষয়। সাধারণ দু-দশটা গল্পের মত এইটাতে গল্পের নায়ক মোটেই মন্সটার মারা আর হারেম বানানোর দিকে মনোযোগ দেয় না। বরং একেবারেই জীবনমুখী ও লজিক্যাল সমস্যার সমাধানের চেষ্টা করে। যেমনঃ নতুন জগত সম্বন্ধে প্রথমেই তথ্য অনুসন্ধান করা, নিজেদের থাকার জন্য একটা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা, অন্যান্য প্লেয়ারদের সাথে আর পিপল অফ দা ল্যান্ড-দের সাথে বিভিন্ন চুক্তি ও আলোচনার মাধ্যমে স্বার্থসিদ্ধির চেষ্টা করা, এবং নিজেদের জগতে ফেরার উপায় খোঁজা। নায়কের প্রতিটি সিদ্ধান্ত ও কাজের মধ্যেই যুক্তি আছে, যা দেখে যে কারোরই ভালো লাগার কথা। ও আর আনিমেটির ওপেনিং গানটি অসাধারণ।
 
ফ্যান্টাসি আর গেমনির্ভর উঁচুমানের আনিমের খোঁজে থাকলে অবশ্যই দেখবেন।
 

Sakib’s Hidden Gems – Episode #41

আনিমে: Giant Killing

জানরা: স্পোর্টস, ড্রামা, সেইনেন
এপিসোড সংখ্যা: ২৬
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/7661/Giant_Killing
 
জাপানিজ সকার লীগের এককালের শক্তিশালী দল ইস্ট টোকিও ইউনাইটেড (ইটিইউ) কয়েক বছর ধরেই খুব বাজে পারফরম্যান্স করে আসছে। প্রথম সারির দল থেকে নিচে নামার দ্বারপ্রান্তে থাকা টিমের ম্যানেজম্যান্ট এক শেষ চেষ্টা হিসেবে তাতসুমি তাকেশি নামের একজনকে ইংল্যান্ড থেকে ধরে এনে ম্যানেজার হিসাবে নিয়োগ দেয়। গল্পের নায়ক এই তাতসুমি, ইটিইউ এর প্রাক্তন খেলোয়াড় ছিল। ইটিইউ সাফল্যের তুঙ্গে থাকা অবস্থায় সে কোন এক কারণে দল ত্যাগ করে ইংল্যান্ডে চলে যায়। এর পর থেকে ইটিইউ আর উঠে দাঁড়াতে পারছে না। শুরুতে তাই দলের অনেক সদস্য আর পুরানো ভক্তরা ওকে মেনে নিতে পারেনি। কিন্তু তাতসুমি ওর অভিনব কোচিং স্টাইল আর ভালো ফলাফলের জোরে ধীরে ধীরে এই অবস্থায় পরিবর্তন আনতে থাকে। তাতসুমির নেতৃত্বে পুনরুজ্জীবিত ইটিইউ একের পর এক লীগের লড়াইয়ে সামনের সারিতে থাকা দলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে থাকে।
 
ভিজুয়াল, সাউন্ড, আর্ট, তথা সবমিলিয়ে প্রোডাকশন কোয়ালিটি বেশি না হলেও আনিমেটির গল্পই এর আকর্ষণ। রিয়ালিস্টিক আনিমেটিতে প্রফেশনাল ফুটবলের জগত সম্পর্কে ভালো একটা ধারণা পাওয়া যায়। প্রতিটা ম্যাচ হয় দারুণ গেম স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে। জমজমাট উত্তেজনায় সময় পার হয়ে যায় নিমেষেই।
 
স্পোর্টস আনিমে ভক্তরা এইটা নিশ্চয়ই দেখবেন। আর সামনের গল্প জানতে মাঙ্গাও পড়ে দেখতে পারেন।
 

Sakib’s Hidden Gems – Episode #40

আনিমে: Yama no Susume (Encouragement of Climb)

জানরা: স্লাইস অফ লাইফ, এডভেঞ্চার
এপিসোড সংখ্যা: (১৩টি ৩ মিনিট) + (২৬টি ১৩ মিনিট) + (১টি ২৬ মিনিট) + (১৩টি ১৩ মিনিট)
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/14355/Yama_no_Susume
 
হাইস্কুলের প্রথম বর্ষের ছাত্রী ইয়ুকিমুরা আওই ছোট থাকতে পাহাড়ে চড়তে খুব আগ্রহী ছিল। কিন্তু ক্লাইম্বিং করতে গিয়ে এক দুর্ঘটনায় পড়ে তাকে অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল। সুস্থ হয়েও অনেকদিন মানুষজনের সাথে না মেশার দরুন ও সোশ্যালি অকওয়ার্ড হয়ে যায়। এছাড়া ওর মধ্যে দেখা দেয় উচ্চতা ভীতি। এমন সময় ওর সামনে হাজির হয় ওর ছোটবেলার সখী ও পাহাড়ে চড়ার সাথী হিনাতা। ও একরকম জোর করেই আওইকে আবার পাহাড়ে চড়া শুরু করায়। এরই সাথে শুরু হয় আওই এর পাহাড়ে ওঠার চেষ্টা, আর তারই সাথে মানুষের সঙ্গে স্বচ্ছন্দে মিশবার আরো এক পর্বত জয়ের চেষ্টা।
 
ভিজুয়াল আর ক্যারাকটার ডিজাইন খুব সুন্দর এইটার। বিশেষত প্রথম সিজনের আর্ট চোখে লেগে থাকে। গল্পের মেসেজগুলি বাস্তবের সাথে রিলেট করা যায়, পর্বতারোহণের টুকিটাকি টিপস পাওয়া যায়। চরিত্রগুলিকে ভালো লেগে যায় আর সহজেই ওদের জায়গায় নিজেকে কল্পনা করা যায়। ওদের মধ্যে সম্পর্কের ভাঙ্গা-গড়ার মুহূর্তগুলি আর ওদের ধীরে ধীরে আরো বেশি মানসিকভাবে পরিপক্ক হয়ে উঠা দেখতে বেশ তৃপ্তি আসে।
 
কামিং অফ এজ স্লাইস অফ লাইফ আর মোয়ে আনিমে ভক্তরা অবশ্যই এটা ট্রাই দিয়ে দেখবেন।
 

Sakib’s Hidden Gems – Episode #39

আনিমে: ACCA: 13-ku Kansatsu-ka (ACCA: 13-Territory Inspection Dept.)

জানরা: মিস্টেরি, ড্রামা, সেইনেন
এপিসোড সংখ্যা: ১২
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/33337/ACCA__13-ku_Kansatsu-ka
 
এই পলিটিকাল থ্রিলারটির ঘটনাস্থল দোওয়া রাজ্য। ১৩টা স্বায়ত্তশাসিত অঞ্চল নিয়ে গঠিত এই রাজ্যের শান্তি রক্ষার্থে নিয়োজিত পুলিশ বাহিনী হল ACCA। গল্পের নায়ক জিন ওউটাস হল আক্কার প্রধান কার্যালয়ের একজন পুলিশ কর্মকর্তা। একদিন আক্কা বাহিনীর কাছে উড়ো খবর আসে যে, কে বা কারা অভ্যুত্থান ঘটিয়ে দোওয়া রাজ্যের ক্ষমতা নিতে চায়। এই খবরের সত্যতা বিচারে জিনকে বলা হয় ১৩টি অঞ্চলের শাখায় গিয়ে সকল কাগজপত্র নিরীক্ষা করতে ও কোন দুর্নীতি বা অনিয়মের সন্ধান পেলে রিপোর্ট করতে। জিন তৎক্ষণাৎ কাজে লেগে পড়ে। কিন্তু এদিকে ওকে ও আক্কাকে কেন্দ্র করে চলতে থাকে আরো গভীর একটি ষড়যন্ত্র। জিন কী পারবে এই ষড়যন্ত্রের স্বরূপ ও মূল হোতাকে চিহ্নিত করতে?
 
আনিমেটির ভিজুয়াল খুবই মনোরম। ক্যারাকটার ডিজাইন খুব আরটিস্টিক। পর্ব শুরুর গানটি খুবই ক্যাচি, আর ওএসটি চয়েস উঁচুমানের। তবে সবকিছুকে ছাপিয়ে যায় গল্পের ডিরেকশন। গল্পটি প্রতি মুহূর্তে সাসপেন্স ধরে রেখে সুনিপুণভাবে এগিয়ে যায় অত্যন্ত তৃপ্তিকর একটি পরিসমাপ্তির দিকে।
 
কিছুটা ধীরলয়ের গল্পে আপত্তি না থাকলে অবশ্যই এটি দেখবেন। সময়টা ভালই কাটবে আশা করি।
 

Sakib’s Hidden Gems – Episode #38

আনিমে: Kuuchuu Buranko (Welcome to Irabu’s Office)

জানরা: সাইকোলজিকাল, সেইনেন
এপিসোড সংখ্যা: ১১
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/6774/Kuuchuu_Buranko
 
শরীরের দিক দিয়ে সুস্থ থাকলেও মনের দিক দিয়ে কয়জনই বা সম্পূর্ণ সুস্থ? আমাদের চারপাশে মানসিক অসুবিধায় ভোগা মানুষের অভাব নেই। আজকে আলোচনা করব মানুষের নানা রকম মানসিক রোগের চিকিৎসা নিয়ে একটি আনিমে নিয়ে।
 
ডাঃ ইরাবু ইচিরৌ একজন মনোরোগ বিশেষজ্ঞ। আনিমের প্রতিটি এপিসোডে ওর কাছে নানারকম বিচিত্র মানসিক সমস্যায় ভোগা লোকজন আসে। আপাতদৃষ্টিতে সমস্যাগুলো জটিল মনে হলেও বিচক্ষণ কাউন্সেলিং এর দ্বারা ইরাবু ওদের সমস্যার সমাধান দেয়। সমস্যাগুলি যেমন জটিল, তাদের সমাধান যেন ততই সহজ। এছাড়া আনিমের ফাঁকে ফাঁকে বিশেষজ্ঞ মনোবিদের কমেন্টারি থেকে অনেক কিছু শেখাও যায়।
 
শুধু টপিকের দিক দিয়েই নয়, আনিমেটির লুক এন্ড ফিল ও বেশ অভিনব। নানা রঙের ব্যবহার, লাইভ একশন সিনের ব্যবহার, ও সিম্বলিজম মিলে একটি অনন্য আরটিস্টিক অভিজ্ঞতা দেয়। প্রতি পর্ব শুরু ও শেষের গান দুইটি বেশ চমকপ্রদ।
 
মানুষের মন সম্পর্কে জানতে চাইলে এই আনিমেটি ট্রাই করবেন।
 

Sakib’s Hidden Gems – Episode #37

আনিমে: Cross Game

জানরা: ড্রামা, রোমান্স, স্পোর্টস, কমেডি
এপিসোড সংখ্যা: ৫০
MAL লিঙ্ক: https://myanimelist.net/anime/5941/Cross_Game
 
বেসবল ও রোমান্সের মিশেল এই গল্পের প্রধান দুই চরিত্রের একজন হল কিতামুরা কৌ, এক খেলার দোকানের মালিকের একমাত্র ছেলে। আরেকজন হল সুকিশিমা আওবা, এক বেসবল ব্যাটিং সেন্টারের মালিকের তিন মেয়ের মধ্যে মেজ। প্রাইমারি স্কুলে থাকতে কৌ এর সাথে আওবার বড় বোন ওয়াকাবার প্রেমের সম্পর্ক ছিল। এদিকে আওবা ওর বোনকে পছন্দ করত বলে এই দুজনের মেলামেশাতে বিরক্ত হত। ওয়াকাবাকে নিয়ে দুজন এক ধরণের প্রতিদ্বন্দ্বিতায় মেতে উঠত যেন। একদিন ঘটে গেল এক দুর্ঘটনা। ওয়াকাবা পানিতে ডুবে প্রাণ হারাল। প্রিয় মানুষের আকস্মিক মৃত্যুতে কৌ আর আওবার জীবনে কী পরিবর্তন আসবে?
 
ছোটবেলা থেকেই কৌ এর প্রতিভার অভাব নেই। যা-ই করতে চায়, তাতেই সে ভালো করে। কিন্তু অধ্যবসায়ের অভাবে হুট করে একটা ফেলে আরেক জিনিসের পিছে ছুটে যায়। আর কোন কিছুকেই যেন সিরিয়াস ভাবে নেয় না। ওয়াকাবাকে হারিয়ে এখন কী সে নিজের জীবন আর ক্যারিয়ারকে সিরিয়াসলি নেবার চেষ্টা করবে? নিছক সময় কাটানোর জন্য বেছে নেওয়া বেসবল খেলাতে সে কী মনোনিবেশ করবে?
 
এদিকে ছোটবেলা থেকেই বেসবল থ্রোতে পারদর্শী আওবা কী ওর সাথে কৌ এর মিলগুলি বুঝে উঠতে পারবে? জীবনকে আবার ঢেলে সাজাতে পারবে? সময়ই এই সবকিছুর উত্তর দেবে।
 
ভিজুয়াল আর ক্যারাক্টার ডিজাইন বেশ ভালো, গল্পের ধাঁচের সাথে বেশ ভালো মানায়। মিউজিকের ব্যবহারও দারুণ। বিশেষ করে এপিসোড শেষের গানটা খুব ভালো। পেসিং ঠিকঠাক (একই লেখকের কাছাকাছি আরেকটি আনিমে Touch এর তুলনায় বেশ ভালো)। টানটান উত্তেজনাপূর্ণ কিছু বেসবল ম্যাচ আছে। এ ছাড়াও ড্রামা আর কমেডির মিশেলটাও বেশ উপভোগ্য।
 
বেসবল নিয়ে কিছুটা হাল্কা স্বাদের আনিমের খোঁজে থাকলে এটি চেখে দেখবেন। এটি পছন্দ হলে H2, Touch – এই আনিমেগুলিও ভালো লাগবে।